সুতি খাদির ঝলমলে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতি খাদির ঝলমলে আয়োজন
সুতি খাদির ঝলমলে আয়োজন


দুই দিনে দুটি ফ্যাশন শো। একেকটা কিউতে একেকজন ডিজাইনারের পোশাক। সব পোশাকের উপকরণ দেশি। একেবারে খাঁটি খাদি। ৯ ও ১০ ডিসেম্বর ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত খাদি উৎসবের দুই সন্ধ্যাতেই ছিল ফ্যাশন শো। আয়োজক ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)।

‘খাদি, দ্য ফিউচার ফ্যাব্রিক শো’ স্লোগানে ফ্যাশন শো দুটিতে ১৭ জন দেশি ও ৭ জন বিদেশি ডিজাইনার তাঁদের খাদি কাপড়ের পোশাক তুলে ধরেন। ডিজাইনাররা এবার খাদি কাপড়ে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা থেকে নকশার মোটিফ নিয়েছিলেন। কান্তজিউ মন্দির, বালিয়াটি রাজবাড়ি, পানাম নগর, বাঘা মসজিদ, ছোট সোনা মসজিদ, রূপলাল হাউস, তারা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি ও আতিয়া জামে মসজিদের নকশা উঠে এসেছে মোটিফ হিসেবে।

এ বছর খাদিতে বিশেষ অবদানের জন্য অরুণ গুহ ও শ্রী রাম চন্দ্র বসাককে মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হয়। দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ অনেকে।

এফডিসিবির প্রেসিডেন্ট ডিজাইনার মাহিন খান বলেন, ‘দ্বিতীয়বারের মতো খাদি উৎসব করলাম আমরা। দুবারই মানুষের সাড়া দেখে আমরা অভিভূত। খাদির সুদিন ফিরিয়ে আনতে পারলেই আমাদের আয়োজন সার্থক হবে। আর সে জন্য আমাদের প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।’ ফ্যাশন শোর পরে খাদির পোশাকগুলো আলাদা করে প্রদর্শন ও বিক্রি করা হয় গুলশানের গার্ডেনিয়া দ্য গ্র্যান্ড হল। দুই দিনের এই প্রদর্শনী শেষ চলবে আজ ১৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। ঠিকানা: বাড়ি ৮, সড়ক ৫১, গুলশান-২, ঢাকা।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ট্রেসেমে। সহযোগিতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বেঙ্গল গ্রুপ লিমিটেড। অন্যান্য পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, সেনোরা, সিটি ব্যাংক, বিএমডব্লিউ, কাজী অ্যান্ড কাজী টি ও ক্রাউন সিমেন্ট।

ফারাহ দিবার নকশা করা কামিজ, রূপলাল হাউসের নকশা করেছেন ফারাহ আনজুম বারী, বালিয়াটি রাজবাড়ির নকশা  লিপি খন্দকারের তৈরি পোশাকে, শ্রীলঙ্কার ডিজাইনার সোনালি ধার্মাওয়ারদেনার পোশাক
ফারাহ দিবার নকশা করা কামিজ, রূপলাল হাউসের নকশা করেছেন ফারাহ আনজুম বারী, বালিয়াটি রাজবাড়ির নকশা লিপি খন্দকারের তৈরি পোশাকে, শ্রীলঙ্কার ডিজাইনার সোনালি ধার্মাওয়ারদেনার পোশাক

যাঁদের পোশাক নিয়ে ফ্যাশন শো

৯ ডিসেম্বর: মাহিন খান, অনুজ শর্মা, বিপ্লব সাহা, লিপি খন্দকার, হুমায়রা খান, গৌরব গুপ্ত, চন্দনা দেওয়ান, তেনজিং চাকমা, মারিয়া ইসলাম, রিফাত রেজা, সোনালী ধর্মাওয়ারদেনা ও এড্রিক অং।

১০ ডিসেম্বর: এমদাদ হক, কারিশমা খান, ফারাহ আনজুম বারী, শৈবাল সাহা, অ্যান্তি গুরুং, নওশীন খায়ের, শাহরুখ আমীন, আফসানা ফেরদৌসি, কুহু, ফাইজা আহমেদ, ফারাহ দীবা এবং মৈনাক ও সাদ্ধা।

সাজ: ফারজানা শাকিল

​কোরিওগ্রাফার: ইমু হাশমি