জন্মের সময় আমার ওজন ছিল মাত্র ১ কেজি ৮০০ গ্রাম
সন্ধ্যার পর এখন আর বের হওয়া যায় না। সূর্যটা ডুবে গেলেই হুট করে মারাত্মক ঠান্ডা পড়ে যায়। একটার ওপর আরেকটা কাপড় গায়ে দিয়ে বাইরে বের হওয়াটা তখন খাটাখাটনির কাজ। তাই মাঝেমধ্যে দুপুরের দিকেই একটু বাইরে যাই। বাইরে বলতে কাছে কোথাও!
আজকেও তা–ই করলাম। ১০ লিরায় একটা কোন আইসক্রিম কিনে রোদের দিকে পিঠ দিয়ে বসলাম পার্কের সিটে। এ সময়ে পার্কে এলাকার শিশুরা খেলে, দৌড়ায়। অনেক সময় ঠুস করে মাঠ বনাম হাঁটুর সংঘর্ষে ব্যথা পেয়ে ভ্যা ভ্যা করে কাঁদে। হন্তদন্ত হয়ে ছুটে আসেন মা, তাদের তুলে দেন। নতুন উদ্যমে আবারও বন্ধুর দিকে ছুটে যায় তারা।
আজ সঙ্গে ফুয়াদ নেই। একাই এসেছি। বসে বসে মানুষ দেখি, আইসক্রিম খাই আর মাথায় কত কী যে ঘুরতে থাকে! আস্তে আস্তে ঠান্ডার দিন, হিটারের দিন চলে আসছে। সেই সঙ্গে আমার দিনও ঘনিয়ে আসছে। শুরুর দিকে সপ্তাহ–দিন গুনে গুনে রাখা হতো। এখন শুধু মাথায় রাখি প্লাস–মাইনাস দুই মাস হাতে আছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় সাত মাস ফুরিয়েছে। যদিও ডাক্তার বলেছে বাচ্চা ছোট। ওজন কম। শুনে প্রথমে একটু ভয় পেলেও এখন সব তাঁর (সৃষ্টিকর্তার) ওপর ছেড়ে দিয়েছি। খাওয়াদাওয়া ঠিকমতো চালানোর চেষ্টা করছি। আর আমিও একই অবস্থায় ছিলাম। জন্মের সময় আমার ওজন ছিল মাত্র ১ কেজি ৮০০ গ্রাম। আট মাসেই দুনিয়ায় ল্যান্ড করেছি প্রি–ম্যাচিউরড বেবি হয়ে। অনেকেই ভেবেছিল হয়তো টিকব না! আমার নানু–নানাভাই পাখির ছানার মতো আমার আর আম্মুর যত্ন করেছিলেন।
পার্কে প্রায়ই হবু মায়েদের দেখি। হাঁটেন, না হয় রোদ পোহান। সূর্যমুখী, কুমড়োর শুকনা বীজ চিবাতে চিবাতে সঙ্গীর সঙ্গে গল্প করেন। তখন আমি আমার নানুকে বড্ড মিস করি। নানু সঙ্গে থাকলে খুব আরাম লাগত। সাহস করে একদিন শিঙাড়া বানাতাম তো আরেক দিন পাকন পিঠার কাই ধরতাম। যদিও নানুর পায়ে আগের মতো শক্তি নেই, তবে আগ্রহটা আছে। ছোট ছোট পায়ে নানুকে নিয়ে বিকেলে হাঁটতাম। নানু সাংঘাতিক রকমের গোছানো মানুষ। সারা দিন তাঁর হাত চলতে থাকে। হয় কাপড়ের আলমারি, না হয় গুঁড়া মসলার তাক ঝাড়ছেন। আমার কাছে থাকলেও তা–ই করতেন। সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমার ছোটমোটো বাসাটা নাটকের সেটের মতো ফিটফাট করে দিতেন! আমাকে নানা টিপস শিখিয়ে দিতেন। রান্নার ব্যাকরণ ঠিক করে দিতেন।
আফসোস, তুর্কি ভাষাটা এখনো বলতে পারি না। বুঝি। অনেকটাই বুঝি, কিন্তু তুর্কিতে জবাব দেওয়ার জড়তাটা এখনো আছে। কথা বলতে শিখে গেলে প্রতিবেশীদের সঙ্গে খাতির হয়ে যেত। তাদের দয়ার মন, মিশুক, আন্তরিক। আমরা যে বিল্ডিংয়ে থাকি, এখানকার সব প্রতিবেশীই দারুণ। কিন্তু ওই যে, কথা বলতে পারি না। তাই প্রতিবেশীরা আর বাসায় আসে না। ভাবের আনা–নেওয়া না হলে মিশবে কেমন করে?
যখন যে অবস্থায় আছি, সে অবস্থাতেই খুশি থাকার চেষ্টা করি। বেছে বেছে ভালোগুলোয় নজর দিই। একা লাগার দিনগুলো চলে যাবে। আমার কন্যা আসছে। আমার বড় মেয়ে। আমার ছোট্ট ‘বান্ধবী’। কিছুদিন পর তাকে স্ট্রলারে নিয়ে পার্কে আসব। আমরা মা-মেয়ে একসঙ্গে রোদ পোহাব। সুন্দর দেখে কিছু জামা কিনেছি ওর জন্য। অনলাইনে স্ট্রলার আর শিশুদের খাট দেখছি। আমার পুতুলা কন্যার নামও রাখা শেষ। এখন শুধু অপেক্ষা।