সাত বছরের ক্যারিয়ারে সেটে কোনোদিন এক মিনিটও দেরি করিনি: বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের ৯ অক্টোবর তিনি জন্মেছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন হাসপাতালে, চোখ খোলা রেখে। জন্মে কাঁদেননি। কৌতূহলী চোখে চারপাশ দেখেছেন। তা দেখে বিস্ময়ের ঘোর কাটছিল না সেখানে উপস্থিত আত্মীয়স্বজনের। যেন পৃথিবী দেখার জন্য আর তর সইছিল না তাঁর। ডাচ মডেল মা ইয়োলান্ডা হাদিদ মেয়ের এমন জন্ম নিয়ে বলেন, ‘ও জন্মেছিল এমনভাবে, যেন মনে হচ্ছিল পায়ের ওপর পা তুলে দিয়ে এক হাতে সিগারেট আর অন্য হাতে মার্টিনি ধরে গম্ভীর মুখে চারপাশ পর্যবেক্ষণ করছে যে এ আমি কোথায় এলাম। ঠিকঠাক এলাম তো?’ বলছি সুপারমডেল বেলা হাদিদের কথা। যিনি জ্যামিতিক আর গাণিতিক মাপজোখ অনুসারে এই গ্রহের সবচেয়ে সুন্দরী নারী।

সুপারমডেল বেলা হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বেলার ফিলিস্তিনি বাবা মোহাম্মদ হাদিদ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি—এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) থেকে স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। পরে পেশা গড়েন রিয়েল এস্টেট কোম্পানিতে। বেলা, জিজি আর আনোয়ার—এই তিন ভাই–বোন ও বাবা–মা চলে আসেন বেভারলি হিলসে। তখন বেলার সবে ৪। এরপর তিনি যখন সপ্তম শ্রেণিতে উঠলেন, তখন পরিবার চলে এল মালিবুতে। ছোটবেলা থেকেই ফ্যাশন নিয়ে আগ্রহী ছিলেন। সপ্তাহে একদিন বা দুদিন ঘুরে ঘুরে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পছন্দমতো শপিং করতেন। এটা ওটা মিলিয়ে নিজের ফ্যাশন নিজেই তৈরি করেছিলেন।

বেলা হাদিদ এই গ্রহের সবচেয়ে সুন্দরী নারী
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বেলা যখন হাঁটা শেখা শুরু করেন, তখন থেকেই শুরু করেছেন ঘোড়ায় চড়া। নিজেও বেশি কথা বলতেন না। কেউ বেশি কথা বললেও ভ্রু কুঁচকে ফেলতেন। সেখান থেকে উঠে চলে যেতেন। চুপচাপ কাটিয়ে দিয়েছেন এক সোনালি ছেলেবেলা।

পোষা প্রাণীরাই বেলার সবচেয়ে ভালো বন্ধু
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘সামাজিক জীবন’ নিয়ে রীতিমতো ফোবিয়া ছিল তাঁর। কেউ গায়ে হাত দিলে হুট করে রেগে যেতেন। এমন মানুষের জন্য সফল মডেল হওয়া সহজ কথা ছিল না। তবে কঠিনকেই আঁকড়ে ধরেছেন নিজের সব নিয়ে। যখন বিশ্বের সেরা সুপারমডেল হয়েছেন, তখনো ছোট্টবেলার সাথি ঘোড়াই তাঁর অবসরের সেরা বন্ধু। তাই তো ‘ভোগ’–এর প্রচ্ছদকন্যা হয়ে দীর্ঘ বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষের মধ্যে আমি নিঃসঙ্গ হয়ে যাই। যখন আমি একা থাকি, নিজের সঙ্গে থাকি, তখন মনে হয়, আমি পূর্ণ।’

বেলাকে চেনা যায়?
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২৫ মিলিয়ন ডলার বা ২১৪ কোটি টাকার মালিক বেলা হাদিদ ১৫ বছর বয়সে প্রথম চাকরি শুরু করেন একটা ফলের দোকানে। সেখানে প্রতি ঘণ্টায় তাঁকে পারিশ্রমিক দেওয়া হতো ৬০০ টাকা। সেই দিনের কথা মনে করে তিনি বলেন, ‘আমার বাবা–মা দুজনেই অভিবাসী। অন্য একটি দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তাঁরা ক্যারিয়ার গড়েছেন। কঠোর পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। আমি তাই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত প্রতিটি পয়সার মূল্য বুঝি।’

