সাজে ফ্যাশনে বৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হালকা মেকআপ, গাঢ় লিপস্টিক, কোকড়ানো চুলের স্টাইল দেখা গেছে সারা বছর জুড়ে। মডেল: জুঁই, সাজ: রেড, পোশাক: ড্রেসিডেল, ছবি: সুমন ইউসুফ
হালকা মেকআপ, গাঢ় লিপস্টিক, কোকড়ানো চুলের স্টাইল দেখা গেছে সারা বছর জুড়ে। মডেল: জুঁই, সাজ: রেড, পোশাক: ড্রেসিডেল, ছবি: সুমন ইউসুফ

২০১৬ সালে সাজ-পোশাক, ফ্যাশনে বেশ বৈচিত্র্য দেখা গেছে। নতুন কিছু ফ্যাশন-ধারা দেখা গেছে বছরজুড়ে। কিছু ধারা যেমন যোগ হয়েছে, তেমনি হারিয়েও গেছে অনেক কিছু। সাজের বেলায় বছরজুড়েই মেকআপে হালকা বেজ জনপ্রিয় ছিল। চোখে কখনো হালকা মেকআপ, কখনোবা উজ্জ্বল আইশ্যাডো দেখা গেছে। ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিকের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। সালোয়ারে চাপা কাট ফিরে এসেছে এ বছর আবার। কামিজের দৈর্ঘ্যটা লম্বার দিকে এবারও। চুল হালকা কোঁকড়া করে কখনো বেঁধে রাখা হয়েছে, কখনোবা খোলা রাখার পক্ষেই ছিলেন অনেকে।

পুরোনোকে সরিয়ে নতুনকে গ্রহণ করাই সহজাত অভ্যাস। ফ্যাশনের ক্ষেত্রেও তাই। একেকটি বছর আসে আর আমরাও নতুন পালে হাওয়া লাগিয়ে ফ্যাশনের নতুন ধারা বেছে নিই। চলতি ২০১৬ সালেও এমন কিছু ভিন্ন ধারা নজর কেড়েছে। পোশাক থেকে শুরু করে চুল বিন্যাস—সবটাতেই ছিল ফ্যাশনের নতুন নতুন চমক।

.
.

কেইপ

এ বছর তরুণীদের পছন্দের তালিকার শুরুতেই ছিল কেইপ। লম্বা গাউন, টপ কিংবা শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন অনেকেই। এই কেইপের মধ্যেও দেখা গেছে বিভিন্ন কাটছাঁট। ওড়না কেইপ, কুঁচি দেওয়া কিংবা একটু ঘেরযুক্ত কেইপ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে অথবা বিপরীত রঙের কেইপ পোশাকে এক বাড়তি মাত্রা যোগ করেছিল। কেইপে আবেদন এখনো আছে।

.
.

