রেশমের গল্প ফুরাল পুরস্কার আর গানে
তিন দিনের আয়োজন ছিল সিল্ক ঘিরে। সিল্কের বয়নশিল্পীদের নিয়ে আর রেশমকে কতখানি বৈশ্বিকরূপে উপস্থাপন করা যায়, তা নিয়ে। ফ্যাশন ডিজাইনারদের সংগঠন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ কুটর উইক ২০২১’-এর শেষ দিন ছিল গতকাল শনিবার (৪ ডিসেম্বর)। কুটর উইকের এই আয়োজনে তিন দিন ধরে জমজমাট ছিল ঢাকার গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ওয়াটারএজ গ্যালারি।
গত দুই দিন ছিল প্রদর্শনী ও ফ্ল্যাশ শোর জমকালো আয়োজন। আর শেষ দিনের আয়োজন ছিল কিছুটা ভিন্নধর্মী। সিল্কের পোশাকের প্রদর্শনী তো ছিলই। তার পাশাপাশি ছিল নিজস্ব ফ্যাশনধারা তৈরিতে অবদান রাখা ব্যক্তিত্বদের পুরস্কার দিয়ে সম্মান আর কাজের স্বীকৃতি জানানোর পর্ব।
৬টি বিভাগে মোট ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। যাঁদের মধ্যে ছিলেন বিনোদনজগতের অনেকেই। আবার সৌন্দর্য বিশেষজ্ঞ, চিকিৎসক আর আইনের ক্ষেত্র থেকেও তাঁদের ভিন্নধর্মী ফ্যাশন ও অর্জনের জন্য দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।
স্টাইলের প্রবর্তক বিভাগে পুরস্কার পেয়েছেন দুজন। অভিনেতা সিয়াম আহমেদ ও কোরিওগ্রাফার আজরা মাহামুদ। সংগীতজগতের স্টাইলিশ তারকা বিভাগে পুরস্কার হাতে তুলেছেন জেফার রহমান। সবচেয়ে স্টাইলিশ ব্যক্তিত্ব বিভাগে এই পুরস্কার ঘরে নিয়ে গেছেন চিকিৎসক ঝুমু খান, আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল। স্টাইল উদ্ভাবক বিভাগে সম্মানিত করা হয় সংগীতশিল্পী মেহরীন মাহমুদকে। ফ্রেম অব হোলো বিভাগে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী শম্পা রেজা।
অভিনয়শিল্পী হিসেবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি তিনি নিজের নামের সৌরভ ছড়িয়েছেন ফ্যাশন আইকন, সুবক্তা আর নানা সামাজিক কর্মের উদ্যোক্তা হয়ে।
‘স্টাইল গেম চেঞ্জার’ বিভাগে পুরস্কার হাতে তুলেছেন তাহসান খান ও জয়া আহসান। এই পুরস্কারে আনন্দিত, সম্মানিত জানিয়ে জয়া তাঁর বক্তব্যে উচ্চারণ করলেন শেষের কবিতার অমিতের সেই উক্তি, ‘ফ্যাশন হলো মুখোশ, আর স্টাইল হলো মুখশ্রী।’ দেশি বয়নশিল্পীদের শ্রদ্ধা জানিয়ে জয়া আরও বলেন, ‘স্টাইল নিছক সৌন্দর্যচর্চা নয়; বরং এটা জীবনের সৌন্দর্যের চর্চা, জীবনের বিশ্বাসের চর্চা। দেশি বয়নশিল্পীরা যা শতাব্দীর পর শতাব্দী ধরে করে আসছেন। তাই এই পুরস্কার হাতে তাঁদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।’
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর শিল্পীরা ফ্যাশন শোতে এসে গাইবেন না, তা-ই হয়? ‘কারা হলেন ফ্যাশনের সেরা’ পর্ব শেষে উপস্থিত শিল্পীদের নিয়ে যেন হঠাৎই গানের আয়োজন। আর গানের তালে তালেই শেষ হলো তিন দিনের সিল্ক উদ্যাপনের গল্প।