সচেতন সামিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী সামিনা চৌধুরী। সবজি, ফলমূল ও বাদাম খেতে ভালোবাসেন । কার্টুন দেখা তাঁর পছন্দের কাজ।
কানে দুল পরতে পছন্দ করেন সামিনা চৌধুরী। ছবি: কবির হোসেন
কানে দুল পরতে পছন্দ করেন সামিনা চৌধুরী। ছবি: কবির হোসেন
কখনো কখনো চুলে ফুল গুঁজে রাখতে বেশি ভালোবাসেন
কখনো কখনো চুলে ফুল গুঁজে রাখতে বেশি ভালোবাসেন

আপনার কাছে স্টাইল মানে কী? জবাবে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বলেন, ‘যা আমার জন্য অনেক বেশি আরামদায়ক তা-ই আমার স্টাইল। এই যেমন যে কাপড়টি পরলে কিংবা যে গয়না ব্যবহার করলে আমার আত্মবিশ্বাস অটুট থাকবে, মানুষের চোখে খারাপ লাগবে না, একটা স্নিগ্ধ ব্যাপার থাকবে, আর ব্যক্তিত্ব ফুটে উঠবে। তাই হচ্ছে আমার স্টাইল।’ অনুষ্ঠানে সব সময় শাড়িই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সামিনা চৌধুরী। বললেন, ভারী জর্জেট, অ্যান্ডি সিল্কের শাড়ি বেশি পছন্দ। দেশের ডিজাইনারদের মধ্যে শাহরুখ আমিন টিংকু, বিপ্লব সাহা ও অন্তরার ডিজাইন করা শাড়ি বেশি পরা হয়। গয়নার মধ্যে কানের দুল। আর কখনো কখনো চুলে ফুল গুঁজে রাখতে বেশি ভালোবাসেন।

ভারি জর্জেট শাড়ি প্রিয়
ভারি জর্জেট শাড়ি প্রিয়

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে সামিনা চৌধুরীর বাসায় বসে জানা গেল এসব কথা। জানালেন তাঁর জীবনযাপনের আরও নানা দিক। কোনো বিশেষ ব্র্যান্ডের প্রতি দুর্বলতা আছে কি? ‘নাহ। আমি মনে করি, শিল্পী সামিনা চৌধুরী নিজেই একটা ব্র্যান্ড। সে যা কিছু পরবে বা ব্যবহার করবে, সেটাই ব্র্যান্ড হয়ে ওঠবে। ওই যে বললাম ভদ্রতা আর ব্যক্তিত্ব বজায় থাকে যেন তা খেয়াল রাখি শুধু।’ বললেন তিনি।
নিজেকে ফিট রাখতে নিয়ম করে প্রতি সন্ধ্যায় হাঁটেন সামিনা চৌধুরী। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের যে বাড়িতে থাকেন সেখান থেকে বোন ফাহমিদা নবী এবং মায়ের বাসা পর্যন্ত হাঁটাহাঁটি করেন তিনি। কখনো তা ৫০ মিনিট আবার কখনো ঘণ্টাও পার হয়ে যায়। পাশাপাশি বাসায় ফ্রি হ্যান্ড ব্যায়ামও করেন তিনি।
নিজেকে ফিট রাখতে হাঁটার পাশাপাশি খাওয়ার ব্যাপারেও সচেতন সামিনা চৌধুরী। বলেন, ‘আমি সব ধরনের দেশি খাবারই খাই। বিদেশি খাবারের প্রতি অতটা আগ্রহ নাই। যেকোনো সবজি খাওয়া হয় বেশি। এ ছাড়া ফলমূল এবং বাদামের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। তবে ভাত খাওয়াটাকে এড়িয়ে চলি।’
বাসায় রান্নার কাজটি নিজেই করেন সামিনা চৌধুরী। বলেন, ‘অনেক বছর ধরেই বাসার রান্না আমি নিজেই করি। আমার বেশ ভালোও লাগে। গানের অনুষ্ঠান শেষে তো বাসায় আমি পুরোদস্তুর একজন গৃহিণী।’
গানের শিল্পী সামিনা চৌধুরী গান দিয়ে জয় করেছেন শ্রোতাদের মন। মজার ব্যাপার হচ্ছে জনপ্রিয় এই শিল্পীর মন জয় করে আছে কার্টুন। টিভিতে কার্টুন অনুষ্ঠান চালিয়ে বসিয়ে দিলে নাকি আর কোনো কিছুই লাগে না তাঁর। সামিনা চৌধুরীর প্রিয় কার্টুনের মধ্যে আছে মীনা কার্টুন, টম অ্যান্ড জেরি, গোপাল ভাঁড়, বীরবল।
সামিনা চৌধুরীর মতে, ‘টিভিতে কার্টুনের অনুষ্ঠান দেখলে আমি যেন কোথায় হারিয়ে যাই। মন খারাপ থাকলেও মুহূর্তেই মনকে ভালো করে দেয় কার্টুন অনুষ্ঠান।’
গানের জন্য নানা জায়গায় ঘুরে বেড়ালেও পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসেন সামিনা। ‘কাজ ছাড়া সাধারণত কোথাও যেতে ভালো লাগে না। এক মেয়ে ও এক ছেলে এবং স্বামীর সঙ্গে গল্প-গুজব করতেই বেশি ভালো লাগে। গানের ব্যস্ততার বাইরে যতটুকু সময় পাই বাসায়ই থাকি। ঘরের সব কাজ আমি নিজ হাতেই করি।’ বলেন সামিনা।

ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ পড়েন। এরপর নিজ হাতে নাশতা বানান। তাঁর দুই সন্তান তেজী এ লেভেলে আর বীরবল পড়ছে ও লেভেলে।
টেলিিভশনে সামিনা চৌধুরীর পছন্দ ডিসকভারি চ্যানেল। এর বাইরে ক্রাইম পেট্রল অনুষ্ঠানটিও তাঁর পছন্দের তালিকায় আছে। অবসর সময়ে পড়তে ভালোবাসেন সামিনা। রবীন্দ্রসাহিত্য তাঁকে বেশি টানে। লেখালেখি করতেও ভালোবাসেন।
শিল্পী সামিনা চৌধুরীর পছন্দের শিল্পী আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর। এ ছাড়া গুলাম আলী, জগজিৎ সিং ও কিশোর কুমারের গান শুনতে ভালো লাগে। ভালো লাগে বাবা মাহমুদুন্নবীর গান। গান মনকে অন্য রকম এক প্রশান্তি এনে দেয় বলেন সামিনা।

নিজ হাতে নাশতা বানান
নিজ হাতে নাশতা বানান
কাজের ফাঁকে
কাজের ফাঁকে