শীত যাই যাই করছে। খুব ভারী সোয়েটার, জ্যাকেট পরার দিন শেষ। প্রয়োজন হচ্ছে পাতলা একখানা চাদর। আর এই চাদরের কাজটাই এখন স্টাইলিশভাবে করে দিচ্ছে ফুলেল নকশার নরম কাপড়ের একটু বড় সাইজের ওড়না। শীত শেষের এই সময়ে ভারী কাজের ওড়নাগুলো বেশ চলছে।
তরুণীদের পছন্দের তালিকায় অনেকটা জায়গাজুড়ে আছে এই বাহারি ওড়না। তবে সব পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য ওড়নাগুলো তৈরি করা হচ্ছে মাল্টিকালারের ওপর, জানালেন টুয়েলভের সিনিয়র ডিজাইনার শুভাগত ভট্টাচার্য। ওড়নাগুলোতে থাকছে রঙিন সুতার কাজ। লেসেও আনা হয়েছে জমকালো আবহ। থাকছে বাহারি প্যাচওয়ার্ক।
একরঙা কামিজের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যায় এসব ওড়না। কুর্তা, শার্ট, টপ, ক্রপটপের সঙ্গেও হালকা চাদরের মতো এসব ওড়না ভালো মানিয়ে যায়। শীতের আরামও হয়, আবার দেখতেও খুব ট্রেন্ডি।
ফ্যাশনপ্রিয় মানুষেরা রং–নকশার সঙ্গে কাপড়ের ধরনটাও ঠিকঠাক বুঝে নেন। তাই সবার রুচি, পছন্দ বুঝে ফ্যাশন ডিজাইনাররাও কাপড়ের ওপর নিরীক্ষা করছেন। এসব ওড়নার ম্যাটেরিয়ালে থাকছে সুতি, লিনেন, ভিসকস। রাতের দাওয়াতে যেতে হলে দরকার গর্জিয়াস লুক। সে জন্য মসলিন, জর্জেট, সিল্ক, অ্যান্ডি সিল্কও বাদ যাচ্ছে না।
অনেকে বাহারি রঙের মিশেলের জন্য হালকা শীতে পাতলা ওড়নাগুলো পছন্দ করছেন। কোনোটায় হালকা সাদা রংকে প্রাধান্য দিয়ে ফুলের রঙের মিশেলে করা হচ্ছে বাহারি নকশা। কোনোটায় ফুলের কলি, কোনোটায় আবার দেখা যাচ্ছে ফোটা ফুল। কোনো কোনোটায় আবার উঠে এসেছে প্রকৃতির নানা অনুষঙ্গ। হালকা হাওয়ায় গায়ে জড়িয়ে রাখা ওড়নাগুলো সজীবতার পরশ বুলিয়ে যাচ্ছে।
চট করে কোথাও কাজ পড়ে গেলেও বড় মাপের এই ওড়না গায়ে জড়িয়ে অনায়াসে বেরিয়ে পড়তে পারেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বুঝবেন ওড়নাটির কদর। সন্ধ্যার ঠান্ডা বাতাস থেকে আপনাকে অনেকটাই স্বস্তি দেবে এসব ওড়না।