সিল্কের উষ্ণতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের আয়োজনেও দিব্যি চলছে সিল্কের স্কার্ট। মডেল: ইন্দ্রানী, পোশাক: ভিবজিওর বাই চাঁদনি, সাজ: পারসোনা, ছবি: সুমন ইউসুফ
দিনের আয়োজনেও দিব্যি চলছে সিল্কের স্কার্ট। মডেল: ইন্দ্রানী, পোশাক: ভিবজিওর বাই চাঁদনি, সাজ: পারসোনা, ছবি: সুমন ইউসুফ
একরঙা স্কার্ট হলে টপ রংচঙে
একরঙা স্কার্ট হলে টপ রংচঙে

অভিজাত। উষ্ণ। সিল্ক শব্দটির সঙ্গে জড়িয়ে থাকা এ যেন শুধুই শব্দ নয়, অনুভব। এককালে সিল্ক ছিল রাজকীয় পরিধেয় উপাদান। সময় পাল্টেছে। সেই রাশভারী সাজসজ্জার সুযোগ কিংবা আয়োজন এখন হয়তো নেই। কিন্তু শীত শীত এই মৌসুমে সিল্ক হতে পারে আপনার জন্য সবচেয়ে মানানসই পরিচ্ছদ। একটু ভিন্ন ধাঁচে, হতে পারে সেটি পার্টিতে পরার মতো স্কার্ট।

.
.

একস্ট্যাসির প্রধান ডিজাইনার তানজীম হক জানান, ফ্যাশনেবল পোশাক হিসেবে স্কার্ট সব সময়ই জনপ্রিয় ছিল। শীতের সময়ে স্কার্টের কাপড়টা উষ্ণ হলে ভালো। সেই নিরিখে স্কার্টটি সিল্কের হতেই পারে। সিল্কের বড় বৈশিষ্ট্য এর কোমল ও চকচকে ভাব। এ কারণেই অনেকে দিনের আলোয় সিল্ক পরেন না। তাই ফেসবুক পেজভিত্তিক অনলাইন শপ ভিবজিওর বাই চাঁদনির প্রধান ডিজাইনার উম্মে হাবিবা চাঁদনির উদ্ভাবন বেশ অভিনব। তিনি বললেন, সিল্কের চকমকে ভাবের বিপরীতে ব্যবহার করা উচিত এমন একটি কাপড়, যেটি ম্যাট লুক দেবে। এ ক্ষেত্রে সেরা হলো ভেলভেট। ভেলভেটও উষ্ণ একটি কাপড়, কিন্তু চকচকে ভাবটি অনেক কম। অভিজাত আবার আরামদায়ক উপাদান হিসেবে ভেলভেটের ব্লাউজ তো পরেছেন অনেকেই। সেটি দিয়েই হতে পারে স্লিভলেস কিংবা ফুলহাতা টপ। সিল্কের স্কার্ট আর ভেলভেটের টপ দিয়েই পুরো লুকটি করতে পারেন আপনি।

ডেনিম জ্যাকেট কিংবা শার্টের সঙ্গেও দারুণ মানানসই স্কার্ট
ডেনিম জ্যাকেট কিংবা শার্টের সঙ্গেও দারুণ মানানসই স্কার্ট

সিল্ক মানেই ভারী, চকচকে আর সেকেলে কাপড়, এ ধারণাটা পাল্টে গেছে এখন। সিল্কে এককালে এমব্রয়ডারির কাজ হতো অনেক। এখন প্রিন্টেড সিল্কের চল বেড়েছে সব জায়গায়। দেখতে যেমন ফ্যাশনেবল, পরতেও ভারি আরাম। তাই একস্ট্যাসি, ক্যাটস আই তো বটেই, ভিবজিওর বাই চাঁদনির মতো অনলাইন পেজগুলোতে চোখ বোলালেই আপনার চোখে পড়বে সিল্কের বাহারি লং স্কার্ট। আন্তর্জাতিক ফ্যাশনের ট্রেন্ড মেনেই তাতে মোটিফ হিসেবে এসেছে বড় বড় রঙিন ফুল। কখনো বা জ্যামিতির আঁকিবুঁকি। কিছু স্কার্ট শুধুই বড় বড় কুঁচির ঢেউখেলানো। কোমল ভাঁজে স্টাইলের ভিন্ন মাত্রা যোগ হয়েছে তাতে। তবে মনে রাখা ভালো, স্কার্টটি খুব রঙিন হলে টপটি সাদামাটা হোক।

.
.

এক রঙা হলে সবচেয়ে ভালো। আর স্কার্ট এক রঙা হলে টপ হবে একদম বিপরীত। হাজার রঙের মিশেল থাকুক তাতে। কাপড় কিনে বানিয়েও নিতে পারেন এমন স্কার্ট-টপ।
আর মেকওভার কেমন হতে পারে তাই ভাবছেন তো? খুব সাদামাটা। যেন সিল্কের সঙ্গে পাল্লা দিয়ে কোনোভাবেই জবরজং না দেখায় আপনাকে। বেজটা হবে ন্যাচারাল, চোখ আর ভ্রু দুটোর আকৃতি স্পষ্ট থাকবে। ঠোঁটে মানানসই লিপস্টিক আর হাতে বা গলায় এক লহরের গয়না। ব্যস, সিল্কেই অনন্য আপনি।