
৭ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ ফ্যাশন উইক’। বাংলাদেশের আটজন ডিজাইনার মাহিন খান, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার, কুহু প্লামন্দন, রিনা লতিফ, মেহরুজ মুনির, শাহার রহমান ও মেহজাবিন মোস্তাফিজ এতে অংশ নেন। এ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পঁাচ জন ও দুবাই থেকে একজন ডিজাইনার অংশ নেন বাংলাদেশ ফ্যাশন উইকে।
লন্ডনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ক্যানারি ওয়ার্ফের ইস্ট উন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয় বাংলাদেশি ডিজাইনারদের এই চমৎকার আয়োজন। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল ইউকে।
এই ফ্যাশন শোতে হাঁটেন মোট ৪০ জন মডেল। ফ্যাশন শোতে দেখানো পোশাকগুলোতে বাংলাদেশি ঐতিহ্যের সঙ্গে পশ্চিমা ভাবনার মিশেলে ফুটিয়ে তোলা হয় আভিজাত্য।

ফুলেল প্যারিস
ঋতু বা শহর নয়, বলছি প্যারিস জ্যাকসনের কথা। পপসম্রাট মাইকেল জ্যাকসন-কন্যা ১৯ বছর বয়সী সম্ভাবনাময় মডেল। টিন চয়েজ অ্যাওয়ার্ড ২০১৭ আয়োজনে তাঁর পোশাকে নেমে এসেছিল বসন্ত। ফুল ছাপার জিমারমান পোশাক আর এলিজাবেত্তা ফ্রানচি জুতোয়। প্যারিসের ব্রাশ টোনড মেকআপ ছিল উজ্জ্বল, তাঁর ঝকঝকে নীল চোখের মতোই। ইটি অনলাইন

চমকে দিলেন লরেন্স
ফরাসি ফ্যাশন ব্র্যান্ড দিওর শুরু করতে যাচ্ছে তার ২০১৮ সালের ক্রুজ ক্যাম্পেইন। এই প্রচারণার মুখপাত্র হিসেবে সম্প্রতি দেখা গেছে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের চমকে দেওয়া কিছু লুক। বিখ্যাত শিল্পী জর্জিয়া ও’ক্যাফির সৃষ্টির অণুপ্রেরণায় তৈরি পোশাক থাকবে দিওরের এবারের ক্রুজ কালেকশনে। হুহোয়াটওয়্যার

বুড়ো আঙুলে লাইনার
দেখে মনে হবে বুড়ো আঙুলে একটু শ্যাডো তুলে চোখের কোণে শেষ মুহূর্তে ঘষে দিয়েছে কেউ। হুড়োহুড়ির সাজে অনেকে করেনও কিন্তু এমনটা। সেই সাজকেই আভিজাত্যের কাতারে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন বিশ্ববিখ্যাত সুন্দরীরা। সুপার মডেল জিজি হাদিদ, তাঁর বোন বেলা, লেডি গাগা কিংবা সেলেনা গোমেজ—সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন শ্যাডোর এমন লাইনার। একে ডাকা হচ্ছে থাম্বপ্রিন্ট লাইনার নামে। ইনিউজ

গ্রন্থনা: খাদিজাফাল্গুনী