
পর্দায় তিনি হাসান অনেক দর্শকদের। ছবি আঁকা, আসবাব তৈরি—সব নিজ হাতেই করেন। তিনি অভিনেতা সাজু খাদেম। পুরোদস্তুর শিল্পী। বেশি পছন্দ জিনস, টি-শার্ট। আনন্দে মেতে থাকতেই ভালোবাসেন।
সাজু খাদেম প্রতিদিন ঘুম থেকে উঠে যা মুখে নেন, তা পানি! বিছানার পাশে রাখা থাকে এক বোতল পানি। ‘ঘুম ভাঙলে তাই চালান করে দিই পেটে।’ এ তথ্যটা জানিয়ে অভিনেতা সাজু খাদেম শুরু করলেন আলাপচারিতা।
বিষয় ‘স্টাইল’। নিজেই সেটার দুটি ভাগ করে দিলেন—‘শুটিং থাকলে’ এবং ‘না থাকলে’। প্রথম অংশটি নির্ভর করে পরিচালকের ওপর। ‘চরিত্রের প্রয়োজনে’ ঠিক হয় স্টাইল আর পোশাকআশাক। শুটিং সঠিক সময়ে শেষ ও শুরুর ওপরও নির্ভর করে সেই দিনের জীবনধারা।
স্টাইলের আরেকটি অংশ সম্পূর্ণ নিজের। ‘আমি ঘুমাতে খুব পছন্দ করি। শুটিং না থাকলে প্রাণভরে ঘুমাই। সবাইকে বলা আছে আমি ঘুমালে যেন না ডাকা হয়।’
সাজু খাদেমের এই নিয়ম ভাঙার অধিকার একজনের আছে। ছেলে পটের। পুরো নাম সার্ধশ প্রজ্ঞান পট। কারণ বাবার সঙ্গে তার সময় কাটে ভালো। তাই বাবা বাসায় থাকলে তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ হেলায় হারাতে চায় না সে।

সাজু খাদেমের খাবার ঘরের পাশে একটা ছোট্ট খেলার জায়গা। বাবা-ছেলের খেলা এখানেই জমে ওঠে। বেইলি রোডের পুরো ফ্ল্যাটজুড়ে সাজু খাদেমের হাতের ছোঁয়া। ঘরের আসবাব থেকে শুরু করে ভেতরের অন্দরসাজ পর্যন্ত করেছেন তিনি ও তাঁর এক ভাই মিলে। আর দেয়ালে ঝোলানো চিত্রকর্ম তাঁরই আঁকা। সাজু পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বিষয়টা ছিল পেইন্টিং। এখন অবসর পেলে প্রায়ই ছবি আঁকতে বসেন তিনি। মাঝেমধ্যে ছেলেও যোগ দেন। তবে ছেলে আঁকে সরাসরি ঘরের দেয়ালে।
অবসর পেলে আরও একটা কাজ করেন সাজু খাদেম। ‘আমি খুব মাছ খেতে ভালোবাসি। তাই ছুটির দিনগুলোতে আমি প্রায়ই মাছ কিনতে বের হই।’ বেইলি রোডের বাসার পাশে আগোরা। সেখান থেকেই পছন্দের মাছ কেনেন।

আর আছে আড্ডা। ‘বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বসলে সময়ের হুঁশ থাকে না। আর যেদিন অবসর পাই, তার আগের দিনই বন্ধুদের ফোন করে বলে দিই আগামীকাল দেখা হচ্ছে। বাসার আশপাশে কোনো রেস্তোরাঁয় বসে যাই। না হলে বাসা তো আছেই।’ এই আড্ডায় যোগ দেন স্ত্রী প্রৈতী হকও।
বাইরে বের হলে সাজু খাদেম বেশি পরেন জিনস ও টি-শার্ট। বাসায় থাকলে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট। কিন্তু অনুষ্ঠান বা পার্টি থাকলে প্যান্ট, টি-শার্ট আর ব্লেজার। সংগ্রহে আছে অসংখ্য ব্লেজার। বেশির ভাগই ফিট এলিগেন্স থেকে কেনা। তবে সংগ্রহ খানিকটা বেড়েছে হ্যাট, বুট আর রোদচশমার কল্যাণে। সঙ্গে যোগ হয়েছে আক্ষেপও। ‘এই সব জিনিস আমার বেশি আছে বলে প্রায়ই হারিয়ে যায়। কদিন আগে দেশের বাইরে শুটিং করতে গিয়ে দুটো জিনিস রেখে চলে এসেছি। মানুষ নিয়ে আসে আর আমি রেখে আসি।’

সাজু খাদেম কেনাকাটা দেশেই করেন। উডল্যান্ড, ক্রসের জুতা পরতে পছন্দ করেন। জিনসের মধ্যে ডেনিম কেনেন বেশি। দেশের বাইরে গেলেও কেনাকাটা হয় বৈকি।
খাওয়াদাওয়ার বেলায় একটু অন্য রকম সাজু খাদেম। বললেন, ‘সকালে রুটি, সবজি, ডিমের বদলে আমাকে যদি বাসি ভাত, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভেজে একটা ডিম ভাজি করে দেওয়া হয়, তাহলে সেটা অমৃত। পরে যদি ধোঁয়া ওঠা এক কাপ দুধ-চা দেওয়া হয়, তাহলে তো কথাই নেই।’ এ ছাড়া খাবারের বিশেষ কোনো চাহিদা নেই তাঁর। সাজুর ভাষায়, ‘আমি আসলে “ফান লাভিং বয়”। খাওয়াদাওয়া, পোশাক-আশাক কিংবা অন্যান্য চাওয়া-পাওয়ার চেয়ে জীবনে আনন্দটাই বড় করে দেখি। মজা আছে তো আমি আছি। আর কিছু চাওয়ার নেই।’