সুনিপুণ নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা রকমের জ্যাকেট পছন্দ
নানা রকমের জ্যাকেট পছন্দ

৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। আবার বড়দিনের সময় চলে যান লন্ডন। এর ফাঁকে ১২ ডিসেম্বর কথা হয় নিপুণের সঙ্গে। শুরুতেই বলে দিলেন লন্ডন যাওয়ার কারণ, ‘আমার মেয়ে তানিশা লন্ডনের জর্জ গ্রিন স্কুলে এবার ইয়ার এইটে পড়ছে। বড়দিনের ছুটিটা মেয়ের সঙ্গেই কাটাতে চাই।’ এরপর নানাভাবে ক্যামেরাবন্দী হয় নিপুণের নানা মুহূর্ত।
নিপুণ বলেন, ‘শীত আমার অনেক মজায় কাটে। সাজগোজও ঠিক রাখা যায় সহজে। শীতের সময় সাধারণত নানা ধরনের জ্যাকেট, ওভারকোট, ব্লেজার পরতে ভালোবাসি।’ দেশে বা দেশের বাইরে শীতে নানা ধরনের পশ্চিমা পোশাক পরেন। গরম কফির মগ হাতে হয়তো একটা শর্ট ওভারকোট গায়ে জড়ালেন, তাঁর সঙ্গে বেছে নিলেন এক জোড়া বুট। সাধারণত অ্যালডো ব্র্যান্ডের বুট পরেন নিপুণ।

শীতে বাইরে গেলে ওভারকোট ও বুট পরেন নিপুণ। ছবি: কবির হোসেন
শীতে বাইরে গেলে ওভারকোট ও বুট পরেন নিপুণ। ছবি: কবির হোসেন

শীতের সময় জিনসের সঙ্গে জ্যাকেট পরেন। আর গরমের দিনে টি-শার্ট ও জিনস। পায়ে হাইহিল। কোনো পার্টি বা বিশেষ দাওয়াতে গেলে শাড়ি বেছে নেন। নিপুণ বলেন, ‘শাড়িতে একটা অভিজাত ভাব আছে, যদি সেটাকে ঠিকমতো পরা যায়। এই সময়ে শিফনের বদলে কাঞ্জিভরম বা কাতান শাড়ির চল দেখা যাচ্ছে অনেককে পরতে। আমিও তাই রাতের দাওয়াতে কাঞ্জিভরম পরব ঠিক করেছি। জমকালো সাজ তো থাকবেই। গলার গয়নার সঙ্গে মিলিয়ে হাতের ব্যাগ নেব।’
বাসায় থাকলে নিপুণ সাধারণত সালোয়ার-কামিজ অথবা ট্রাউজার আর টি-শার্ট পরেন। সুতির কামিজই বেশি পরা হয় তাঁর। সাজসজ্জায় সাধারণত ঠোঁটে লিপগ্লস আর চোখে আইলাইনারটা বেশি ব্যবহার করেন। সেটা একটু মোটা করেই দিচ্ছেন আজকাল। পোশাকের সঙ্গে মিলিয়ে চুলটা কখনো খুলে রাখেন, কখনো খোঁপা, পনিটেইল বা কোঁকড়া করে নেন। এসবের বাইরে নানা ধরনের জুতা ও ব্যাগের সংগ্রহ আছে নিপুণের। দেশের বাইরে গেলেই জুতা আর ব্যাগ কিনে আনবেন। দেশে থাকলে নিয়মিত জিম করেন গুলশান ক্লাবে। অবসরে বইপড়া, টেলিভিশন বা চলচ্চিত্র দেখা, ম্যাগাজিন, সংবাদপত্র এসবের সঙ্গেই কাটে বেশিটা সময়। আর গান শুনতে অনেক ভালোবাসেন।
প্রযুক্তির সঙ্গে কতটা সময় কাটে, প্রশ্নটা শেষ করার আগেই নিপুণের উত্তর, ‘আরে প্রযুক্তি দিয়েই তো জীবন চলছে। আইফোন সিক্স আসার পর তো ল্যাপটপের কাজও কমে গেছে। তা ছাড়া আমি ফেসুবক, স্কাইপ, ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসআপ, ইনস্টাগ্রামে নিয়মিত।’
স্বাস্থ্যসচেতন এই অভিনেত্রী সব ধরনের শর্করাযুক্ত খাবার এড়িয়ে চলেন। তবে চিনা ও তুর্কি খাবার ভালো লাগে। ত্বক ভালো রাখতে প্রচুর পানি পান করেন ও ফল খান।
গয়নার মধ্যে কানে একটা ছোট্ট টপ, গলায় চিকন চেইন আর নাকে নাকফুল পরেন। দেশ-বিদেশে বেড়াতে ভালোবাসেন। লাল, কমলা, গোলাপি, সাদা রং তাঁর প্রিয়। যেদিন শুটিং থাকে না সেদিন ব্যাংকের কাজ, জমানো কাপড় সেলাই করতে দেওয়া, ডিজাইনারদের সঙ্গে কথা বলে নতুন নকশার পোশাক বানানো, জিমে যাওয়া, বই পড়া এসব করেই সময় পার করেন। সব মিলিয়ে এই অভিনেত্রীর জীবন এখন সুনিপুণভাবেই চলছে।

জমকালো সাজে
জমকালো সাজে
বাসায় থাকলে সালোয়ার-কামিজ পরেন
বাসায় থাকলে সালোয়ার-কামিজ পরেন