'কলপ দিলে বুড়ো লাগে'

চুল পাকতে শুরু করেছে সেও তো এক দশকেরও বেশি পার হয়ে গেল। কিন্তু এ নিয়ে কোনো মাথাব্যথাই নেই হলিউড তারকা জর্জ ক্লুনির। পাকা চুল নিয়েই দেদার মারদাঙ্গা অভিনয় করে যাচ্ছেন তিনি। পাকা চুলই যে তাঁর স্টাইল।
অভিনয় তো বটেই, এই তো সেদিন হলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত পাকা চুলের ক্লুনি বিয়ে করলেন খ্যাতনামা আইনজীবী-সমাজকর্মী অমল আলামুদ্দিনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লুনি বলেছেন, চুলে কলপ দিলে পুরুষদের দেখতে বুড়ো লাগে বলেই মনে করেন তিনি।
জনপ্রিয় অভিনেতা ক্লুনি বলেন, ‘আপনার হাতে কয়েকটা বিকল্প আছে। বুড়িয়ে যেতে থাকেন কিংবা মরে যান। বেঁচে থাকলে বুড়ো হবেন এটা মেনে নিলে চলচ্চিত্রে আপনার চরিত্র, আপনি কে এবং লোকে আপনাকে কীভাবে নেবে সেসব রদবদলের সঙ্গে মানিয়ে নেওয়াটাও সহজ।’

কখনো চুলে কলপ দিতে চেয়েছিলেন কি না কিংবা প্লাস্টিক সার্জারি করার কোনো ইচ্ছা জেগেছিল কি না এমন প্রশ্নের উত্তরে ক্লুনি বলেন,‘স্পষ্টতই, আমি কখনোই চাইনি। এসব আমার কাছে কোনো ব্যাপারও না আর এগুলো কোনো বিকল্পও না। আমি মনে করি না এসবের কোনো মানে আছে।’
চুলে কলপ দেওয়া প্রসঙ্গে জর্জ ক্লুনি আরও বলেন,‘বিশেষত পুরুষদের ক্ষেত্রে এসব কার্যকর কিছু মনে হয়নি আমার। আমার আসলে মনে হয় এতে আরও বেশি বুড়ো দেখায়।’ পাকা চুলের এই অভিনেতা বলেন, ধীরে ধীরে বয়স হওয়ার এই প্রক্রিয়াটা ভালোবাসেন তিনি।
ই-অনলাইন ও পিটিআই অবলম্বনে।