সংসারের কাজ ভাগাভাগি করে করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব সময়ের সঙ্গী বই
সব সময়ের সঙ্গী বই

কথাসাহিত্যিক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ভালোবাসেন গান শুনতে, শিল্পকলা বিষয়ে লেখালেখি করতে। আজ থাকছে তাঁর জীবনযাপনের নানা অজানা কথা।

কাজের মধ্যে থাকলে মানুষ ফিট থাকে। শুধু তা-ই নয়, কোনো রকম জড়তা থাকে না তাঁর মধ্যে। ৬৪ বছর বয়সেও তিনি একদম ফিট। কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম তাঁর ফিট থাকার রহস্য এভাবেই উন্মোচন করেন। তিনি বলেন, ‘কারও ওপর নির্ভরতা ভালো লাগে না আমার। সংসারের কাজ আমি ও আমার স্ত্রী সানজিদা ইসলাম ভাগাভাগি করে করি।’

শীতে পরেন জ্যাকেট
শীতে পরেন জ্যাকেট

সাধারণত সকাল সাতটা-সাড়ে সাতটার দিকে ঘুম থেকে ওঠেন। মাঝে মাঝে নিজের হাতে চা বানান। চায়ের মগ নিয়ে বারান্দায় বসে যান সংবাদপত্র হাতে। পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দিনের সবচেয়ে আয়েশি সময় এটুকুই। পত্রিকা পড়া শেষ করে সারা দিনের কাজের পরিকল্পনা করি। সকালে ক্লাস থাকলে আগে বেরিয়ে পড়ি। আর ক্লাস না থাকলে সকাল ১০টার দিকে বের হই।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের দেখলে মন ভালো হয়ে যায় সৈয়দ মনজুরুল ইসলামের। এই এত তরুণের মাঝে থাকেন বলেই এখনো তিনি তরুণ। বয়স তাঁকে হার মানাতে পারেনি। ক্লাস শেষ হয় বেলা একটার দিকে। সপ্তাহে তিন দিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। সেই ক্লাস অবশ্য সন্ধ্যার পর থাকে। সেদিন বাড়ি ফিরতেও দেরি হয়ে যায়।

মাঝে মাঝে নিজের চা নিজে বানান
মাঝে মাঝে নিজের চা নিজে বানান


ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরে ক্লাস শেষ হলেও ছাত্রছাত্রীরা তাঁর কাছে আসেন নানা রকমের পরামর্শের জন্য। ৪০ বছর ধরে কাজটি তিনি আন্তরিকতার সঙ্গে করেন।
অন্য কোনো কাজ না থাকলে দুপুরে খেয়ে একটা ‘ভাতঘুম’ দেন। এটি খুব প্রিয় তাঁর।
সৈয়ম মনজুরুল ইসলামের খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নেই। মাঝে মাঝে নিজে রান্না করেন। নিজের হাতের রান্না তাঁর ভালো লাগে। তাঁর ছেলে শাফাক ইসলাম তো বাবার হাতের পিৎজা খুব পছন্দ করতেন। এই সাহিত্যিক বলেন, পিৎজাটা আসলে ভালো বানাই। আমার ছেলের জন্য আগে প্রায়ই তৈরি করতাম। ছেলে এখন নিউইয়র্কে আইনজীবী হিসেবে কাজ করছে।
রাতের খাওয়া শেষে আবার কাজ নিয়ে বসেন। লেখালেখিও তখন করেন। গান শোনেন রাতেই। নানা যন্ত্রে গান শুনলেও আজকাল ইউটিউবে গান শুনতে ভালো লাগে তাঁর। কে এল সাইগল, পিন্টু ভট্টাচার্য, শ্যামল মিত্র, অতুল প্রসাদের গান শোনেন বেশি। রবীন্দ্র সংগীত পছন্দ করেন। একটা সময় কলিম শরাফীর গান শুনতেন। কলিম শরাফী নিজে তাঁকে একটি গানের অ্যালবাম উপহার দিয়েছিলেন।

আইপ্যাডে ইউটিউবে গান শোনেন। ছবি: সুমন ইউসুফ
আইপ্যাডে ইউটিউবে গান শোনেন। ছবি: সুমন ইউসুফ

সাধারণত তিন ধরনের বই পড়েন তিনি। একটা হলো তাঁর শিক্ষকতার সঙ্গে সংশ্লিষ্ট, আরেকটি হলো পছন্দের গল্প, কবিতা, উপন্যাস আর তৃতীয় ধরন হলো নিম্নবর্গীয় ইতিহাস। চিত্রকলা ও মুখোশ সংগ্রহ করতে পছন্দ করেন।
পোশাক নিয়ে অত ভাবেন না জানালেন। ফুলহাতা শার্টের আস্তিন গুটিয়ে পরেন। গ্যাবার্ডিনের প্যান্ট পরেন। মাঝেমধ্যে পাঞ্জাবি পরেন। ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবি তাঁর ভালো লাগে।
কর্মব্যস্ত এই শিক্ষক জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এশিয়াটিক সোসাইটির সদস্য। তবে যত ব্যস্ততাই থাকুক না কেন, সপ্তাহে অন্তত এক দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এই আড্ডা তাঁর মনকে প্রফুল্ল করে দেয়।