২০২২ সালের ফ্যাশনে যা কিছু রাজত্ব করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ সালের ৩১ ডিসেম্বর রাত ১২টায় সারা বিশ্ব যেন একটু বেশিই মেতে উঠেছিল উদ্‌যাপনে। বিশ্ব চরমভাবে আক্রান্ত ছিল মহামারিতে। ফ্যাশন শো তো দূরের কথা, মানুষ ঘর থেকে দুই পা বাইরে ফেলার আগেই ভেবেছিল দশবার। সেই দমবন্ধ অবস্থা থেকে অনেকটাই মুক্ত ২০২১। এ বছর বিশ্বের সেরা ফ্যাশন শোগুলো হয়েছে, সাড়া তুলেছে আর কেটে গেছে ফ্যাশন বিশ্বের আটকে থাকা গুমোট ভাব। ২০২২ সালের কালেকশনগুলোর আলোকে পিউরডটকম প্রকাশ করেছে একটি বিশেষ প্রতিবেদন। সেখানে তারা জানিয়েছে, কোন ফ্যাশনগুলো রাজত্ব করবে আগামী বছর।
নাইনটিজ ইজ ব্যাক
ছবি: সংগৃহীত

ফিরবে নব্বইয়ের দশক

এ বছর যেসব ডিজাইন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, তার বেশ কয়েকটা নব্বইয়ের দশক থেকে অনুপ্রাণিত। বলা হচ্ছে, নব্বইয়ের দশকের ফ্যাশন আবারও স্পটলাইটে। এর ভেতরে রয়েছে নানান রকম হ্যাট, ব্যাগেট ব্যাগ, টল স্কয়ার টো বুটস, শিথ ড্রেসেস, ম্যাক্সি–লেন্থ কার্ডিগানস ইত্যাদি। স্নিকার্স আর মিনিস্কার্টও নব্বইয়ের দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত। সিল্কের সিপ ড্রেসগুলোও খুব ট্রেন্ডি। এককথায়, ২০২২ সালে রাজত্ব করবে নব্বইয়ের ফ্যাশন।

রঙিন ম্যাক্সি ড্রেস
ছবি: সংগৃহীত

ফ্যাশনের দুনিয়া থাকবে রঙিন


বেশ কয়েক বছর ফ্যাশনের দুনিয়ায় রাজত্ব করেছে ন্যুড আর নিউট্রাল রং। সাদা, কালো, গাঢ় নীল, চাপা সাদা (অফ হোয়াইট), ক্রিম, ছাই এসব রং প্রাধান্য পেয়েছে। তবে ২০২২–এর ফ্যাশন হবে রঙিন। এ বছর ফ্যাশনের দুনিয়া শাসন করবে গাঢ় ম্যাজেন্টা, শর্ষে হলুদ, রুবি লাল, স্যাফায়ার নীল, এমার‍্যাল্ড সবুজসহ সব ‘জুয়েল কালারস’। যেকোনো রঙের উজ্জ্বল শেডগুলো প্রাধান্য পাবে। আর একটা রঙের সঙ্গে সেই রংটা ম্যাচিং করে পরা হবে, যেটা আপনি ভাবতেই পারবেন না। অর্থাৎ প্রাধান্য পাবে অপ্রত্যাশিত সমন্বয়।

কদর বাড়বে ঢিলেঢালা ডেনিমের

 ঢিলেঢালা ডেনিম

গায়ের সঙ্গে লেপ্টে থাকে, এমন জিনসই এতকাল হাতে তুলে নিয়েছেন ফ্যাশনিস্তারা। তবে সেটা ২০২১ পর্যন্ত। ২০২২–এর কথা আলাদা। এবার প্রাধান্য পাবে ঢিলেঢালা জিনস। এখানে প্যান্টের ক্ষেত্রে ঢিলেঢালা স্ট্রেইট–লেগ কাটস ধারায়। আর চলতি ধারায় আছে মম জিনস, বুটকাটস ও বয়ফ্রেন্ড জিনস। যেহেতু পরনে নিচের দিকে কাপড় বেশি থাকবে, তাই ওপরে একটা স্লিম–ফিট টি–শার্ট, টেইলরড ব্লেজার, ক্রপড সোয়েটার অথবা নিদেনপক্ষে মার্জিত ব্লাউজ টাকড–ইন পরার পরামর্শ দেওয়া হয়েছে।

২০২২ সালে অন্যতম আরামের পোশাক হবে প্রিন্টেড প্যান্ট
ছবি: সংগৃহীত

ছাপা প্যান্ট

এরই মধ্যে জিনস ও ট্রাউজারে দেখা যাচ্ছে স্নেক প্রিন্ট, চেকার বোর্ড, জেব্রা স্ট্রাইপস আর নানা ফুলফল। এটা আরও জনপ্রিয়তা পাবে ২০২২ সালে। সে ক্ষেত্রে ওপরে শার্ট বা টি–শার্ট যা–ই হোক না কেন, সেটা একটু সিম্পল হওয়াই ভালো।

মন জয় করবে ল্যাভেন্ডার রং
ছবি: সংগৃহীত

এ বছরের রং ল্যাভেন্ডার

বেশ কয়েক বছর বেগুনি রং ফ্যাশনে অতটা পাত্তা পায়নি। তবে ২০২২ সালে ল্যাভেন্ডার রং আপনার পোশাকের তিনটি অনুষঙ্গের যেকোনো একটি হওয়ার সম্ভাবনা বেশি। ধরুন আপনি একটি ট্রাউজার, ফ্লটি মিডি ড্রেস আর ব্লেজার পরেছেন। এই তিনের যেকোনো একটি ল্যাভেন্ডার হতে পারে। এগুলোর কোনোটা যদি না হয়, আপনার পায়ের জুতা বা হাতব্যাগ রাঙাতে পারে ল্যাভেন্ডার। মোদ্দাকথা, আগামী বছর ফ্যাশনে ল্যাভেন্ডার রং গুরুত্ব পাবে। বিশেষ করে পার্টিমুডের জন্য এটিকেই ধরা হচ্ছে আদর্শ রং।

বেছে নিতে পারেন সিকুইনের কাজ
ছবি: সংগৃহীত

সিকুইন আর দ্য কুইনস!

মানুষ একটা বিষাদময় সময় পার করে মনোযোগ দেবে পার্টির দিকে। আর সে জন্য তারা সব ম্যাড়মেড়ে পোশাককে পেছনে ফেলে তুলে নেবে সিকুইন বা চুমকির কাজ। সিকুইনকে বলা হয় ‘রিভেঞ্জ ড্রেসিং’। আর পার্টি, আড্ডা, মজা—এসবের জন্য মানুষ হাত বাড়াবে ওয়ার্ডরোবের সবচেয়ে ঝলমলে পোশাকের দিকে।

ট্রেন্ডি ব্যাগ
ছবি: সংগৃহীত

‘ডার্ক একাডেমিয়া’ বলে একটা বিষয় আছে ফ্যাশনে। এখানে কিছু গাঢ় রং অন্তর্ভুক্ত, যেগুলো সব সময়ই চলতি ধারা। যেমন কালো, নেভি ব্লু। এ রকম কিছু পোশাক আর অনুষঙ্গও আছে, যেগুলো সব সময় ট্রেন্ডি—চামড়ার বানিয়ে নেওয়া (টেইলরড) ব্লেজার, জ্যাকেট, কাঁধে ঝোলানো ব্যাগ, পার্টি পার্স আর ওভারঅলস। নিয়ম মেনে এগুলোও থাকবে ২০২২–এর ফ্যাশনে।