সালোয়ারের কাটছাঁট
সালোয়ারের কাটেও বেশ পরিবর্তন দেখা গেছে। গত দু-এক বছর পালাজ্জো অনেকটা একচেটিয়াভাবেই রাজত্ব করে গেছে। ২০১৬ সালে সিগারেট প্যান্ট, চাপা কাটের পায়জামা, পেনসিল কাটের প্যান্ট চলে এসেছে ফ্যাশনে। পালাজ্জো এখনো যাঁরা পরছেন, ঘের কমিয়ে পরছেন, নিচের দিকে একটু ত্রিকোণ ঝুল, তার ওপর লেইস ও ফুলের কাজও যোগ হয়েছে। প্রিন্টের বিভিন্ন পালাজ্জো আর স্কার্ট প্যান্ট চলেছে সমানতালে।
২০১৬ সালের পুরো বছরই ফ্যাশনের প্রদর্শনী ফ্যাশন শোর আয়োজন দেখা গেছে। বাংলাদেশের ডিজাইনাররা দেশের বাইরেও তুলে ধরেছেন দেশি ফ্যাশনের ধারা। দেশের ফ্যাশন শোগুলোতে দেশি উপকরণের পোশাক দেখানো হয়েছে আধুনিক ধারায়।
প্রদর্শনী
‘প্রেরণার প্রকাশ’ শিরোনামে গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্যতিক্রমী পোশাকের প্রদর্শনীর আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। অংশ নেন ৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। দেশি সংস্কৃতির বিভিন্ন উৎসবসহ চারপাশে ছড়িয়ে থাকা বিষয়গুলোও ফুটিয়ে তোলা হয়েছিল এই প্রদর্শনীর পোশাকে। বাদ পড়েনি রানা প্লাজা ট্র্যাজেডিও।
১৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরের আয়োজনে জামদানি কাপড়ের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনীতে বসানো তাঁতে আঙুরলতা পাড়, সন্দেশ ফুল, তেরছা নকশা, করলা পাড়, আদার ফানা, কলকা, মদন, তেরছা করাত, শাপলা পাড়ে দুজন কারিগর বুনেছেন জামদানি।
দেশের বাইরে ভারতের শিলংয়ে এশিয়ান কনফ্লুয়েঞ্জ নদী উৎসবে ১৫ ও ১৬ জুলাই অংশ নেয় বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার ও নেপাল। ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার এবং আজিয়ার টুরিজমের ব্যবস্থাপনা পরিচালক শাহীদ হোসেনের উদ্যোগে ইন্ডিগো ডাইংয়ের পোশাক নিয়ে নিয়েছেন এতে। খাদি, সিল্ক, সূচিশিল্প ও নীলে রাঙানো এসব পোশাক নজর কাড়ে দেশি-বিদেশি দর্শনার্থীদের।
১৮ ডিসেম্বর ঢাকায় জামদানি সংরক্ষণ নিয়ে সেমিনার ও জামদানির বিভিন্ন মোটিফের প্রদর্শনীর আায়োজন করে বাংলাদেশ কারুশিল্প পরিষদ। জামদানির আসল নকশা সংরক্ষণের ব্যাপারে সচেতনতা তৈরি করাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য।

ইউনিলিভার বাংলাদেশের শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের আয়োজনে ফ্যাশন শো ‘অল থিংস হেয়ার’
ইউনিলিভার বাংলাদেশের শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের আয়োজনে ফ্যাশন শো ‘অল থিংস হেয়ার’

ফ্যাশন শো
এই বছরের সন্ধ্যাগুলোতে আলো ছড়িয়েছে ফ্যাশন শোর ঝলমলে বাতি। বিশেষ দিবস ছাড়াও র‍্যাম্পে বারবার উঠে এসেছে দেশি বুননের আয়োজন। কখনো নতুন রূপে, কখনো দেশিপনায়। বাদ পড়েনি চুল ও প্রসাধনসামগ্রী নিয়ে আয়োজনও।

এক মাসে তিন

তিনটি ফ্যাশন শোর আয়োজন হয়েছিল মে মাসে। ‘ফ্যাশন রানওয়ে ২০১৬’ শিরোনামে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘লাক্স-লুক অ্যাট মি ফ্যাশন রানওয়ে ২০১৬’ আয়োজন করা হয় ২৪ মে। এ আয়োজনে র‌্যাম্পে ছিল ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, লিপি খন্দকার ও শাহরুখ আমিনের ডিজাইন করা পোশাক।

ইউরোপের প্রসাধনী ব্র্যান্ড পায়েসের জন্য ২৮ মে সন্ধ্যায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে জমকালো এক ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। ফ্যাশন শোতে বাংলাদেশের বিয়ের সাজ ও পোশাক পরে মঞ্চে আসেন মডেলরা।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৭ মে অনুষ্ঠিত হয় সানসিল্ক ফ্যাশন ফিয়েস্তা ২০১৬। এই প্রতিযোগিতায় বিচারকেরা সেদিন ‘ফ্যাশন আইকন’ হিসেবে বেছে নিয়েছিলেন ময়মনসিংহ অঞ্চল থেকে তাসনোভা নূর, চট্টগ্রাম থেকে তাকসিন আক্তার এবং ঢাকা থেকে শামসুন্নাহার সুমিকে। বিচারক ছিলেন মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল, কোরিওগ্রাফার আজরা মাহমুদ ও চুল বিশেষজ্ঞ আবিদা সুলতানা। ইউনিলিভার বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে।

