৫০ পেরিয়ে
মঞ্চের অভিনেতা আলমগীর। দর্শক আশা করেছিলেন কোনো সিনেমার গল্প বলবেন হয়তো। কিন্তু সিনেমার গল্প নয়, বললেন একটি হোটেলের গল্প। নাম—হোটেল সায়মন। কক্সবাজারের এই হোটেলটি সম্প্রতি ৫০ বছর পার করল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন রুপালি পর্দার এই অভিনেতা। ‘আমাদের সময় এখনকার মতো এত হোটেল ছিল না। শুটিং কিংবা বেড়ানো যা-ই হোক, কক্সবাজারে আমাদের একমাত্র অবলম্বন ছিল হোটেল সায়মন। এমনও হয়েছে, বছরে ৮-১০ বার গিয়েছি। অনেক স্মৃতি জড়িত হোটেলটির সঙ্গে।’ এমন কথা বললেন অনেকেই।
এ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা সিটির স্টার জোনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও হোটেল সায়মনের সহ-প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন। এদিন জানানো হয়, ১৯৬৪ সালে যাত্রা শুরু করে হোটেল সায়মন। সম্প্রতি পুরোনো হোটেলটি ভেঙে নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সায়মন হেরিটেজ রেসিডেন্স’ হোটেল নির্মাণের কাজ চলছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে বুকিংয়ে ১০ শতাংশ ছাড়সহ আরও অনেক সুবিধা থাকছে গ্রাহকদের জন্য। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।