ভারতের ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে যে কজন বিপ্লব ঘটিয়েছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম দিকে লেখা থাকবে সব্যসাচী মুখার্জীর নাম। কলকাতায় তাঁর মূল ঘাঁটি হলেও সেখান থেকে তাঁর পোশাক পৌঁছে গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদে। ভারতের সীমানা পেরিয়ে ক্যালিফোর্নিয়া, আটলান্টা, লন্ডন, দুবাইয়ের ফ্যাশন মানচিত্রে স্থান করে নিয়েছে সব্যসাচীর নকশা করা পোশাক আর অলংকার।
বলিউড তারকারা হরহামেশাই সব্যসাচীর পোশাক গায়ে চাপিয়ে বড় বড় অনুষ্ঠানে দেখা দেন। এমনকি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিয়ের পোশাকের দায়িত্বও সব্যসাচীকে বুঝিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে থাকেন তাঁরা। দেখে নেওয়া যাক বলিউডের তিন আলোচিত বিয়ে, যেখানে কনেরা পরেছেন সব্যসাচীর নকশা করা পোশাক। এমনকি বরেরাও বাদ যাননি। তাঁরাও সব্যসাচীর সৃষ্টিশীলতাকে সঙ্গী করেছেন বিয়ের দিন।
আনুশকার গোলাপি লেহেঙ্গা
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে বিয়ে সারেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গোলাপি রঙের সুতোর এমব্রয়ডারি করা লেহেঙ্গা, ফ্লোরাল মোটিফ ডিজাইন—এই দিয়ে শুরু হয়েছিল অনুশকা শর্মার মেহেদি অনুষ্ঠানের সাজ।
বিয়ের পোশাকেও ছিল সেই ধারাবাহিকতা। বিয়ের দিন অনুশকা পরেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সেই লেহেঙ্গা পরে অনেকেই খুঁজেছেন। কিন্তু শর্ত ছিল, সেটি হবে এক পিসই। তবে আনুশকার বিয়ের লেহেঙ্গার ‘নকল’ আসতে সময় লাগেনি। অন্যদিকে বিরাট কোহলি আনুশকার সঙ্গে মিলিয়ে পরেছিলেন সাদার ওপর রুপালি জরির কাজের সিল্কের শেরওয়ানি।
দীপিকার লাল লেহেঙ্গা
দীপিকা পাড়ুকোনের বিয়ের অনুষ্ঠান হয়েছে বেশ কয়েক দিন ধরে। বিশ্বের সেরা ডিজাইনারদের দিয়ে বিয়ের বিভিন্ন পোশাকের নকশা করেছেন দীপিকা।
এক বছরের বেশি সময় ধরে চলেছে পরিকল্পনা। প্রতিটি পোশাকে ছিল ভারতীয় ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ। তবে ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের সময় পরেছিলেন সব্যসাচীর নকশা করা লাল লেহেঙ্গা। রণবীর সিংও বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল শেরওয়ানি পরেছিলেন।
প্রিয়াঙ্কার ফ্লোরাল ক্রিমসন রেড লেহেঙ্গা
একবার নয়, দুবার, দুই রীতিতে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথমবার খ্রিষ্টীয় রীতিতে, সাদা গাউনে। পরেরবার হিন্দু রীতিতে, লাল লেহেঙ্গা পরে। দ্বিতীয় বিয়ের লাল লেহেঙ্গা বানিয়েছিলেন সব্যসাচী। ক্রিমসন লাল রঙের।
লেহেঙ্গাজুড়ে হাতে কাটা, কুচি কুচি অরগ্যাঞ্জা ফুল। আর সেই ফুলের মাঝে সিয়াম-রেড ক্রিস্টাল বসানো। ১১০ জন সুচিশিল্পী ৩ হাজার ৭২০ ঘণ্টা ধরে বানিয়েছিলেন সেই লেহেঙ্গা।