ইউল্যাব একটি গবেষণামুখী শিক্ষাপ্রতিষ্ঠান: উপাচার্য

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তাঁদের ভাবনা জানিয়েছেন। এখানে পড়ুন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমান–এর বক্তব্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমান
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত করতে চায়। সুনাগরিক ও সমাজের জন্য দায়বদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে ইউল্যাব শিক্ষার পাশাপাশি কর্মমুখী পাঠ্যক্রম আর সময়োপযোগী বিষয় নিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। ইউল্যাবের মূল নীতিমালায় আছে বিশ্লেষণী চিন্তা (ক্রিটিক্যাল থিংকিং), যোগাযোগ, জীবনভর শিক্ষা (লাইফ লং লার্নিং), নেতৃত্ব ও টেকসই উন্নয়ন। এই মূল নীতিমালার আলোকে আমাদের শিক্ষার্থীরা বড় পরিসরে জ্ঞানার্জনের সুযোগ পায়, যা তাদের বৈশ্বিক নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়।

প্রাণবন্ত ক্যাম্পাস

মোহাম্মদপুরে আধুনিক স্থাপত্য বিন্যাসে আমরা নির্মাণ করেছি ইউল্যাবের দৃষ্টিনন্দন সবুজ ক্যাম্পাস। সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সুস্পষ্ট প্রভাব রাখে। ইউল্যাবে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে শিক্ষার্থীরা পড়তে আসে, তারা সবাই মিলে একটি বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায় তৈরি করেছে।

বিভিন্ন ক্লাব ও ফোরামের কার্যক্রম ইউল্যাবের ক্যাম্পাসজীবনকে প্রাণবন্ত করে তুলেছে। কো-কারিকুলার অফিসের অধীন ২৫টি সক্রিয় ক্লাব পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা ক্লাব কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে, যা তাদের ব্যক্তি ও কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পেশাজীবনে বিভিন্ন ধরনের সহায়তা দেয় ইউল্যাব ক্যারিয়ার সেন্টার অফিস। পেশাদার প্রশিক্ষণসহ ক্যারিয়ার–সহায়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এ অফিস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ শিক্ষার্থীদের পেশাগত পথ খুঁজে পেতে সহযোগিতা করে। শিক্ষার্থীদের পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক সমস্যায় পরামর্শ দেওয়ার জন্য আছে ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস। বিভিন্ন মানসিক সমস্যায় পরামর্শের জন্য আছেন সাইকো-সোশ্যাল কাউন্সেলর। ছাত্রছাত্রীদের আইনি পরামর্শের জন্য আছেন আইন পরামর্শক। ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক প্রয়োজনে ইউল্যাবের স্বাস্থ্যসেবা ও পরামর্শ সেন্টারের সহযোগিতা নিতে পারে।

মোহাম্মদপুরে ইউল্যাবের ক্যাম্পাস
ছবি: সাবিনা ইয়াসমিন

গবেষণা ও র‍্যাঙ্কিং

ইউল্যাব একটি গবেষণামুখী শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ছাত্র-শিক্ষক সবাই গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকেন। অভিজ্ঞ গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ আছে, যা তাদের গবেষণার দক্ষতা বিকাশ এবং গবেষণায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

ইউল্যাব বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে এ বছর ৭৫তম স্থান অর্জন করেছে ইউল্যাব। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে এ বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অবস্থান ষষ্ঠ। দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইউল্যাবের সমঝোতা চুক্তি আছে, যার ভিত্তিতে ক্রেডিট ট্রান্সফার করে কিংবা বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য উন্নত দেশগুলোয় যেতে পারে। ছাত্র-শিক্ষকদের প্রশিক্ষণ দিতেও সহযোগী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউল্যাবে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন মেধাবৃত্তির ব্যবস্থা আছে। সামগ্রিকভাবে যাঁরা একটি বৈচিত্র্যময় শিক্ষা পরিবেশ চান, তাঁদের জন্য ইউল্যাব হতে পারে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।