‘সবার জন্য একটাই সাইজ, ওভারসাইজ’

ছবি: পেকজেলসডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন ঘুরে ঘুরে আসে। বলা হয়ে থাকে, প্রতি দশকে বদলে যায় ফ্যাশনের ধারণা। একেক দশকে একেক ফ্যাশন জনপ্রিয়তা পায়। তখন সেই ফ্যাশন ধরে ওই দশককে যায় চেনা। তবে ১৯২০ সালের পর থেকে সব সময়ই ছিল ‘ওভারসাইজড ফ্যাশন’। ইদানীং ফ্যাশনে ওভারসাইজড পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

ওভারসাইজ এ হট লুক
ছবি: ইনস্টাগ্রাম

ফ্যাশন ঐতিহাসিকেরা বলেন, ১৯২০ এর দশকের শুরুতে মার্কিন আর কানাডীয় নারীরা ভোটাধিকার পান। পান ঘর থেকে বেরিয়ে চাকরির অধিকার। এর আগের দশকে ফ্যাশনের ক্ষেত্রে পোশাকে বদ্ধ কোমরের ধারণাটা জনপ্রিয়তা পেয়েছিল। জনপ্রিয়তা পেয়েছিল নানা পদের বেল্টের ব্যবহার। কিন্তু নারীরা যখন ঘরের বাইরে বেরোনো শুরু করল, তখন ‘বাকি বিশ্ব (পুরুষ) তাদের কীভাবে দেখতে চায়’ এই ধারণা বদলে গিয়ে ‘নারীরা নিজেকে কীভাবে দেখতে চায়’ এই ধারণা জনপ্রিয় হলো।

‘ওভারসাইজড’ পোশাকে ফিল্মফেয়ারের কভারে ক্যাটরিনা
ছবি: ইনস্টাগ্রাম

তাই নারীরা কোন পোশাকে বেশি আরাম আর স্বস্তি পাচ্ছে, সেটিকে গুরুত্ব দিয়ে পোশাক তৈরি শুরু হলো। তখন ফ্রেঞ্চ ব্র্যান্ড শ্যানেল মার্কেট গবেষণা করে নিরীক্ষামূলকভাবে বাজারে আনে ওভারসাইজড ফ্রক আর সোয়েটার। সেটা ধারুণ জনপ্রিয়তা পাওয়ায় সেই আইডিয়া লুফে নেয় অন্যান্য ফ্র্যাশন ব্র্যান্ড। তারা শিশুদের পোশাক, মেয়েদের টপস, ছেলেদের টি–শার্ট থেকে শুরু করে ওভারকোট—একে একে সবকিছুই ওভারসাইজড হতে থাকে।

শী ইজ কুল ইন ওভারসাইজড
ছবি: ইনস্টাগ্রাম

ধীরে ধীরে ওভারসাইজড ফ্যাশনের জন্য তৈরি হয় গ্রামার। এখন তো ‘ওভারসাইজড’ ধারণা নিয়ে গ্রীষ্ম, শীত, বসন্তের ফ্যাশন উইকে আলাদা করে র‍্যাম্পও হয়। তারকারা হরহামেশাই ওভারসাইজড পরে বেরিয়ে পড়েন। ভেতরে অনায়াসে বাতাস চলাচল করতে পারে, আরাম আর স্বস্তিদায়ক বলে জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। ‘সবার একটাই সাইজ, ওভারসাইজ’ স্লোগান নিয়ে এই ফ্যাশনকে জনপ্রিয় করার মিছিলে দলে দলে শামিল হয়েছে তারকা ফ্যাশনিস্তা থেকে আমজনতা—সবাই।

জনপ্রিয় হচ্ছে ‘ওভারসাইজড’ ফ্যাশন
ছবি: ইনস্টাগ্রাম


সিঙ্গাপুরিয়ান ফ্যাশন ব্লগার ইভান ঝ্যাং তাঁর ইউটিউব চ্যানেল ‘ইয়োর অ্যাভারেজ জেন্ট’ চ্যানেলে ‘ওভারসাইজড’ পোশাক পরার ক্ষেত্রে পাঁচটি বিষয়ে সতর্ক করেছেন। একনজর চোখ বুলিয়ে নিন সেগুলোতে।

১. স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ। আপনার জন্য যেটা স্বাভাবিক তার এক বা দুই সাইজ বড় পরবেন। খেয়াল রাখবেন হাতের আঙুলগুলো যেন সবটা ঢাকা না পড়ে। তাহলে সেটা ‘ওভার ওভারসাইজড’। ওভারসাইজে হাতের তালু ঢাকা থাকবে, আঙুল বেরিয়ে থাকবে। টপসের ক্ষেত্রে আপনার হাত ঊরুর যতটা যায়, ততটা হবে। নতুবা মনে হবে, এটা ফ্যাশন নয়, আপনি অন্য কারও জামা পরে চলে এসেছেন!

‘ওভারসাইজড’ শার্টে বোল্ড লুক
ছবি: ইনস্টাগ্রাম

২. একসঙ্গে দুটো ওভারসাইজড পরা যাবে না। টি–শার্ট বা টপস যদি ওভারসাইজড পরেন, তাহলে প্যান্টটা নরমাল হতে হবে। উল্টোটাও হতে পারে। স্বাভাবিক একটা টপ বা টি–শার্টের সঙ্গে ওভারসাইজড প্যান্ট পরলেন। তবে ফ্যাশন নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের উপদেশ, ‘জাস্ট গো ফর অ্যান ওভারসাইজড টপ’।


৩. মনে রাখতে হবে ‘ওভারসাইজড’ কোনো ফরমাল ফ্যাশন না। কেবল ক্যাজুয়াল লুকের জন্য এই ফ্যাশন। ফরমাল পোশাক যেমন শার্ট বা কোট, সালোয়ার কামিজ—এগুলো ওভারসাইজড হলে ভালো দেখায় না।

৪. ওভারসাইজড এ শুকনা শরীরকে আরও শুকনা দেখায়। স্থূল শরীরকে আরও স্থূল দেখায়। হাইট যাদের কম, তাদের হাইট আরও কম দেখায়। তাই অ্যাভারেজ বডিতে ওভারসাইজডের স্বাধীনতা ভোগ করা যায়। নতুবা এক বা দুই সাইজের বেশি নয়।

ওভারসাইজড এ শুকনা শরীরকে আরও শুকনা দেখায়
ছবি: ইনস্টাগ্রাম

৫. যেকোনো একটা কিছু ওভারসাইজড হলে বাকি সবকিছু সিম্পল, ইজিগোয়িং’ রাখতে হবে। নতুবা সবকিছু ‘অন্য রকম’ হলে ভালো দেখাবে না। যেমন ওভারসাইজড টপ পরলে এর সঙ্গে স্বাভাবিক জুতা বা ঘড়ি পরুন। তাতে ওভারসাইজড ফ্যাশন পুরোপুরি ফুটে উঠবে। নতুবা আপনাকে যে দেখবে তার মনোযোগ বিঘ্নিত হবে। আপনার ওপর থেকে চলে যাবে আপনার পোশাকের ওপর। ফলে সেটা অন্যজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আপনার ব্যক্তিত্ব হয়ে উঠবে ‘কনফিউজিং’।