ট্রেসেমির জন্য দেশি বুননেই আধুনিক

খাদি, জামদানি, মসলিন, গামছা, বেনারসি ও পাহাড়ি তাঁত তার চেনা রূপ ছেড়ে টপ, কেপ, স্কার্ট হিসেবে মঞ্চ মাতাল গত ১৭ থেকে ১৯ নভেম্বর। রাজধানীর সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক উইভার্স ফেস্টিভ্যাল ২০১৬’-এর মঞ্চে বাংলাদেশি ডিজাইনারদের সঙ্গে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ডিজাইনাররা নিজ নিজ দেশের তাঁতে বোনা কাপড় তুলে ধরেন।

.
.

অমলিন খাদি
ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত খাদি উৎসবের দুই সন্ধ্যাতেই ছিল ফ্যাশন শো। আয়োজক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। ‘খাদি, দ্য ফিউচার ফেব্রিক শো’ স্লোগানে ফ্যাশন শো দুটিতে ১৭ জন দেশি ও ৭ জন বিদেশি ডিজাইনার তাঁদের খাদি কাপড়ের পোশাক তুলে ধরেন। খাদি কাপড়ে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনার মোটিফ তুলে আনা হয়।
আয়োজন চট্টগ্রামে
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার ১৮তম আসর বসে ৪ জুন, চট্টগ্রাম নগরের হল টোয়েন্টি ফোরে। মডেলদের র‌্যাম্প মাতানো ক্যাটওয়াকের পাশাপাশি ছিল গান-নাচ আর নানা চমক। একে একে নয়টি কিউতে প্রদর্শিত হয় পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও ফিউশন। ১১টি পুরস্কার পেয়ে সেরাদের সেরা হন জোবাইদা আশরাফ।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ট্রেসেমের নিবেদিত ফ্যাশন শো অনুষ্ঠিত হয় ৩ জুন। সারাহ করিম, আনোখি, জুরহেম, সালিতা নন্দা, নীতা লুলা, অগ্নিমিত্র পালের মতো খ্যাতনামা ডিজাইনারদের নকশা করা পোশাকে র‌্যাম্পে দ্যুতি ছড়ান মডেলরা। আলো ঝলমলে বর্ণিল এই আয়োজনে চুল সুরক্ষায় ট্রেসেমের নতুন পণ্য ‘আয়োনিক স্ট্রেংথ’কেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
চুল নিয়ে ঝলমলে সন্ধ্যায়
গত ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইউনিলিভার বাংলাদেশের শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্ক আয়োজন করেছিল ঝলমলে এক ফ্যাশন শোর। নতুন চার রংকে কেন্দ্র করে করা চারটি কিউতেই মডেলদের সঙ্গে ছিলেন একজন করে তারকা। ‘অল থিংস হেয়ার (এটিএইচ)’ শিরোনামের অনুষ্ঠানে নতুন সানসিল্কের ঘোষণা ছাড়াও চুলের পরিচর্যা ও স্টাইল-বিষয়ক অনলাইন সেবার কথা জানানো হয়।
ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন ট্রেড শোর। ৯ ডিসেম্বর রাতে তিনজন ডিজাইনার আর একটি ব্র্যান্ডের পোশাক নিয়ে এই আয়োজনে কোরিওগ্রাফার ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

মসলিনের রাত

ঢাকার আহসান মঞ্জিলে গত ৬ ফেব্রুয়ারি রাতে মসলিন নাইট মাতিয়েছিলেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের ১২ জন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। ঐতিহ্যবাহী মসলিন নিয়ে এই আয়োজনে মডেলদের পরনে উঠে এসেছিল মসলিনের আধুনিক সব পোশাক। উঠে এসেছিল জামদানিও। দৃক গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আড়ংয়ের মাসব্যাপী মসলিন উৎসবের সমাপ্তি ছিল এটি।

.
.

