শিল্পীর ছোঁয়ায়...


কাইয়ুম স্যার আর বলবেন না, ‘বাহার, আমার ডিজাইনের হাফ সিল্কের শাড়ি বের করে রাখো, আমি আসছি।’ অথবা ‘বাসায় পাঠিয়ে দাও, একজনকে দিতে হবে।’ বলবেন না, ‘মাথায় আসছে, বৈশাখে বা ফাগুনে তোমাকে সুন্দর কিছু কাজ দেব।’ বলবেন না আর, ‘আর্কাইভ থেকে শাড়ি ও টি-শার্টের স্যাম্পল বের করে রাখো, ফটো তুলব।’
১০ বছর ধরে তিনি ছিলেন আমাদের সঙ্গে, চিরতরুণ, ফ্যাশনসচেতন, উদ্যমী-উদ্যোগী ও পথিকৃৎ চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, বিজয় ও স্বাধীনতা দিবসে কিংবা শীত-গ্রীষ্ম-বর্ষার উৎসব আয়োজনে কখনোই চার বা পাঁচটির কম ড্রয়িং দিতেন না, ৮০ বছর বয়সেও কোনো কোনো দিন দুই-তিনবারও চারতলা সিঁড়ি বেয়ে নিত্য উপহারে এসেছেন ক্লান্তিহীন।
মনে হয়েছে, শিল্পী কাইয়ুম চৌধুরী হলেন আবহমান বাংলার ঐতিহ্যে লালিত চিরায়ত এক গানের পাখি, তাঁর স্বভাবেই গান, গান গাইতেন তাঁর কাজের মাধ্যমে—রংতুলি দিয়ে। পাখির গান নিয়ে আমরা কী ভাবি বা বলি, তাতে পাখির কীই-বা আসে যায়!
একটা পাখি ছিল না!
সেই পাখি বলল, উড়ি
ওড়, বলে সেই
পাখি আঁকলেন
কাইয়ুম চৌধুরী।
ছড়াটা ধ্রুব এষ গত সেপ্টেম্বরে লিখেছিলেন নিত্য সাময়িকীর প্রথম সংখ্যায়, স্যারও লিখেছিলেন ‘অতনুর জন্যে ছড়া’ আর এঁকেছিলেন শাড়ি, টি-শার্টের জন্যও। দ্বিতীয় সংখ্যার জন্য কথা ছিল কাইয়ুম স্যারের সাক্ষাৎকার নেব, টুটুল নাসের পোর্ট্রেট ছবি তুলবেন। জানতে চাইব, সেই যে পঞ্চাশ দশকে আপনারা ২০ থেকে ২১ বছরের একঝাঁক উজ্জ্বল ছাত্র, তরুণ (নাটক, সিনেমা, শিল্প, সাহিত্য, সংগীতপ্রেমী) এককথায় ‘নিজ নিজ তারুণ্যে সংস্কৃতিসেবা’য় ডুবেছিলেন, রূপছায়া ও সচিত্র সন্ধানীতে কাজ করেছেন, প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যেও এই দীর্ঘ সময়ে বইয়ের প্রচ্ছদ ও অলংকরণে নতুন নতুন অঙ্কনশৈলী ও পদ্ধতির প্রয়োগে ভিন্নতর চেহারা দিয়েছেন—তার রহস্যটা কী ছিল। আবার আপনার খুঁজেছেন বাংলা বর্ণমালার নতুন নকশা বা টাইপোগ্রাফির নবতর বিন্যাস। কখনো কি ভেবেছিলেন টি-শার্ট, শাড়ি বা কাপড়ে অলংকরণ করবেন! তখনকার ফ্যাশন ট্রেন্ড কেমন ছিল? টি-শার্ট দেখা যেত? শাড়িতে ব্লক বা ছাপাই নকশা কি পঞ্চাশ দশকে চলত? জানার ছিল শিল্পের নান্দনিক ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে কী অভিমত তাঁর।

