সিল্ক মসলিন অমলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরঙা সিল্ক শাড়িতেও বৈচিত্র্যময় সাজ, মডেল: দোয়েল, শাড়ি: দোয়েল সিল্ক, সাজ: ফারজানা মুন্নী, ছবি: কবির হোসেন
একরঙা সিল্ক শাড়িতেও বৈচিত্র্যময় সাজ, মডেল: দোয়েল, শাড়ি: দোয়েল সিল্ক, সাজ: ফারজানা মুন্নী, ছবি: কবির হোসেন

হ্যান্ডপেইন্ট, কাটওয়ার্ক, কাঁথাস্টিচ অথবা ব্লক-বাটিক কিংবা ভেজিটেবল ডাই। এমব্রয়ডারি, প্যাচওয়ার্কও চাই? কোন শাড়িতে পাবেন এই সব ধরনের নকশা? উপাদানটা মোটামুটি একই থাকল, হরেক নকশায় বেছে নিতে পারবেন একদম নিজের পছন্দের শাড়িটিই। মোটিফ আর বুননে বৈচিত্র্য অনেক বেশি আনা যায় সিল্ক শাড়িতেই। এত দিন বলাকা সিল্কটাই বেশি চলেছে, কয়েক বছর ধরে অ্যান্ডি আর মসলিনও যোগ হয়েছে সিল্কের সম্ভারে। জমকালো যেকোনো উপলক্ষে নজর কাড়তে সিল্ক শাড়ি সেরা, কথাটা বললে কি খুব ভুল হবে? তবে আরও থাকা চাই সাজ আর গয়নার বৈচিত্র্য। বলাকা সিল্কের ওপর জ্যামিতিক মোটিফে নানা নকশার ধাঁচটা পুরোনো হয়েছে। এখন মোটিফে বেশ নতুনত্ব এসেছে। পাশাপাশি পোলকা ডট, জ্যামিতিক বা লতাপাতার মোটিফে নকশা করা শাড়িও দেখা যাচ্ছে। সেগুলো নিত্যকার ব্যবহারের জন্য বেশ চলছে। আর জমকালো উপলক্ষে মসলিন, অ্যান্ডি সিল্কের শাড়ির চাহিদাই বেশি।

