
ব্রিটেনের রানি এলিজাবেথ পা দিয়েছেন নব্বইয়ের কোটায়। এখনো ইংল্যান্ডসহ সারা বিশ্বে অন্যতম স্টাইল আইকন হিসেবে জনপ্রিয় রানি এলিজাবেথ। সেটার প্রমাণ রানির সংগ্রহ দেখলেই বোঝা যায়। বাকিংহাম প্যালেসে রানির এসব ঐতিহাসিক পোশাকের প্রদর্শনী চলছে।
প্রদর্শনীতে রানির আলমারির প্রায় ৮৩টি পোশাক ও ৬২টি আইকনিক টুপি দেখানো হচ্ছে। যার মধ্যে ১৯৫৮ সালে নেদারল্যান্ডস সফরে রানির পরা স্যার নরম্যান হার্টনেলের ডিজাইন করা সাটিন কাপড়ের হাতাকাটা গাউন, ১৯৫৬ সালে অফিশিয়াল পোর্ট্রেট সিরিজের জন্য সুইট হার্ট নেক লাইনের পোশাকটি বিশেষভাবে আলোচিত হচ্ছে ফ্যাশন দুনিয়ায়। বোদ্ধারা বলছেন রানির পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন উজ্জ্বল রত্ন ও রঙের ব্যবহার।

দীপিকা-ফাওয়াদ চোখধাঁধানো জুটি
সম্প্রতি শেষ হওয়া ভারতীয় ফ্যাশন সপ্তাহের র্যাম্পে দীপিকা পাড়ুকোন ও ফাওয়াদ খান তাঁদের চোখধাঁধানো সাজ ও পরিবেশনা দিয়ে ঘায়েল করেছেন দর্শকদের হৃদয়। র্যাম্পে তাঁদের রসায়নে পোশাকগুলোও বিশেষভাবে আলোচনায় চলে এসেছে। জল্পনা চলছে এই জুটিকে বড় পর্দায় দেখার।

লিসা ফ্রাঙ্কের ফিরে আসা
লিসা ফ্রাঙ্ক, আশি ও নব্বইয়ের দশকে ব্যাকপ্যাক, পেনসিল বক্স, পেনসিল কেস ডিজাইনের জন্য বিখ্যাত। আবারও আলোচনায় এলেন নতুন ধারার পোশাক এনে। রেইজ অনের সঙ্গে মিলে এই পোশাক বাজারে এনেছে লিসা। এর মধ্যে আছে লেগিংস, টি-শার্ট ও বডি ফিটিং ড্রেস। আর তাতেই সাড়া পড়ে গেছে ফ্যাশন-সচেতনদের মধ্যে।

বিয়ের সাজে কঙ্গনা
বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে খ্যাত কঙ্গনা রনৌতকে পুরো একটা ভিন্ন লুকে নিয়ে এসেছেন ভারতীয় ডিজাইনার মনিশ মালহোত্রা। মনিশ মালহোত্রা তাঁর এবারের ব্রাইডাল সংগ্রহের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। ট্যাগ জুড়েছেন ‘মডার্ন-ডে মহারানি’ লিখে। সোনালি, কালো ও অ্যান্টিক রঙের পটভূমির সঙ্গে কালো ও গাঢ় লাল রঙের ভিন্টেজ সাজে কঙ্গনাকে সত্যিকারের মহারানির মতোই লাগছিল।

ছেলেদের ফ্যাশনে ৫টি ট্রেন্ড
জুনে শুরু হয়ে ‘দ্য মান্থ অব মেন্স ফ্যাশন শো’ শেষ হলো কদিন আগে। ইউরোপের কিছু দেশে হওয়া এই ফ্যাশন শোগুলোতে ৫টি ভিন্ন ধারা উঠে এসেছে ছেলেদের ফ্যাশনে। ধারণা করা হচ্ছে, এ বছর থেকেই জনপ্রিয় হবে এই স্টাইলগুলো। নতুন ধারাগুলো হলো সামার ব্লন্ডস, কোবাল্ট ব্লু, হ্যাট, ড্রিডস, ওয়াইল্ড ও ওয়াইড–লেগ ট্রাউজার।
গ্রন্থনা: ফারজানাফাহমি
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ডেইলি মেইল, বলিউড লাইফ, মাসালা, ইনস্টাইল ও ইন্ডিয়া টুডে ইন