সুপারমডেল বেলা হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নিজের সুপারমডেল হয়ে ওঠা রাতারাতি কোনো জাদুর কাঠির স্পর্শে হয়নি। সেই সত্য জানিয়ে বেলা বলেন, ‘অনেকে মনে করেন, মডেলিংয়ের চেয়ে আরামের পেশা আর হয় না। মডেলরা নাকি মডেল হয়েই জন্মান। তাঁদের কেবল খুঁজে বের করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ছবি তুলতে হয়। আর ঘুম ভেঙে দেখেন যে তাঁরা সফল মডেল হয়ে গেছেন। এটা একটা ডাহা মিথ্যা কথা।’

বেলা ও জিজি দুই বোন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছোটবেলা থেকেই শারীরিক ও মানসিক অনেক সমস্যায় জর্জরিত ছিলেন বেলা। ডিপ্রেশন, অ্যাংজাইটি, লাইম ডিজিস, ইটিং ডিজঅর্ডার, মাসল ডিজঅর্ডারসহ নানা ধরেনর জটিলতা ছিল। ওষুধ, ভিটামিন, সাপ্লিমেন্ট, সাইকোথেরাপি, হাইপারবারিক অক্সিজেন থেরাপি, মাসল পরীক্ষা, মেডিটেশন, কড়া ডায়েট, ফিজিওথেরাপি—প্রতিদিন চলত এগুলো।

বেলা ও জিজির মাঝে আনোয়ার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করে বেলা বলেন, ‘শুরুর তিন বছর আমি খুব ভোরে ঘুম থেকে একা উঠতাম। চোখে লেগে থাকত পানির দাগ। কেননা, প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম। ঘুম ভেঙে কাজে যেতাম। শুটিংয়ের মাঝামাঝি গ্রিনরুমের দরজা লাগিয়ে একা একা দুপুরের খাবার খেতাম। যা খেতে দিত, সেগুলো খেতে ইচ্ছা করত না। তারপর কাজ শেষ করে আশপাশে সস্তার একটা হোটেল দেখে ফিরতাম। বিষণ্নতা, হতাশা আর একগাদা ওষুধ সঙ্গী করে বিছানায় যেতাম। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়তাম, অনেক ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোম্পানির জন্য কাজ করেছি, একটি পয়সা পাইনি। ছোট ছোট ম্যাগাজিনের জন্য অডিশন দিয়েছি। ওরা বের করে দিয়েছে। এখন আমি আমার জেনারেশনের সেরা মডেল। আমি যে অবস্থার ভেতর দিয়ে গিয়েছি, অন্য কাউকে যেন এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে না হয়, এটা নিশ্চিত করতে পারলেই আমার সেই কঠিন দিনগুলো সফল হবে।’

ক্যারিয়ারের শুরুর দিনগুলো খুবই কষ্টের ছিল বেলার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘প্রথম তিন বছর পর আমি ধীরে ধীরে অভিনয়টা শিখে যাই। সেটা আমার ক্যারিয়ার গড়ে দেয়। ধরুন, আমি ভোর চারটায় চেয়ারে বসে থাকা মায়ের দুই হাঁটুর মধে৵ মুখ গুঁজে কাঁদছি যে আমার ভাগ্য খুবই খারাপ। আমি যে কাজ করে খাই, সেটাতে কোনো আনন্দ পাই না। আমি জীবনে কিছুই করতে পারব না। এভাবে বিশ্রী, জঘন্য একটা জীবন কাটিয়ে আমি মারা যাব। কেউ আমাকে মনে রাখবেন না। আমার বেঁচে থাকা বা মরে যাওয়াতে কারও কিছু আসে যায় না। এভাবে হাউমাউ করে কান্নাকাটির পর ভেতর থেকে সম্পূর্ণ ভাঙচুর হওয়া আমি চোখমুখে পানির ঝাপটা দিয়ে, হতাশা ও অসুখের চিহ্ন টিস্যুতে মুছে নিখুঁতভাবে মেকআপ নিতাম। সেটে গিয়ে তত দিনে একটু হাসতে শিখেছি। ভোরের প্রথম আলোয় শুটিং করতাম। এই সাত বছরের মডেলিংয়ের ক্যারিয়ারে কোনোদিন কেউ বলতে পারবেন না, আমি এক মিনিট দেরি করে সেটে বা শুটে গিয়েছি। আমি আমার প্রতি ফোঁটা রক্ত, মাংস আর ঘাম দিয়ে আজকের আমি হয়েছি।’ এভাবেই মডেল হিসেবে নিজের প্রতিষ্ঠা পাওয়ার দিনগুলোর কথা বলেন বেলা।

