স্নিগ্ধতার আমেজে
উফ, কী গরম! বাইরে বের হওয়াই এক ঝক্কির ব্যাপার, আবার নিমন্ত্রণ! সাজ-পোশাক নিয়ে চিন্তা তো হয়ই। কারণ, আলমারিতে থাকা জমকালো পোশাকগুলো এই আবহাওয়ায় পরাটা অস্বস্তিকর। আবার একেবারে সাদামাটাভাবেও যাওয়া যায় না। রূপবিশেষজ্ঞ আর ফ্যাশন ডিজাইনাররা জানিয়ে দিয়েছেন সমাধান।

স্নিগ্ধতার আমেজে দুপর-বিকেল
গরমের দিনে কালো বাদ, গাঢ় হলুদ, সবুজের মতো রংগুলো অন্যের চোখে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই রংগুলো পোশাকে ব্যবহার না করাই ভালো। এমন পরামর্শ দিলেন রঙের ডিজাইনার বিপ্লব সাহা। অনুষ্ঠানের ধরনটা কেমন হবে বা কারা থাকছেন সেখানে, এই বিষয়টির ওপর নির্ভর করবে পোশাকের ধরন। যেমন, অনুষ্ঠানের আয়োজনটা শুধু যদি বন্ধুদের জন্যই হয়ে থাকে, তবে ক্যাজুয়াল পোশাকই ভালো মানাবে। গরমের সময় পালাজ্জোটা বেশ স্বাচ্ছন্দ্য এনে দেয়। পালাজ্জোর কাটে আনতে পারেন ভিন্নতা। কোমর থেকে নিচ পর্যন্ত সমান ঘের দেওয়া পালাজ্জোর দুই দিকে চিকন করে পাইপিং লাগাতে পারেন। এর রংটা গাঢ় হলেই ভালো দেখাবে। তবে ফতুয়ার জন্য বেছে নিতে পারেন হালকা সবুজ, গোলাপি, সাদা না হলে আকাশি রং। থ্রি-কোয়ার্টার হাতার ফতুয়ার জমিনে ফুটে উঠতে পারে একই রঙের সুতা, অ্যাপ্লিক বা এমব্রয়ডারির কাজ। এবার গলায় জড়িয়ে দিন কাঠ বা পুঁতির তৈরি দুই বা তিন লহরের মালা। এদিকে ফরমাল কোনো অনুষ্ঠানে আরামদায়ক কাপড়ে তৈরি একটু ফিউশনধর্মী নকশার পোশাক পরার পরামর্শ দিলেন বিপ্লব সাহা। যেমন লিনেনের তৈরি পালাজ্জোর পায়ে থাকতে পারে ব্লকপ্রিন্টের নকশা। সুতির স্লিভলেস কামিজের ওপর পরতে পারেন লম্বা হাতার কটি।

সন্ধ্যা আর রাতের সাজে
রাতের আমন্ত্রণে পোশাকে একটু জমকালো ভাব তো আনতেই পারেন। আড়ংয়ের ডিজাইনার শাহিনা রাব্বী জানালেন, পাড়টা জমকালো এমন নকশার সিল্ক, হাফ সিল্ক, মসলিনের শাড়ি বেছে নিতে পারেন। শাড়ির জমিনজুড়ে থাকতে পারে একই রঙের সুতার কাজ। ব্লাউজটা জমকালো হলে ভালো দেখাবে। যেমন কাতান বা সিল্কের কাপড়ে তৈরি বোট নেক, হাই নেক বা কলার দেওয়া স্লিভলেস ব্লাউজেই পার্টি লুক ফুটে ওঠে। এ সময়টা সামনের চুলগুলো পাফ করে নিতে পারেন। পেছনের চুলগুলো হাতখোঁপা করে কানে বড় দুল পরে নিলেই সম্পূর্ণ হবে সাজ। সুতির শাড়িও পরতে পারেন। তবে সেটা পারিবারিক অনুষ্ঠানে হলেই ভালো হয়। এ ক্ষেত্রে হাতের কাজ বা অ্যাপ্লিক বসানো নকশার পাড়ের শাড়ি বেছে নেওয়ার পরামর্শ দিলেন এই নকশাবিদ। এবার বিপরীতরঙা ব্লাউজের সঙ্গে আঁচল ভাঁজ করে বা ছেড়ে রেখে, যেভাবেই পরুন না কেন ফুটে উঠবে উৎসবের আমেজ। যাঁরা শাড়ি পরতে অভ্যস্ত নন, তাঁরা ঘের দেওয়া কামিজ পরতে পারেন। কামিজের গলায় আর হাতে থাকতে পারে বিভিন্ন রঙের পাইপিংয়ের ব্যবহার। পুরো কাপড়টা জর্জেটের হলেও গলার নকশায় সুতির কাপড়ে থাকতে পারে ব্লকের কাজ।

সাজটা যেমন
এই সময় চেহারায় একটা পিংক টোন ফুটিয়ে তোলা যেতে পারে। দিনের বেলায় আইশ্যাডোর ব্যবহার না করাই ভালো। এ সময় চোখে হালকা আইলাইনার আর কাজল পরলেই ভালো দেখাবে। তবে রাতের সাজে চোখে বাদামি কোনো শেড ব্যবহার করতে পারেন। আর লিপস্টিকে গাঢ় রঙের ব্যবহারে ফুটে উঠবে স্টাইলিশ লুক।
তবে সময় ভেবে পোশাক নির্বাচন করলে অনেকটাই স্বস্তি মেলে বলে জানালেন মাকসুদা আক্তার প্রিয়তি। মিজ আয়ারল্যান্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন এই বাংলাদেশি মডেল। এখন দেশেও কাজ করছেন। জানালেন, দুপুর বা বিকেল বেলার আমন্ত্রণে হালকা রঙের সালোয়ার-কামিজ অথবা পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এই সময়টা মুখের ত্বকে থাকে হালকা ফাউন্ডেশনের ছোঁয়া। চোখে থাকে হালকা আইশ্যাডো আর একটু লম্বা করে টানা আইলাইনারের রেখা।
রাতের অনুষ্ঠানে সুতি আর সিল্ক মিশ্রণের শাড়ি বেছে নেন অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া। তিনি জানান, এ ধরনের শাড়ি গরমে বেশ আরামদায়ক। সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরলেই ফুটে ওঠে একটা জমকালো ভাব।