নতুন মাত্রায় জনপ্রিয় স্কার্ট
স্কার্ট সব সময়ই ছিল। তবে ২০১৬ সালে সেটা যেন চোখে পড়েছে বেশি বেশি। নকশায় ও কাটেও বাড়তি মাত্রা যোগ করেছে। বেশি ঘেরযুক্ত লম্বা, এক ছাঁটের ইত্যাদি কাটের স্কার্ট পুরো বছরটাই ফ্যাশনে বেশ জাঁকালোভাবেই ছিল। ফ্যাশন শোগুলোতেও স্কার্টের বিভিন্ন কাটছাঁট নজড়ে এসেছে বারবার। বিভিন্ন ফ্যাশন হাউস ট্রাইবাল মোটিফ, গাঢ় রঙের ট্রাইবাল স্কার্ট, লেস ও পাড় বসানো ক্ল্যাসিক স্কার্টও এনেছিল। তবে এবার স্কার্টের সঙ্গে কামিজ পরার চলটা নতুনত্ব নিয়ে এসেছিল পুরো লুকে।
প্রযুক্তি
বিভিন্ন ধরনের গেজেট কেনার প্রবণতা এ বছরও ছিল। আরও যেন বেড়েছে। স্মার্টফোন কেনার হার এ বছরও বেশ চোখে পড়েছে। তবে তার চেয়েও যেটা বেশি হয়েছে তা হলো, এসব ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা। সামাজিক মাধ্যমগুলোতে মেকআপ কীভাবে করবে, সেটা নিয়ে প্রতিদিনই ভিডিও শেয়ার করা হয়েছে। ফেসবুকে লাইভ করাটাও জনপ্রিয় হয়েছে। বিভিন্ন তারকা, ফেসবুক সেলিব্রেটি, ডিজাইনার ও রূপবিশেষজ্ঞরা তাঁদের ভক্তদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছেন। রন্ধনশিল্পীরাও ফেসবুক লাইভে রান্না শিখিয়েছেন।
ডিজিটাল ছাপা
এই বছরের নতুন আরেকটি ধারা ছিল ডিজিটাল প্রিন্ট। পোশাকে ব্লক প্রিন্ট, হাতের কাজ, টাইডাই ইত্যাদির পাশাপাশি ডিজিটাল প্রিন্টের নকশাও বেশ চোখে পড়েছে।

.
.

পোশাকে কাট
পোশাকে উঁচু-নিচু কাট বেশ চোখে পড়েছে এ বছর। অ্যাসিমেট্রিকাল কাটগুলো এবার যেন বেশ জাঁকালোভাবেই কামিজে ও কুর্তায় চোখে পড়েছে। কামিজের পেছনের দিকটা লম্বা, সামনের অংশ তুলনামূলক উঁচু ছিল। এই কাটটাই কিন্তু অনেকভাবে করা হচ্ছে এখনো। আগামী বছরেও দেখা যাবে বলে জানান বিশেষজ্ঞরা। লম্বা কামিজের সামনের অংশে বড় কাটা দিয়েও অনেকে পরেছেন। পাশাপাশি হাঁটু পর্যন্ত কামিজের চলও দেখা গেছে। এক ছাঁটের কামিজের পাশাপাশি ঘেরওয়ালা কামিজও ছিল। কামিজের ওপর লম্বা কটি পরার ফ্যাশনটা এ বছরও ছিল।

.
.

বর্ণিল চুলের ফ্যাশন
চুল রাঙানোর ফ্যাশন অনেক আগের। কিন্তু তাই বলে সেই গতানুগতিক রংগুলোর মাঝেই আটকে নেই আজকের ট্রেন্ড। শুধু লাল কিংবা বাদামির পরিবর্তে চেরি রেড, বারগ্যান্ডি, অমব্রে, স্ট্রবেরি ব্লন্ড, জেট ব্ল্যাক, কপার, গাঢ় বেগুনি চলটাই যেন ছিল বেশি। এ বছরের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড হলো অমব্রে আর মেহগনি। অমব্রে হলো মাথার ওপর থেকে হালকা রং হয়ে নিচে এসে একেবারে গাঢ় রঙের হয়েছিল। মেহগনির মধ্যে হালকা সোনালি আভা বেশ জনপ্রিয় হয়েছিল। এ তো গেল পুরো চুল। এ ছাড়া হাইলাইটের চল ছিল। এ ছাড়া লোলাইট কিংবা নিচের অংশে গোলাপি, নীল, সবুজ রংও ছিল ফ্যাশনেবল।

.
.

ব্লাউজ
ব্লাউজের নকশায় প্রতিবছরই কিছু না কিছু যোগ-বিয়োগ হয়। এবার কটি ব্লাউজ ছিল তেমনই একটি সংযোজন।

.
.

ঠোঁট রাঙাতে
এ বছরের ধারাটাই ছিল উজ্জ্বল রঙের বাহারি যত লিপস্টিক ব্যবহারের। ক্ল্যাসিক রং লাল তো রয়েছেই, সেই সঙ্গে কমলা, হট পিঙ্ক, বেগুনি, ডার্ক কফি রংগুলো ছিল শীর্ষে। পাশাপাশি নতুন কিছু রঙেরও লিপস্টিক দেখা গেছে চলতি বছরে। কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার সেই বেগুনি রঙা লিপস্টিক থেকেই যেন তরুণীরা উৎসাহিত হয়েছেন বেশি। গাঢ় রঙের বিপরীতে আবার হালকা রঙেরও ব্যবহার ছিল বেশ। কোরাল, বেবি পিঙ্ক, বেজ কালার, হালকা চকলেটও দেখা গেছে সমানতালে। এ তো গেল লিপস্টিকের রং নিয়ে যত কথা, লিপস্টিকের ধরন নিয়েই জেনে নেওয়া চাই। ম্যাট লিপস্টিকের ব্যবহারটাই যেন ছিল বেশি। একটা সময় ছিল যখন গ্লস লিপস্টিক বেশি চোখে পড়ত। এ বছর সেই আসনটা দখল করে নিয়েছে এই ম্যাট লিপস্টিক।

.
.

চোখ সাজাতে

চোখ সাজাতে আর কী লাগে? কাজল, আইলাইনার আর একটু আইশ্যাডো। সাজের এই উপকরণগুলো দিয়েই তো নিত্যদিন আমরা চোখ সাজাই। কিন্তু এই সাজেও যদি একটু ভিন্নতা যোগ না হয়, তাহলে যেন সাজটাই বৃথা। ২০১৬ সালের প্রথম কয়েকটি মাস চোখে কাজল লাগানোর নতুন ট্রেন্ড চালু হয়েছিল। রূপবিশেষজ্ঞরা এর নাম দিয়েছিলেন গ্রাফিক লাইনার।

.
.

চোখের বাইরে চারকোণা কিংবা ত্রিভুজের মতো রেখা টেনে চোখ আঁকা হচ্ছিল। আইশ্যাডোতে বেশ কিছু ট্রেন্ড এসেছে, গিয়েছে। পুরো চোখজুড়ে এক রঙের আইশ্যাডো লাগানোর চল এসেছিল। চোখের ওপরে গ্লিটার দিয়েও কয়েক দিন খুব চোখ রাঙাতে দেখা গেছে, ট্রেন্ডটা এখনো আছে।

.
.