ফিলিস্তিনি মুসলিম হিসেবে গর্বিত বেলা হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

জীবনে এমন কোনো ভুল করেছেন, যে জন্য আফসোস হয়? ‘ভোগ’–এর এমন প্রশ্নের উত্তরে বেলা হাদিদ বলেন, ‘১৪ বছর বয়সে মা আর বড় বোনের (জিজি হাদিদ) পরামর্শে আমি নাকে প্লাস্টিক সার্জারি করাই। এ জন্য আমি আফসোস করি। আমি একজন গর্বিত ফিলিস্তিন। আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া নাকটা রেখে দিলেই ভালো করতাম। সেটা “সংশোধন”–এর কোনো দরকার ছিল না। যা কিছু আমার নিজস্ব, তা নিয়েই আমি সবচেয়ে সুন্দর।’ বেলা বলেন, ‘আমি সব সময় জানতাম, আমি আমার মা বা বোনের মতো সুন্দর নই। তাঁদের মতো সামাজিক জীবও নই। তাই এই ঘাটতি পূরণে আমাকে ২০০ ভাগ পরিশ্রম করতে হবে। আমি চোখমুখ বুজে স্রেফ সেটিই করেছি।’

মায়ের সঙ্গে জিজি ও বেলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আস্তে আস্তে বেলার নিজের কাজটা ভালো লাগতে শুরু করে। যদিও বেলাকে শুরুতে কেউ সহজভাবে নেয়নি। বেলা নিজেও বলেন, সহজভাবে নেওয়া যায়, এমন মেয়ে তিনি কোনোদিনই ছিলেন না। কিন্তু তাঁর সঙ্গে কাজ করে যদি কেউ খুশি না হতেন, সেটা বেলার ‘পাকস্থলী’জেনে যেত। তাঁর সঙ্গে কাজ শেষে সবাই পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত তিনি শান্তি পেতেন না।

বেলার ভালো বন্ধু ঘোড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এমনও হয়েছে এক শুটিং বিনা পয়সায় তিনি নিজ উদ্যোগে তিন দিন ধরে করেছেন। তারপর সবার মুখে যখন হাসি ফুটেছে, কেবল তখনই তিনি শান্তিতে ঘুমাতে গিয়েছেন। ধীরে ধীরে নিজের কাজের প্রতি তিনি আগ্রহী হয়ে ওঠেন। একসময় তিনি সেটে গিয়ে অন্যদের সঙ্গে কথা বলা, গল্প করা শুরু করেন। অন্যদের হাসি–তামাশায় অংশ নিতে শুরু করেন। কেন এভাবে সাজবেন, দাঁড়াবেন, এই এক্সপ্রেশন দেবেন—এগুলো কেবল জিজ্ঞেসই করতেন না, নিজের মতামতও দিতেন। তাই দেখে অন্য মডেলরা হাসাহাসিও করতেন। অবস্থা এমন যে ক্যামেরার সামনে পোজ দেওয়া ছাড়া অন্য সবকিছু উপভোগ করতেন বেলা। একসময় মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোয় ভালো লাগা শুরু করল। শেষমেশ দেখা গেল, সেটের সবাই ছিটকে পড়ল। কেবল বেলাই টিকে থাকলেন। হলেন সেরাদের সেরা।

গরুও পালেন বেলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এখন বেলা তাঁর জীবনের সব জটিলতা সামলে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। ছুটির দিনে দেরিতে ঘুম থেকে ওঠেন। নিজের হাতে স্মুদি বানান। ডায়েরি লেখেন। ঘোড়ায় চড়েন। মায়ের সঙ্গে দুপুরের খাবার খেতে খেতে টুকটাক গল্প করেন। বোন আর তাঁর মেয়ের সঙ্গে সময় কাটান। কোনো কোনো বিকেল কাটিয়ে দেন প্রকৃতি, পোষা গরু, ঘোড়া ও ময়ূরের সঙ্গে। বাগানে বসে ফুলের রং আর পাখির ডাক উপভোগ করেন।

আগের চেয়ে অনেক সুখী এই বেলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে