সকালে সাদা বিকালে লাল পোশাক পরবেন সাফা

সকালে সাদা পোশাকের সঙ্গে উঁচু হিলের জুতা
সকালে সাদা পোশাকের সঙ্গে উঁচু হিলের জুতা

সারা বছর শুটিংয়ের জন্য ভারী মেকআপ কিংবা নানা রকম পোশাক পরতে হলেও ঈদের সময়টা নিজের মতো করে পোশাক-আশাক পরেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। স্নিগ্ধ সাজ, সাধারণ পোশাক আর হালকা গয়নার ছোঁয়ায় নিজেকে সাজিয়ে নেবেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। সাফা জানালেন, এবারের ঈদে তাঁর সাজ পরিকল্পনার কথা।
সাফার ঈদ পোশাক এখনো অদেখা! মানে, তিনি জানেন না এবার ঈদে কেমন পোশাক পরবেন। ফ্যাশন ডিজাইনার বন্ধু সাগুফতা প্রতিবার ঈদে তাঁর জন্য ‘সারপ্রাইজ’ পোশাক তৈরি করে রাখেন। নিজের ঈদের পোশাকটা বাজার ঘুরে কেনা হয় না। তবে আত্মীয়রা প্রতিবারই সালোয়ার-কামিজ উপহার দেন। এবারেও তাই। মা এবার মেয়ের জন্য একটা শাড়ি কিনে এনে চমকে দিয়েছেন সাফাকে। কেননা, সাধারণত শাড়ি পরা হয় না এই তারকার। এত উপহার আর ‘সারপ্রাইজ’ পোশাকের মধ্যে ঈদের দিন কোনটি যে পরবেন, তা এখনো ঠিক করা হয়নি। তবে অবশ্যই দেশি পোশাক পরা হবে, এটা নিশ্চিত। সাদা ও লাল রঙের পোশাক থাকবে সেই তালিকায়। সকালে পরবেন সাদা আর বিকালে লাল—এখন পর্যন্ত এমনটাই ইচ্ছা।

বিকেলে সাফা পরবেন জমকালো লাল পোশাক। ছবি: খালেদ সরকার
বিকেলে সাফা পরবেন জমকালো লাল পোশাক। ছবি: খালেদ সরকার

সবসময় ফ্ল্যাট পছন্দ হলেও ঈদের জন্য কিনেছেন হিল জুতা। আপাতত আর জুতা কেনার পরিকল্পনা মাথায় নেই। দেশীয় ধাঁচের গয়না সাফার খুব পছন্দ। সবচেয়ে পছন্দ কানের ঝুমকা। গয়না কেনা হয়নি এখনো। আর কিছু না কিনলেও একজোড়া ঝুমকা তো কিনবেনই। ইচ্ছা আছে ছোট্ট একটা নাকফুল কেনারও। শুটিংয়ের জন্য থাইল্যান্ড গিয়ে সেখান থেকে কিনে এনেছেন ভ্যানিটি ব্যাগ। ঈদের জুতা জোড়াও সেখান থেকে আনা।
আর সাজ? ‘একদম সাজি-ই না বলা চলে’—হেসে বললেন সাফা কবির। শুটিংয়ে সব সময় ভারী মেকআপ নিয়ে নিয়ে ক্লান্ত সাফা ঈদের দিনে ‘নো মেকআপ’-এ বিশ্বাসী। ‘এ দিনটা শুধুই নিজের জন্য, নিজের খুশির জন্য। সারা দিন বাসায় থেকে পরিবারকে সময় দিই।’ তবে ঈদের দিন যখন ফুপু আর দিদার বাসায় যান, তখন চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগান। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেও এটুকু সাজই চলে সাফার।
বরাবরের মতো সকালে পরিবারের সবার জন্য তৈরি করবেন মিষ্টিজাতীয় খাবার। ঈদের পরের দিন রাঁধবেন খিচুড়ি আর আচারি গরুর মাংস। সাফা বলেন, ‘ঈদে আমি খুব সাধারণ থাকতে পছন্দ করি। পোশাক, সাজ, অনুষঙ্গ—সবকিছুই সাধারণ ভালো লাগে।’
সৈয়দা সাদিয়া শাহরীন