ঘোরাঘুরি
বাইরে ঘুরতে যাওয়ার প্রবণতা বেড়েছে। বছরজুড়েই ছিল ছুটির রেশ। প্রায় প্রতি মাসেই কর্মজীবীরা দু-তিন দিনের ছুটি পেয়েছিলেন। এ কারণে বছরজুড়েই ছিল দেশের ভেতরে ও বাইরে ঘুরে বেড়ানোর ধারা।
রেস্তোরাঁর খাবার বাড়িতে
জীবনযাপনে একটা বড় পরিবর্তন হলো বাইরে খাওয়া অনেকটাই কমে গেছে আমাদের বা কথাটা এভাবে বলা যায় যে বাইরে গিয়ে খাওয়া কমে গেছে আমাদের। দোকানের খাওয়াগুলোই এখন বাড়িতে এনে বেশি খাওয়া হচ্ছে। ফুডপান্ডা, হাংগ্রি নাকি ইত্যাদি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে খাওয়ার অর্ডার দিচ্ছেন ক্রেতারা। পছন্দসই দোকানের সেই খাওয়াগুলোই বাড়িতে পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।

.
.

জামদানি
চলতি বছরের নভেম্বর মাসে পাওয়া গেল একটি সুখবর। জামদানি বাংলাদেশেরই হয়ে থাকল। জামদানি কাপড়ের আদিভূমি যে বাংলাদেশ, সেই স্বীকৃতি এল আন্তর্জাতিকভাবেই। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল পেটেন্ট অর্গানাইজেশনের (আইপিও) নিয়ম মেনে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিকাল ইনডিকেশন—জিআই) পণ্য হিসেবে নিবন্ধন করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনকে (বিসিক) এই জিআইস্বত্ব দেওয়া হয়েছে। শুধু জামদানি শাড়ির জিআই পেয়েছি আমরা তা-ই নয়; বরং জামদানিতে ব্যবহৃত নকশা দিয়ে তৈরি করা অন্যান্য পণ্যও যে বাংলাদেশের, সেই স্বীকৃতিও আমরা পাব। এর আগে ২০১৩ সালে জামদানিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

.
.

ইন্টারনেটে কেনাকাটা
ইন্টারনেটে কেনাকাটার চল আগেও ছিল। এ বছরে ভিন্নতা এনেছে দেশীয় পণ্য কেনার উৎসাহ। হাতে রং করা বিভিন্ন জিনিস কেনার প্রবণতা বেড়েছে ক্রেতাদের। ফোনের কাভার, জুতা, টি-শার্ট, কুর্তা, বালিশের কাভার ও ব্যাগ—সবকিছুতেই চলছে হাতে এঁকে দেওয়ার ট্রেন্ড। এককভাবেই চলছে এই প্রচেষ্টাগুলো। দেশেই অনেক তরুণ-তরুণী এগুলো বানাচ্ছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিক্রি করছেন। এ ছাড়া অনেক তরুণ-তরুণী ভিন্নধর্মী গয়নাও বানাচ্ছেন। এগুলোও বেশ চলছে।
অন্দরসজ্জা
অন্দরসজ্জায় প্রতিবছরই নতুন কিছু যোগ হয়। নিজের বাড়িটিকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা থাকে সবার মধ্যেই। তবে পুরো বছর ধরেই দেয়ালকে নতুন রূপে সাজানোর চেষ্টা চলেছে। দেয়ালকে যে আগে সাজানো হতো না তা নয়। তবে এ বছর দেয়াল সাজানোর প্রতিযোগিতাই যেন চলেছে। দেয়ালে কখনো ল্যাম্পপোস্ট আঁকা, কখনো বা গাছ এঁকে ছবি ঝুলিয়ে দেওয়া অথবা কখনো শুধু ওয়াল পেপার দিয়েই ঢেকে দেওয়া হয়েছে পুরো দেয়াল। ছোট, বড় আয়না, বিভিন্ন আকারের কারুকার্য করা প্লেট, শোপিস ইত্যাদি দিয়েই দেয়াল সাজানোর ধারা ছিল বছরজুড়ে। এর বাইরে একেকটি ঘরে একক ধরনের রং করানোর চলও ছিল বেশ। বাড়ি সাজানোতে শ্যাবি চিক স্টাইলটাও জনপ্রিয় হয়েছে।

.
.

গ্রন্থনা: রয়া মুনতাসীর ও নাদিয়া নাহরিন, খাদিজা ফাল্গুনী