হাসিখুশি সালাম মুর্শেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুস সালাম মুর্শেদী, সাবেক জাতীয় ফুটবলার। এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বিজিএমইএর সাবেক সভাপতি। ভালোবাসেন গান শুনতে। ছোট মাছ, ভর্তা, ডাল তাঁর প্রিয় খাবার।
পুরস্কার ও স্মারকের সামনে
পুরস্কার ও স্মারকের সামনে
অফিসে ফর্মাল পোশাকে
অফিসে ফর্মাল পোশাকে
টি-শার্ট, প্যান্ট প্রিয় সালাম মুর্শিদীর। ছবি: সুমন ইউসুফ
টি-শার্ট, প্যান্ট প্রিয় সালাম মুর্শিদীর। ছবি: সুমন ইউসুফ

একটু কথা, একটু হাসি। ছবি তোলার সময়েও বললেন, ‘হাসলে কিন্তু আমার চোখ ছোট হয়ে যায়’ বলেই আবার হাসি।
এই হাসি সফল একজন মানুষের। যিনি খেলোয়াড় হিসেবে সফল, ব্যবসায়ী হিসেবেও, এমনকি পারিবারিক জীবনেও সফল। আবদুস সালাম মুর্শেদী। সত্তর থেকে আশির দশকের অন্যতম সেরা ফুটবলার। সেই সময়ে তিনি মাঠে নামলে দর্শক হৃদয় উদ্বেলিত হতো। ১৯৮২ সালে ফুটবলার কাজী সালাউদ্দিনের রেকর্ড ভেঙে ঢাকা লিগে তিনি করেন ২৭টি গোল। সে সময় তিনি ছিলেন মোহামেডানের খেলোয়াড়। ওই বছরই সালাম মুর্শেদী ভারতে আশিস জব্বার টুর্নামেন্টে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ১০ গোল করে ঢাকা মোহামেডানকে চ্যাম্পিয়ন করেন। দেশের ও বিদেশের মাটিতে ওই দুটোই সর্বোচ্চ গোলের রেকর্ড, যা এখনো অক্ষুণ্ন আছে। এ জন্য ফুটবলে জাতীয় পুরস্কার এবং পোশাকশিল্পে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছেন বহুবার। তাঁর গুলশানের বাড়িতে নিজের স্মারক ও সেই গোলগুলোর ছবি দেখিয়ে বললেন ফেলে আসা জীবনের গল্পগুলো।
‘আমার জীবনে একদিনে সব আসেনি। একটু একটু করে সব বদলেছে। বাবা শিক্ষক ছিলেন। সংসারে তেমন সচ্ছলতা ছিল না। ছোটবেলায় তিন বেলা ভাত খেতে ইচ্ছা করত। তখন দুই বেলা রুটি খেতাম। এখনো দুই বেলা রুটি খাই। তবে চিকিৎসকের পরামর্শে।’ বলেই হাসেন।
এমনিতে গরুর মাংস ভালো লাগে। তবে মাছের প্রতি আছে বিশেষ আগ্রহ। ছোট মাছ খুবই প্রিয় সালাম মুর্শেদীর।

মাঝে মধ্যে পাঞ্জাবি পরেন
মাঝে মধ্যে পাঞ্জাবি পরেন

নিজেকে ফিট রাখতে প্রতিদিন সকালে হাঁটেন। সময় পেলে খালি হাতে ব্যায়াম করেন। ‘স্পোর্টস ম্যান’ যেহেতু, তাই খেলার প্রতি টান এখনো আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি। এছাড়াও তিনি এখন রপ্তানিকারক সমিতি বাংলাদেশের (ইএবি) সভাপতি।
সালাম মুর্শেদীর প্রিয় ফুটবলার মেসি, ম্যারাডোনা। ইংলিশ প্রিমিয়ার লিগ থাকলে রাত জেগে খেলা দেখেন। ম্যানচেস্টার ইউনাইটেড দলের খেলা তাঁর ভালো লাগে।
সকাল সাতটা থেকে শুরু হয় তাঁর দিন। হালকা নাশতা সেরে অফিসের জন্য বের হন। গাড়িতে শোনেন পুরোনো দিনের বাংলা-হিন্দি গান। জরুরি ফোনগুলোও তখন সেরে ফেলেন।
সালাম মুর্শেদী বলেন, ‘অবসর খুব একটা মেলে না। শুধু কাজ, কাজ আর কাজ। এর ফাঁকে যতটুকু সময় পাই, সবটাই পরিবারের জন্য। পারিবারিক মানুষ আমি। প্রতি শুক্রবার রাতে দুই ছেলে ইশমাম, আইয়ান, মেয়ে শেহরীন, জামাই ও স্ত্রী শারমিনকে নিয়ে খেতে বের হই।’
চেষ্টা করেন ছুটির দিনে কোনো কাজ না রাখতে। পরিবারের সঙ্গে ঘুরতে ভালোবাসেন। আজ এ পর্যন্ত আসার পেছনে স্ত্রী শারমিন সালামের অবদান অনেক। যখন ব্যবসা নিয়ে দিন-রাত ব্যস্ত ছিলেন, সেই সময়টুকু পরিবারের সব কাজ সামলেছেন শারমিন। সালাম মুর্শেদীর পোশাক স্ত্রীই পছন্দ করে কিনে দেন। টি-শার্ট, প্যান্ট প্রিয় তাঁর। শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মার্ক অ্যান্ড স্পেনসার ব্র্যান্ড পছন্দ করেন। এ ছাড়া হ্যাগার্ড, মার্কিন ব্র্যান্ড ইগল ভালো লাগে। ছেলে ও জামাইয়ের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবিও পরেন।
আনুষ্ঠানিক সভাগুলোতে স্যুট, কোট, ব্লেজার পরা হয় সালাম মুর্শেদীর। আর নিজের যেহেতু তৈরি পোশাকশিল্প কারখানা আছে, সেখানকার ডেনিমও পরেন। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা পরেন। হাতে সব সময় ঘড়ি থাকে। সহধর্মিনীর দেওয়া হীরার আংটি আঙুলে পরছেন আজকাল।
বিকেলে বাড়িতে ফিরে ছোট ছেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। রাতে খাবার খান ১০টার মধ্যে। এরপর টিভিতে খেলা, খবর দেখেন। ঘড়ির কাঁটা রাত ১২টায় গেলে তাঁর কর্মব্যস্ত দিনটি শেষ হয়।

খেলোয়াড়ি জীবনটা মিস করলেও এখনকার ব্যস্ততাও তাঁর ভালো লাগে। এত মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছেন। প্রায় ২০ হাজার কর্মী আছেন তাঁদের প্রতিষ্ঠানে। সালাম মুর্শেদীর মতে, ‘কাজ ছাড়া থাকতে পারি না। কাজ না থাকলে কী হবে, ভাবতে পারি না। কাজই আমার জীবন।’