মডেল: দোয়েল,ছবি: কবির হোসেন
মডেল: দোয়েল,ছবি: কবির হোসেন

দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক জি এম আলমগীরের সঙ্গে কথা হলো সিল্কের এখনকার ট্রেন্ড নিয়ে। তিনি বলেন, ‘আমাদের শিল্পে একটা কথা বেশ প্রচলিত, পিওর সিল্ক ইজ পিওর গোল্ড। মানে খাঁটি সিল্ক আর সোনায় তেমন পার্থক্য নেই। আমরা এখন হাতে চালিত তাঁতে শাড়ি তৈরি করছি, এটি কিছুটা মোটা হয় যন্ত্রচালিত তাঁতের শাড়ি থেকে। আমরা মূলত উৎপাদক, এখন সিল্ক নিয়ে অনেক ফ্যাশন ডিজাইনার কাজ করছেন। তাঁরা আমাদের থেকে একরঙা কাপড় নিয়ে বৈচিত্র্যময় নকশা করছেন। এর ফলে সিল্ক শাড়ির জনপ্রিয়তা বেড়েছে বেশ।’ 
এখন জামদানি বা কাতান শাড়ির আদলে সিল্কেও নকশা করা হচ্ছে। তাতে শাড়ির জমকালো ভাবটা থাকছে, অথচ দামটা বেশ কমে আসছে। এমন জানালেন আড়ংয়ের ডিজাইনার মেহেদী হাসান। উজ্জ্বল রঙের ব্যবহার আড়ং সিল্কের বিশেষ বৈশিষ্ট্য, এখন আন্তর্জাতিক ট্রেন্ডও তাই।
সিল্কেরই দুটো প্রকার অ্যান্ডি আর মসলিন। রাজশাহী সিল্কের পাশাপাশি এ দুয়ের চাহিদাও এখন বেশ। বুনন আর টেক্সচারে ভিন্নতা আছে এসবের। অ্যান্ডি সিল্ককে অনেকে তসরও বলছেন। তবে দেখতে তসরের মতো হলেও এটি আসলে তসর নয়। তসরের মতোই কিছুটা খসখসে টেক্সচার এর। 
মসলিন শাড়ি পরলে ফুলে থাকে, এমন অভিযোগ অনেকের। এ সমস্যার সমাধানে আড়ং সিল্ক ও মসলিন সুতার মিশ্রণে একটু নরম কাপড় তৈরি করছে। সিল্ক আর সুতিরও মিশ্রণ হচ্ছে।
ভালো সিল্ক চেনার উপায় কী, জি এম আলমগীর জানালেন তা। সিল্কের ওজন যত বেশি তা মানে তত ভালো। তবে আজকাল পলেস্টার মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছে। এ জন্য তাই সিল্ক কেনার আগে সতর্ক থাকতে হবে। সিল্ক চিনতে সুতাটা একটু পুড়িয়ে দেখুন। খাঁটি হলে তা পুড়ে যাবে। কেনার আগেই চেষ্টা করুন এভাবে যাচাই করে নিতে।
দাম
সিল্ক শাড়ির দাম ২৭০০ থেকে ৩৫০০ টাকা। নকশার ওপর নির্ভর করে মসলিন আর অ্যান্ডি সিল্কের দাম। এগুলোর দাম ২৫০০ টাকা থেকে শুরু।
সিল্কে স্টাইল
সিল্ক, মসলিন বা অ্যান্ডি শাড়িতে এখন বেশ দেখা যাচ্ছে গাঢ় রঙের ব্যবহার। জমিনে গাঢ় নীল, সরষে, সবুজ, মেরুন, লাল, সাদা, ছাই এই রংগুলোর জনপ্রিয়তা বেশি। আঁচলে থাকতে পারে কন্ট্রাস্ট কোনো রঙের স্ট্রাইপ। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী মনে করেন, একরঙা শাড়ি বলেই তা একঘেয়ে হবে তা নয়। বৈচিত্র্য আনা যায় ব্লাউজের নকশা ও রঙে। যেকোনো কন্ট্রাস্ট রঙের ব্লাউজ পরতে পারেন। হ্যান্ডপেইন্ট বা কাটওয়ার্কের নকশা করা শাড়িগুলো তো বেশ জমকালোই। এর সঙ্গে রং মেলানো ব্লাউজ চলতে পারে। শাড়ি পরার ধাঁচে আনুন ভিন্নতা। ঘাগরার মতো কুঁচি দিয়ে শাড়ি পরতে পারেন। এক প্যাঁচে পরলেও মানিয়ে যাবে। থিমভিত্তিক সাজের বেলায় বেছে নিতে পারেন এই শাড়িগুলো। অ্যান্টিক ধাঁচের বা রূপার গয়না ভালো মানাবে সিল্ক শাড়ির সঙ্গে। একরঙা শাড়ি হলে পছন্দমতো কিছু গয়না পরে নিন। শাড়ি ফুলে থাকার যে সমস্যা তার সমাধানও দিয়েছেন মুন্নী। ‘পরার আগে কুঁচি আর আঁচল ভাঁজ করে নিন। সেফটিপিন লাগিয়ে ভাঁজগুলো ঠিক করুন। এবার ইস্তিরি করে নিন। শাড়ি পরে সেফটিপিন খুলে ফেলুন। তাহলে শাড়ি নষ্ট হবেনা।’

এ ধরনের শাড়ির সঙ্গে সাজগোজ হালকা হলেই ভাল। ব্লো ড্রাই করে চুল খুলে রাখুন, নিচের দিকে একটু রোল করে নিতে পারেন। মেকআপে রঙের ব্যবহার কমই রাখুন।

একরঙা বা হালকা রঙের শাড়ির সঙ্গে পরুন বাহারি গয়না
একরঙা বা হালকা রঙের শাড়ির সঙ্গে পরুন বাহারি গয়না