শুধু পটে আঁকা

বাঘের পিঠে কে সওয়ার হতে পারে? একজনই পারেন, তিনি হলেন গাজী পীর। পরম নিশ্চিতে গাজীর বাঘের পিঠে চেপে বসা, অনেকের কাছেই চেনা ছবি। সে ছবি চাক্ষুষ না করলেও, গাজীর গানের কথা শুনে থাকবেন এতদঞ্চলের প্রায় সবাই। অধুনা অপ্রচল হলেও একদা বহুল প্রচলিত, সেই অর্থে জনপ্রিয়ও ছিল গাজীর গান। এই গানের মূল অবলম্বন ছিল বাঘের পিঠে আসীন গাজী পীরের ছবি। সেই ছবি আঁকা থাকত লম্বা একটি কাপড়ে। আগের দিনে কাপড়ে ছাপা মানচিত্র যেমন গুটিয়ে রাখা হতো, তেমনি করে এই কাপড়ে আঁকা ছবি এক পাশ থেকে গুটিয়ে নিয়ে ঝুলিয়ে রাখা হতো একটি বাঁশের লাঠির সঙ্গে। ছবিগুলো কাপড়ে আঁকা। সেই সূত্রে এর নাম পটচিত্র।
ঐতিহ্য ফিরে ফিরে আসে। অতীত থেকে বর্তমানে। সমকালীন রুচির সঙ্গে মানিয়ে তার নবায়ন ঘটে। চলমান এই প্রক্রিয়াতেই সংস্কৃতিতে যুক্ত হয় নতুনতর মাত্রা। পটচিত্রকলার ক্ষেত্রও তাই হয়েছে। গাজীর গান আজকাল আর তেমন চেখে পড়ে না। এই অঞ্চলে পটচিত্রের অন্যতম বিষয় ছিল গাজী পীরের গান। বিনোদনের বহুবিধ আধুনিক উপকরণ সহজলভ্য হিসেবে নাগালে আসায় আদ্যিকালের অনেক উপাদানই কালক্রমে লোপ পেয়েছে। পটচিত্রকলা এবং তাকে অবলম্বন করে যে গান হতো, সেটিও এখন তার আদি আঙ্গিকে আর নেই। কিন্তু পটচিত্র অন্য আঙ্গিকে আবার উঠে এসেছে নগরজীবনে, আধুনিক জনরুচির সঙ্গে সাযুজ্য রক্ষা করে।
পটচিত্রের ইতিহাস অনেক কালের। অনেকে বলেন প্রায় আড়াই হাজার বছর আগের। সংস্কৃতে কাপড়কে বলে পট্ট। তো কাপড়ে আঁকা ছবি হলো পটচিত্র। যাঁরা আঁকেন, তাঁরাই পটুয়া। এই পটচিত্র দুই রকমের। একটির কথা শুরুতেই বলা হয়েছে, লম্বা কাপড়ে খোঁপ খোঁপ করে ধারাবাহিকভাবে কোনো গল্প বা আখ্যানের ছবিগুলো আঁকা হয়। একে বলে ‘জড়ানো পট’। এগুলো সাধারণত ১৫ থেকে ৩০ ফুট পর্যন্ত লম্বা আর ২ থেকে ৩ ফুট পর্যন্ত চওড়া হয়ে থাকে। আর এক রকমের পটচিত্র আছে। সেগুলো চৌকোণ বর্গাকৃতির পটে আঁকা। একগুলোকে ‘চৌকোপট’ বলে।
পট আর তার রং সবই স্থানীয় উপকরণে তৈরি হয়। কাপড়ে কাদামাটি, গোবর, তেঁতুল, সিরিশের আঠা এসবের প্রলেপ দিয়ে পট তৈরি করা হয়। লাল, খয়েরি, নীল, হলুদ, বাদামি, গোলাপি, কালো ব্যবহার করা হয়। এসব উজ্জ্বল রং। এসব রংও তৈরি হয়, কাঠ–কয়লা, পোড়া চাল, খড়িমাটি, ঝুলকালি, কাজল, সিঁদুর, আলতা, পাকা তেলাকুচা, কাঁচা হলুদ প্রভৃতির সংমিশ্রণে। আঁকার জন্য বাঁশের কঞ্চির সঙ্গে পশুর লোম, সাধারণত ছাগলের, বেঁধে নিয়ে তুলি তৈরি করা হয়। পটের ছবির প্রধান বৈশিষ্ট্য এগুলোর সরলতা। দ্বিমাত্রিক এসব ছবির মুখগুলো প্রধানতই পাশ থেকে আঁকা। গতিময় স্পন্দিত রেখা ছবিগুলোকে এনে দেয় অসাধারণ দৃঢ়তা। পাশাপাশি এর উজ্জ্বল রং পটের ছবিতে যে নান্দনিক ব্যঞ্জনার সৃষ্টি করে, তা খুব সহজেই দর্শকদের কাছে হৃদয়গ্রাহী হয়ে ওঠে।

পটচিত্রের সঙ্গে পটের গান নিবিড়ভাবে যুক্ত। ধর্মীয় বা সমকলীন সামাজিক ঘটনাবলির ভিত্তিতে কিংবা কাল্পনিক আখ্যান রচনা করে পটের ছবি আঁকা হয় এবং জড়ানো পটের ছবিগুলোর ক্রমপর্যায়ে এই আখ্যান সংগীত ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের জন্য পরিবেশন করা হয়। সে কারণে পটুয়ারা কেবল অঙ্কনশিল্পীই নন, তাঁরা একই সঙ্গে কবি, সংগীত ও অভিনয়শিল্পীও বটে। এসব আখ্যানের ভেতর দিয়ে ধর্মীয় আখ্যানের পাশাপাশি ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষার বিষয়গুলোও তুলে ধরে তাঁরা সমাজপ্রগতির গতিধারায় ইতিবাচক ভূমিকাও রেখেছেন। আমাদের এখানে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলে পট অঙ্কনের চলছিল। আর ভারতে মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া প্রভৃতি এলাকায়।
