শীতে পরুন ফুলহাতা টপ

মডেল: তানজিন তিশা, পোশাক: ওটু, সাজ: রেডছবি: কবির হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত আসছে একটু একটু করে। এ সময় মোটা কাপড়ও ঠিক গায়ে চাপানো যাচ্ছে না। আবার সাধারণ কাপড়ও ব্যবহার করা যাচ্ছে না। এ রকম আবহাওয়ায় ফুলহাতা টপ দিতে পারে আরাম। সেই সঙ্গে নতুন লুক।

নতুন লুক দিতে পারে লম্বা হাতার টপ
ছবি: কবির হোসেন

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পছন্দ করেন ফুলহাতা টপ পরতে। তিনি জানালেন, এখন গায়ে ভারী কোনো সোয়েটার চাপালে অস্বস্তিবোধ হয়, তাই ফুলহাতা টপের সঙ্গে এখন হাতাকাটা জ্যাকেটেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। টপের সঙ্গে স্কিনি বা আঁটসাঁট জিনসই তাঁর বেশি পছন্দের। লেগিংসের সঙ্গে পরেন একটু লম্বা ঝুলের টপ। রঙের সঙ্গে মানিয়ে কখনো গাঢ় কখনো বা ফেডেড জিনস পরা হয়। নানা ধরনের স্কার্ফ সংগ্রহ করেন তিনি। ফুলহাতা টপের সঙ্গে কখনো পরেন স্কার্ফ।

জর্জেট, শিফন ও সুতি কাপড়ের তৈরি ফুলহাতা টপ পাওয়া যায় বিভিন্ন ফ্যাশন হাউসে। এসব টপের সঙ্গে স্লিভলেস কোটি বা জ্যাকেট যেকোনোটি পরা যায়। কোটির দৈর্ঘ্য টপের থেকে বেশি হলেও মন্দ লাগবে না। ফুলহাতা টপের সঙ্গে স্কিনি জিনস, লেগিংস, টুইল অথবা পেনসিল প্যান্টের এখন বেশ চল।

টপের সঙ্গে লম্বা বা বড় মালা কিংবা মুক্তোর মালাও ব্যবহার করা যায় অনুষঙ্গ হিসেবে
ছবি: কবির হোসেন

সরু প্যান্ট আর ফুলহাতা টপের সঙ্গে বিভিন্ন রং আর নকশার স্কার্ফ, উলের টুপি পরার স্টাইল চলছে। টুপি যে সব সময় ঠান্ডার কবল থেকে বাঁচার জন্য ব্যবহৃত হয়, তা নয়। অনেকে ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এটি ব্যবহার করে থাকেন। চুলকে ধুলোবালুর হাত থেকেও রক্ষা করে টুপি। এক রঙের টপের সঙ্গে ডোরাকাটা, চেক বা ফুলেল নকশার প্যান্ট পরলেও ভালো দেখাবে। লেগিংস বেশ পাতলা বলে শীতে এটা পরার জন্য তেমন উপযোগী নয়। তবে বাজারে এখন মখমলের যেসব লেগিং পাওয়া যায়, তার সঙ্গে ফুলহাতা টপ পরা যেতে পারে।

প্যান্টের সঙ্গে ফুলহাতা টপ পোশাকটা একেবারেই ঘরোয়া ঢঙের। এর সঙ্গে তাই অনুষঙ্গগুলোও মানানসই হওয়া চাই। একটু বড়সড় ব্যাগের সঙ্গে ভালো মানায় এ পোশাক। টপের সঙ্গে পছন্দসই অনুষঙ্গ ব্যবহার করা যায়। যারা লম্বা বা বড় মালা কিংবা মুক্তোর মালা পরেন, তারাও টপের সঙ্গে সেগুলো ব্যবহার করতে পারেন। ভালোই দেখাবে। তবে টপের সঙ্গে প্যান্ট হওয়া চাই একটু স্কিনি বা টাইট।

লম্বা হাতার টপের সঙ্গে মাফলার বা স্কার্ফ যেকোনোটাই ব্যবহার করা যায়
ছবি: কবির হোসেন

লম্বা হাতার বা ফুল স্লিভ টপের সঙ্গে মাফলার বা স্কার্ফ যেকোনোটাই ব্যবহার করা যায়। যারা ঢাকার বাইরে থাকেন এবং যেসব জায়গায় শীত একটু বেশি, তারা পুরো শীতকাল মোটা কাপড়ে বানানো টপ ব্যবহার করতে পারেন। প্রয়োজনে টপের নিচে পরতে পারেন ফুলহাতা পাতলা সুতির গেঞ্জি। তাতে শীতের প্রকোপ কমবে এবং আরাম পাবেন।

ফ্যাশন হাউসগুলোতে খুঁজলেই পাওয়া যাবে একরঙা, ফুলেল কিংবা চেকের ফুলহাতা টপ। এর সঙ্গে মিলিয়ে পছন্দমতো রঙের প্যান্ট পরতে পারেন। হিল কিংবা কেডস, যেকোনোটিই চলবে পায়ে।