
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

চলেন নিয়ম মেনে। সেই ১৭ বছর বয়স থেকেই শাড়ি তাঁর প্রিয় পোশাক। আজ থাকছে তাঁর স্টাইল।
ঘড়ির কাঁটার সঙ্গে চলে রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিটি দিন। একটা মুহূর্ত এদিক-সেদিক নয়। সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠেন। তবে ছুটির দিন হলে বড়জোড় আটটা-সাড়ে আটটা। এরপর রুটিনমতো আধঘণ্টা প্রাণায়াম করেন। সকালে দুধ-চিনি দিয়ে চা, সঙ্গে মুড়ি৷ নাশতা করা হলে রেয়াজ করতে বসে যান। ঘড়ির কাঁটা সকাল ১০টা ছুঁলে তৈরি হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন তিনি। এ ছাড়া রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী।
সব জায়গাতে পোশাক হিসেবে বেছে নেন শাড়ি। শাড়ি তাঁর প্রিয় পোশাক হওয়ার পেছনে শান্তিনিকেতনের একটা প্রভাব আছে। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমার বয়স তখন ১৭ হবে। হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেছি। ভর্তিও হয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কিন্তু আমার ইচ্ছা শান্তিনিকেতনে পড়ার। আব্বাকে রাজি করিয়ে অর্থনীতি বাদ দিয়ে রবীন্দ্রসংগীত নিয়ে পড়তে গেলাম। সে সময় সালোয়ার-কামিজ পরতাম। শান্তিনিকেতনে গিয়ে দেখলাম, সব মেয়ে শাড়ি পরে। সেই থেকে আমারও শাড়ি পরা শুরু।’
এতিহ্যবাহী শাড়ি পরতেই বেশি পছন্দ করেন তিনি। শীতকালে তসরের শাড়ি পরেন। সব সময়ের জন্য নানা ধরনের সুতির শাড়ি পরেন। এ ছাড়া শিফন ও গাদোয়াল শাড়িও পছন্দ করেন। শাড়ির সঙ্গে গয়নাও পরেন হালকা ধরনের। রুপা, মুক্তার গয়নাই বেশি পরা হয় তাঁর। বললেন, ‘আমার সাজপোশাক অনেকেই অনুসরণ করেন। বিশেষ করে আমার ছাত্রীরা। আর আমি যেহেতু শিক্ষক, ফলে রুচির ছোঁয়া রাখি সবকিছুতে। ব্যক্তিত্বের সঙ্গে মানায় না, এমন কিছু আমি ব্যবহার করি না।’ রেজওয়ানা চৌধুরী বন্যা দীর্ঘদিন ছায়ানটের শিক্ষকও ছিলেন।

সারা দিনে অনেক ছোটাছুটি করতে হয় বন্যাকে। তাই বড়সড় ব্যাগ শোভা পায় তাঁর হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুর পর্যন্ত থেকে চলে যান জিমে, সেখানকার পুলে সাঁতার কাটেন। ৫৭ বছর বয়সেও নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাঁতার কাটেন।
রেকর্ডিং বা অন্য কোনো কাজ না থাকলে বাসায় যান। মিষ্টি ছাড়া আর কোনো খাওয়ার প্রতি খুব একটা আকর্ষণ নেই। এমনিতে ভাত-ডাল-সবজি তাঁর ভালো লাগে।
বন্যার মেয়ে প্রিয়দর্শিনী, ছেলে অর্ক দুজনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেখাপড়া শেষ করে চাকরি করছেন সেখানেই। তাই বাড়িতে থাকলে দুপুরের খাওয়া স্বামী জি এইচ চৌধুরী ও মা ইসমাত আরা খানের সঙ্গে সেরে নেন। কাজ থাকলে বাইরেই ফল বা বিস্কুট-জাতীয় কোনো কিছু খেয়ে নেন।
বেশির ভাগ বিকেল ও সন্ধ্যার দিকে অনুষ্ঠান, সভা থাকে। সাধারণত কাজ শেষে বাড়িতে ফিরতে ফিরতে সাতটা-আটটা বাজে। এরপর রাতের খাবার খেয়ে বসে যান টিভিতে ভারতীয় ধারাবাহিক দেখতে। ১১টা পর্যন্ত দেখেন। তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কিছুক্ষণ রেয়াজও করেন।
ঘুমানোর আগে একটা না একটা বই হাতে থাকা চাই। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক যেকোনো বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, দেশ পত্রিকা, কালি ও কলম বেশি পড়েন। রেজওয়ানা চৌধুরী বলেন, ‘ঈদসংখ্যা, পূজাসংখ্যার ম্যাগাজিনগুলো পড়তে ভালোবাসি। একের ভেতরে নানা ধরনের সাহিত্য-কবিতা থাকে। একসঙ্গে একাধিক লেখকের লেখার স্বাদ পাওয়া যায়।’
নিজে রবীন্দ্রসংগীত গাইলেও লোকসংগীত, ডিএল রায়ের গান, অতুলপ্রসাদের গান ভালোবাসেন। কখনো কখনো গিরিজা দেবীর উচ্চাঙ্গসংগীতও তাঁর মনে অনাবিল প্রশান্তি এনে দেয়।

সপ্তাহের বৃহস্পতি ও শনিবার বরাদ্দ সুরের ধারার জন্য। সুযোগ পেলেই চলে যান ছেলেমেয়ের কাছে বেড়াতে। ঘুরতে খুব পছন্দ করেন। বারান্দা ও ছাদে নানা রকমের গাছের পরিচর্যা তিনিই করেন। বারান্দার ছিমছাম বাগান দেখে তা সহজেই বোঝা যায়।
বাড়িতে অবশ্য আরেকজনের জন্য তাঁকে সময় রাখতেই হয়। রেজওয়ানা চৌধুরীর ছোট বোনের মেয়ে নয়নতারা যে তাঁর ছায়াসঙ্গী। তাঁর বাড়িতে ঢোকার আওয়াজ পেলে পাশের বাসা থেকে চলে আসে ছোট্ট নয়নতারা। রাতে ঘুমানোর আগ পর্যন্ত তাঁর সঙ্গেই থাকে।
এত কিছুর মধ্যেও কখনো হয়তো মনটা হালকা বিষণ্ন হয়ে ওঠে। তখন গান শোনেন আর আকাশের দিকে তাকিয়ে থাকেন। মনের ভার কেটে যায়।