ফ্যাশন ডিজাইন বিষয়ে একটি বইয়ের কাজ নিয়ে শিগগির স্যার ও শেখরদার (চন্দ্রশেখর সাহা) সঙ্গে বসার কথা ছিল।

গাজী ভবনে ধ্রুবর (ধ্রুব এষ) সঙ্গে কাইয়ুম স্যারের স্টুডিওতে যাই ২০০৫ সালের এক দুপুরে। উদ্দেশ্য বর্ষার জন্য কাইয়ুম স্যারের আঁকা চাই। সেবার বর্ষার টি-শার্ট প্রদর্শনীর ছোট্ট আয়োজনে শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক্ আলভি, চন্দ্রশেখর সাহা, শেখ আফজাল, ধ্রুব এষ, আনিসুজ্জামান সোহেল, কনক আদিত্য ও সব্যসাচী হাজরার কাজ ছিল। আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিত্য উপহার প্রাঙ্গণে প্রদর্শনী উদ্বোধন করতে এসে শিল্পী ইমদাদ হোসেন বলেছিলেন, ‘আজ কী সুন্দর কাজ হচ্ছে, আমরা সে সময় ডিজাইন সেন্টারে ব্লক–বাটিকের সঙ্গে সিল্ক স্ক্রিন প্রিন্টিং কৌশল নিয়ে অনেক চেষ্টা করেছিলাম।’
১৪০৭ সালের (২০০১ খ্রিষ্টাব্দ) পয়লা বৈশাখে ধ্রুব এষ, সব্যসাচী হাজরার আঁকা নিয়ে, অনুপম চক্রবর্তী, তনুজা ভট্টাচার্য, মুনেম ওয়াসিফ, আমিরুল রাজিব, টুটুল ও একঝাঁক তরুণের নানাবিধ কাজের মধ্য দিয়ে শুরু হয়েছিল পোশাকে ‘ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যক্তিত্ত্ব’ ধারাবাহিকের। ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদের সামনে টি-শার্টের সড়ক প্রদর্শনী উদ্বোধন করেছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য।
২০০৫ সালে দেশবরেণ্য অগ্রজ শিল্পীদের সঙ্গে তরুণ শিল্পীদের মেলবন্ধন ও পথচলা শুরু। টি-শার্টে, শাড়ি ও চাদরে নিজের শহর, দেশ ও ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করার এ এক চলমান প্রচেষ্টা।
ষাটের দশকেই সম্ভবত প্রথম আমাদের ফ্যাশনে বিশেষ করে শাড়িতে সমসাময়িক চেতনা, একুশে ফেব্রুয়ারি আর বাংলা বর্ণমালার সময় উপযোগী শৈল্পিক উপস্থাপন দেখা যায়, পটুয়া কামরুল হাসানের ‘রূপায়ণ’-এর মাধ্যমে। এটা ঠিক যে ১৯৬২-৬৩ সালে ব্লকপ্রিন্ট, বাটিক করার কারিগর ও সুযোগ-সুবিধা ছিল নগণ্য। আমাদের ফ্যাশনে পটুয়া কামরুল হাসান ও রূপায়ণ প্রাতঃস্মরণীয় হয়ে রইবেন। বলা যেতে পারে, নিত্য উপহারের পোশাকচর্চা সে রূপায়ণেরই নব রূপায়ণ। সেই যে পঞ্চাশ দশকে একঝাঁক উজ্জ্বল তরুণ সংস্কৃতিসেবায় নিয়োজিত হয়েছিলেন, তাঁদেরই প্রচেষ্টায় ১৯৬৮ সাল থেকে ডিজাইন সেন্টার, বাটিক ও অন্যান্য কোর্সের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া আলোয় আজকের ফ্যাশন-জগৎ ক্রমেই উজ্জ্বলতর হয়ে উঠছে। সেসব শিল্পীর প্রয়াসেই আজ আরও সমৃদ্ধ হয়ে উঠছে আমাদের ফ্যাশন অঙ্গন।
লেখক: পরিচালক, নিত্য উপহার