হাত-পা লম্বা পোশাকে অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বর্ণ জয়, ইসরায়েলের জাতীয় সংগীতের সুর চুরি থেকে শুরু করে বিল গেটসের হবু জামাইয়ের অলিম্পিকে নামা—নানা কিছু নিয়ে আলোচনায় থেকেছে টোকিও অলিম্পিক ২০২০। ১৭ দিনের উত্তেজনা, উৎকণ্ঠা, প্রত্যাশা আর আনন্দ-হতাশার শেষে উদ্বোধনী দিনের মতোই পরিমিত মাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো এবারের অলিম্পিক।

জার্মানির নারী জিমন্যাসটিকস দল
ছবি: ইনস্টাগ্রাম

জার্মানির নারী জিমন্যাস্টিকস দল আলোচনায় এল অন্য কারণে। না না, স্বর্ণ, রৌপ্য জেতা তো দূরে থাক, ফাইনালেই উঠতে পারেনি তারা। তবে এই দলকে টোকিও অলিম্পিক মনে রাখতে বাধ্য। কেননা, তারা আলোচনা সৃষ্টি করেছে হাত-পা ঢাকা পোশাক পরে। আর সিএনএনের বিশেষ প্রতিবেদনে এখন পর্যন্ত টোকিও অলিম্পিকে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলোর ভেতর এটি একটি। খেলায় নারীর পোশাকে ‘সেক্সুয়ালাইজেশন’-এর প্রতিবাদে তাঁরা এমন পোশাক পরেন।

জার্মানির একজন জিমন্যাস্ট
ছবি: ইনস্টাগ্রাম

খেলার মঞ্চে সাধারণত নারী জিমন্যাস্টদের বিকিনি-কাট লিওটার্ড পরতে দেখা যায়। হাত-পা ঢাকা লম্বা স্কিনটাইট পোশাকও যে পরেন না, তা নয়। তবে সেটা একান্তই ধর্মীয় বা ব্যক্তিগত কারণ ছাড়া দেখা যায়নি। কিন্তু এই নারী জিমন্যাস্টিকস দল এ রকম পোশাক পরেছে বিশেষ বার্তা দেওয়ার জন্য। আর সেটি হলো, স্পোর্টসে নারীর পোশাকের ক্ষেত্রে যে ‘সেক্সুয়ালাইজেশন’ বা সহজে বললে পুরুষের দৃষ্টিকে আরাম দেওয়ার জন্য পোশাক পরার প্রবণতার বিরুদ্ধে তাদের অবস্থান।

অলিম্পিকে জার্মান দলের একজন জিমন্যাস্ট
ছবি: ইনস্টাগ্রাম

এই দলেরই একজন জিমন্যাস্ট এলিজাবেথ সাৎজ বলেন, ‘কোন ব্যক্তি কী পরবেন, সেটা অন্য কেউ নির্ধারণ করে দেওয়ার অধিকার রাখেন না। আমরা বলতে চাই, একজন নারী কী পরবেন, সেটা একান্তই তাঁর সিদ্ধান্ত। খেলোয়াড়ের পোশাকে, বিশেষ করে নারী জিমন্যাস্টের পোশাকের যে সেক্সুয়ালাইজেশন, আমাদের অবস্থান তার বিপক্ষে। যে খেলোয়াড় যে পোশাকে স্বস্তিবোধ করবেন, তিনি সেই পোশাক পরার অধিকার রাখেন। আমাদের পোশাকের ডিজাইনের ক্ষেত্রে কী পরলে আমাদের শৈল্পিকভাবে সুন্দর দেখাবে, আবার আমরা আরামবোধ করব, এমন আউটফিট বেছে নেওয়া হয়েছে। আর এই পোশাকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কেননা, যখন আমরা কোনো পোশাক পরে আরাম আর স্বস্তি পাব, তখনই আমরা আত্মবিশ্বাসী অনুভব করব।’

এলিজাবেথ এ-ও জানিয়েছেন, এর মানে এই নয় যে তাঁরা আর লিওটার্ড পরবেন না। যখন ইচ্ছা হবে পরবেন। কিন্তু অন্য কেউ নির্ধারণ করে দিতে পারবে না যে তিনি কী পরবেন।