চৌকো বা চতুষ্কোণ পটের জন্য বিশেষ খ্যাতি কালীঘাটের। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে কলকাতার কালিঘাটের পটুয়ারা দেব–দেবীর চিত্রের পাশাপাশি এসব পটে বহু ব্যঙ্গচিত্র অঙ্কন করেছেন। শোভন সোমের মতে, কোম্পানি আমলেই কালীঘাটের পটচর্চার উন্মেষ ঘটেছিল। পরে যামিনী রায় পটের রীতির আধুনিকায়ন করে তাঁর আপন অঙ্কনশৈলীতে নবতর মাত্রাযুক্ত করেছিলেন। আমাদের কামারুল হাসানের কাজেও এই রীতির প্রভাব লক্ষণীয়, তিনি তো নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেই পছন্দ করতেন।
বিনোদনের হরেক মাধ্যম এবং মূলত ছাপাখানার বিপুল প্রসারে পটচিত্র তথা পটগান তার আদিরূপে টিকে থাকতে পারেনি। আমাদের এই অঞ্চলে সর্বশেষ আদি পটুয়াদের মধ্যে মুন্সিগঞ্জের রিকাবীবাজার এলাকার কাঠপট্টির সুধীর আচার্য এর চর্চা জিইয়ে রেখেছিলেন। পরে তাঁর ছেলে শম্ভু আচার্য এতে নতুন মাত্রা দিয়ে আধুনিক জনরুচির উপযোগী করে উপস্থাপন করেছেন গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করে। তাঁর ছবি চৌকো পটের রীতিতে আঁকা।
পটের ছবি আমাদের লোকশিল্পের একটি গৌরবময় ঐতিহ্যের উপকরণ। প্রাচীন এই চিত্রকলা শম্ভু আচার্যের মতো আরও কিছু শিল্পী নতুন মাত্রা দিয়ে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করেছেন। বিষয় হিসেবেও নতুনত্ব এসেছে। রাজধানীর বিভিন্ন গ্যালারিতে তাদের কাজের একক ও যৌথ প্রদর্শনীও হয়েছে। এই নতুনদের বিশেষ খ্যাতি পেয়েছিলেন গাইবান্ধার রঘুনাথ চক্রবর্তী। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে অকালে তিনি মারা যান। এ ছাড়া নড়াইলের কালিয়ার নিখিল চন্দ্র দাসের কাজও বিশেষ উল্লেখযোগ্য। এই তরুণ এখনো কাজ করে যাচ্ছেন।
বিষয়বস্তুর মতো মাধ্যমগত পরিবর্তনও এসেছে ব্যাপক। পটের ছবি এখন আর কেবল পটজুড়েই নেই, পোশাক, শৌখিন কারুপণ্যসহ নানা মাধ্যমে ছড়িয়ে গেছে। এমনকি বিদেশেও পোশাকের প্রদর্শনীতে পটচিত্রের রীতির ছবিসংবলিত পোশাক প্রশংসিত হয়েছে। বিজিএমইএ থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক রোকাইয়া আহমেদ অনেক দিন থেকে পোশাকে পটচিত্রকলা নিয়ে কাজ করছেন। তিনি জানালেন, শম্ভু আচার্যের গাজীর পটের ছবিগুলোকেই তিনি ডিজিটাল মাধ্যমে পশ্চিমা ধাঁচের পোশাকে ব্যবহার করে গত বছর রাশিয়ার মস্কোতে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। সেখানে ব্লেজার, জাম্পস্যুট, টপ, প্যান্ট এসব পোশাকে গাজীর পটের ছবি প্রশংসিত হয়েছিল। এ ছাড়া এর আগে ২০১৭ সালেও চীনে একটি প্রতিযোগিতায় পটের ছবির পোশাক নিয়ে অংশগ্রহণ করে তিনি পুরস্কৃত হয়েছেন। ভবিষ্যতে এ মাধ্যম নিয়ে কাজ করে যাবেন বলে জানালেন। এ ছাড়া ফ্যাশন হাউস রঙ পরীক্ষামূলকভাবে তাদের পোশাকে পটচিত্র ব্যবহার করেছে। ইদানীং ফুলদানি, কলমদানি, গ্লাস, পেয়ালাসহ নানা ধরনের শৌখিন পাত্র, হাতবাক্স, চামড়ার ব্যাগ এমন অনেক হস্ত ও কারুশিল্প সামগ্রীর চিত্রণে কিছু কিছু করে পটচিত্ররীতি চিত্রকলার ব্যবহারের চল শুরু হয়েছে। এভাবেই আঙ্গিক এবং মাধ্যমের পরিবর্তনের ভেতর দিয়ে আবার পটচিত্র লোকপ্রিয় হয়ে উঠছে। প্রকৃতপক্ষে তাই হওয়ার কথা। সুন্দর কোনো কিছুর তুলনা দিতে গেলে আমরা তো পটে আঁকা ছবির কথাই বলে থাকি। আর সুন্দরের প্রতি মানুষের ভালো লাগা, ভালোবাসা তো চিরন্তন।