রেস্তোঁরার খাবার বাড়িতে

রেস্তোঁরার খাবার বাড়িতে বানিয়ে ছোটদের মন জয় করতে পারেন। তবে প্রতি বেলাতেই চাই ভিন্ন কিছু। সুস্বাদু আর স্বাস্থ্যকর, দুটো বিষয়ই থাকতে হবে ছোটদের খাবারে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

রেস্তোঁরার খাবার বানানো যায় বাড়িতেইছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সসেজ ডাম্পলিং স্যুপ

উপকরণ: মুরগির ডাম্পলিং ৮ -১০টা, সসেজ ৩টা, রসুনের মিহি কুচি আধা চা-চামচ, আদাকুচি আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ২টা, ধনেপাতাকুচি ১ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, চিকেন স্টক কিউব ১টা, তেল ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, পানি আড়াই কাপ।

ডাম্পলিংয়ের জন্য উপকরণ: ময়দা দেড় কাপ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।

সসেজ ডাম্পলিং স্যুপ
ছবি: সুমন ইউসুফ

কিমার জন্য উপকরণ: মুরগির পেস্ট চার ভাগের তিন ভাগ অংশ, সয়াসস ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, তেল ১ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ।

প্রণালি: ময়দার সঙ্গে তেল, লবণ মেখে ডো তৈরি করুন। মুরগির কিমার সঙ্গে সয়াসস, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, লেবুর রস ও সামান্য তেল, লবণ মেখে নিন। ছোট ছোট রুটি বেলে ভেতরে কিমা দিয়ে দিন। এবার চারপাশ ভাঁজ করে ডাম্পলিং তৈরি করে নিন। সসেজ ছোট ছোট টুকরা করে নিন। তেলে আদা, রসুনকুচি ভেজে নিতে হবে। সসেজ দিয়ে নাড়ুন। এবার পানি, মুরগির স্টক কিউব দিন। পানিতে বলক আসার পর ডাম্পলিং দিন। ৭-৮ মিনিট পর লেবুর সস, ধনেপাতাকুচি, কাঁচা মরিচ ফালি ও অন্য সব উপকরণ দিয়ে নামিয়ে নিন।

চিকেন সুইট কর্ন রামেন

উপকরণ: রামেন নুডলস ১ প্যাকেট, মুরগির স্টক ২ কাপ, সেদ্ধ ডিম ১টা, সুইট কর্ন (কচি ভুট্টা) আধা কাপ, মুরগির বুকের মাংস ১ পিস, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সয়াসস ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, তেল ১ চা-চামচ, সাদা তিল (টেলে নেওয়া) ১ চা-চামচ।

চিকেন সুইট কর্ন রামেন
ছবি: সুমন ইউসুফ

প্রণালি: তেলে আদা, রসুনবাটা, পেঁয়াজকুচি ভেজে নিন। মুরগির বুকের মাংস ভাজুন। ভাজা শেষে সয়াসস, মুরগির স্টক দিয়ে দিন। সেদ্ধ করুন। মুরগির মাংস স্টক থেকে তুলে টুকরা করে রাখুন। স্টক ছেঁকে নিন। ডিম ফুটন্ত পানিতে ১০ মিনিট সেদ্ধ করুন। নুডলস সেদ্ধ করে রাখুন। ভুট্টা ক্যান কিনতে পারেন অথবা বাজার থেকে ভুট্টা কিনে সেদ্ধ করে নিতে পারেন। এবার বাটিতে নুডলস দিয়ে স্টক দিন। এর ওপর মুরগির টুকরা, মিষ্টি ভুট্টা, সেদ্ধ ডিম দিন। ওপরে গোলমরিচের গুঁড়া, সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন।

অরেঞ্জ টাপিওকা সুইট

উপকরণ: সাগু ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, কমলা চামড়ার কুচি আধা চা-চামচ, কমলার রস আধা কাপ, কোরানো নারকেল ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি।

অরেঞ্জ টাপিওকা সুইট
ছবি: সুমন ইউসুফ

প্রণালি: সাগু পরিষ্কার করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে কমলার রসে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। হাত দিয়ে রস বের করে নিতে হবে। শুকনা করে সাগু অন্য পাত্রে রাখুন। এবার এর সঙ্গে কোরানো নারকেল, পেস্তাকুচি, কমলার চামড়ার কুচি, লবণ মিলিয়ে নিন। ছোট ছোট ডাইসে সামান্য ঘি মেখে এতে মেলানো উপকরণটি দিয়ে দিন। পানির বাষ্পের ওপর ভাপে রাখুন। ৬-৭ মিনিট পর চুলার পানির পাত্রের ওপর থেকে তুলে নিন। এভাবে সবগুলো তৈরি করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

নাসি গোরেং

উপকরণ: পোলাওয়ের চাল দেড় কাপ, হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, লাল মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, গাজর (টুকরা করা) আধা কাপ, চিনি ১ চা-চামচ, কালো গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজপাতাকুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, ভাজা পেঁয়াজ ১ টেবিল চামচ, লাল কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, ভাজা ডিম পরিবেশনের জন্য।

নাসি গোরেং
ছবি: সুমন ইউসুফ

প্রণালি: পোলাওয়ের চাল চার ভাগের তিন ভাগ সেদ্ধ করে নিন। মুরগির মাংস টুকরা করে এর সঙ্গে সয়াসস ১ চা-চামচ, মরিচবাটা অথবা গুঁড়া ও লেবুর রস মেখে ১০ মিনিট রেখে দিন। তেলে রসুনকুচি ভেজে মুরগির মাংস দিয়ে নাড়ুন। পেঁয়াজকুচি, টমেটো সস, গাজরকুচি মাংস কিছুটা সেদ্ধ হলে ঢেলে দিন। ২ মিনিট পর সেদ্ধ পোলাওয়ের চাল, সয়াসস, চিনি, গোলমরিচগুঁড়া, লবণ, লাল মরিচকুচি, পেঁয়াজপাতাকুচি দিয়ে নাড়ুন। ৩ মিনিট নেড়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে ভাজা ডিম ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নাসি গোরেং পরিবেশন করুন।