
সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। ভালোবাসেন রোদচশমা, হাতঘড়ি। গলায় থাকে তাঁর সৌভাগ্যের প্রতীক চেইন।
ছবি তোলার কথা বলতেই খানিকটা লজ্জা পেলেন সাব্বির রহমান। সেটা না লুকিয়েই বললেন, ‘ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দ নই! ’
তবে জড়তা ভাঙতে খুব বেশি সময়ও লাগল না। স্পাইক করা চুল, পরনে টি-শার্ট-জিনস, গলায় চেইন, চোখে রোদচশমা, হাতে ঘড়ি, পায়ে স্নিকার—ছবি উঠল ফটাফট! আর তাঁর বিশেষ চোখজোড়া তো আছেই। বিশেষ এ কারণে বলা, সাব্বির রহমানের চোখ সবুজাভ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সবুজ চোখের এই ছেলেটিকে সবাই বলে, চোখগুলো অন্য রকম।
ফ্যাশন নিয়ে বেশ ভাবেন দেখি! হাসলেন সাব্বির, ‘না, আসলে ওভাবে কখনো ভাবিনি। সব সময় খুব সাধারণ থাকার চেষ্টা করি।’

সাব্বিরের দিনগুলো দুই ভাগে বিভক্ত। ম্যাচ থাকলে এক রকম, না থাকলে আরেক রকম। বললেন, ‘ম্যাচ না থাকলে ঘুম থেকে উঠে গোসল করে নিই। এরপর নাশতা করে দিনের কাজ শুরু। অনুশীলন থাকলে অনুশীলন করি, নতুবা অন্য কাজ। আর খেলা থাকলে ঘুম থেকে উঠে গোসল করে নাশতা করি। এরপর মাঠের উদ্দেশে রওনা দিই।’
নিয়মিত জিম করেন, সাধারণত বেলা তিনটা-চারটার দিকে। বললেন, ‘জিনস, গ্যাবার্ডিনের প্যান্ট, টি-শার্ট কিংবা শার্ট—এ রকম ক্যাজুয়াল পোশাক পরি। আনুষ্ঠানিক পোশাক খুব একটা পরা হয় না। তবে কখনো অনুষ্ঠানে গেলে পরা হয় ব্লেজার, শার্ট এবং মানিয়ে যায় এমন প্যান্ট।’
পোশাকের রঙের ক্ষেত্রে নীল-সাদা প্রাধান্য পায় বেশি। প্রিয় ব্র্যান্ড আরমানি, লিভাইস, অ্যাডিডাস ও নাইকি। কেনাকাটা সাধারণত করা হয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ‘বিদেশ সফরে গেলে মোটামুটি এক বছরের পোশাক কিনে ফেলি।’ বলেন তিনি।
ঘরের বাইরে গেলে চোখে চশমা থাকবে সাব্বিরের। সে ক্ষেত্রে পছন্দ ওকলে বা রেভেনের রোদচশমা। ঘড়ি পরেন নিয়মিত। পছন্দের ব্র্যান্ড ডিজেল ও পুলিশ। জুতার ক্ষেত্রে তেমন পছন্দের ব্র্যান্ড নেই।
বেশির ভাগ সময় চলে যায় ক্রিকেটে। একটু পাওয়া অবসরে কী করেন? বললেন, ‘গান শুনি, ঘুমাই...এই তো! ’ এরপর দারুণ এক তথ্য দিলেন, ‘গিটার বাজাতে পারি, অবসরে কখনো কখনো গিটার বাজাই’।

টিভি খুব একটা দেখা হয় না। তবে সুযোগ পেলেই দেখেন টাইটানিক সিনেমাটি। আরেকটি বিষয়ও জানিয়ে রাখলেন, ‘মোশাররফ করিমের নাটকের আমি বেশ ভক্ত। সময় পেলে ইউটিউবে দেখি।’
বই পড়া হয় না? এই যেমন গল্প-উপন্যাস...থামিয়ে বললেন, ‘ক্লাসের বই পড়তে পড়তেই হাঁপিয়ে উঠি! অন্য বই কখন পড়ব! ’ জেনে থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির।
ঘুরতে যেতে সবচেয়ে প্রিয় জায়গা রাজশাহীর পদ্মার পাড়। সময় পেলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন সেখানে। ইট-পাথরের এ ঢাকায় পেশাগত কারণে থাকা হলেও সাব্বিরের মনটা পড়ে থাকে রাজশাহীতেই। মায়ের হাতের খিচুড়ি, সঙ্গে আলুভর্তা, আচাড় ও ইলিশ মাছ ভাজা—এটাই তাঁর প্রিয় খাবার।
নিয়মিত ব্যবহার করেন হোয়াইট গোল্ডের চেইন। ওয়েস্ট ইন্ডিজ থেকে কিনেছিলেন, ‘সৌভাগ্যের প্রতীক’ মানেন এটিকে। বাইকপ্রীতি রয়েছে সাব্বিরের। সংগ্রহে ইয়ামাহা এফজেডএস ও আরওয়ান ফাইভ মডেলের দুটো বাইক। একটা আছে ঢাকায়, আরেকটা রাজশাহীতে।
ব্যাট সংগ্রহের দারুণ বাতিক আছে। ছেলেবেলা থেকে এখন পর্যন্ত ব্যবহৃত বহু ব্যাট সাজিয়ে রেখেছেন ঘরে। ছেলেবেলায় যে সাইকেল চালিয়ে অনুশীলনে যেতেন, সেটিও সযতনে তুলে রেখেছেন। সোনালি স্মৃতি হাতছাড়া করতে যে একদমই রাজি নন তিনি!
আরও একটি শখ আছে, হ্যাটট্রিক বল সংগ্রহ করা। বললেন, ‘খুব বেশি হ্যাটট্রিক করা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিক করা বলগুলো রেখে দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটেও হ্যাটট্রিক করতে চাই। তাতে সংগ্রহটা সমৃদ্ধ হবে।’
তা-ই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বিরের হ্যাটট্রিক বল বাড়ুক আর দেশ নেচে উঠুক লাল-সবুজের জয়গানে।
