স্তন ক্যানসার স্ক্রিনিংয়ে ম্যামোগ্রাম কখন করবেন
ব্রেস্ট ক্যানসার বা স্তন ক্যানসার নারীদের অন্যতম ক্যানসার। তবে আশার কথা হলো, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার সুযোগ ও সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু শুরুতে অনেক সময় কোনো ব্যথা, চাকা বা স্পষ্ট উপসর্গ থাকে না। এ কারণেই বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। স্ক্রিনিংয়ে কিছু পদ্ধতি অনুসরণ করা হয়।
সাধারণ ঝুঁকির নারীদের ক্ষেত্রে ৪০ থেকে ৭৪ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছরে একটি স্ক্রিনিং ম্যামোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। ম্যামোগ্রামের উদ্দেশ্য হলো কোনো উপসর্গ হওয়ার আগেই স্তনের সন্দেহজনক পরিবর্তন বা ক্যানসার শনাক্ত করা।
তবে সবার ঝুঁকি এক নয়। যাঁদের বিআরসিএ–১ বা বিআরসিএ–২ জিনের মিউটেশন, খুব শক্তিশালী পারিবারিক ইতিহাস, অল্প বয়সে শরীরের ঊর্ধ্বাংশে রেডিয়েশন নেওয়ার ইতিহাস থাকে, তাঁদের জন্য আরও আগে এবং ঘন ঘন স্ক্রিনিং প্রয়োজন হতে পারে।
অনেকের ক্ষেত্রে ৩০ বছর বয়স থেকে প্রতিবছর ব্রেস্ট এমআরআইয়ের সঙ্গে ম্যামোগ্রাম বিবেচনা করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
৭৫ বছরের পর নিয়মিত স্ক্রিনিং চালিয়ে যাওয়া হবে কি না, তা নির্ভর করে ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য, অন্যান্য রোগ, সম্ভাব্য আয়ু এবং চিকিৎসকের পরামর্শের ওপর। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। স্তনে নতুন চাকা, নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক স্রাব, ত্বক কুঁচকে যাওয়া, নিপল ভেতরে ঢুকে যাওয়া কিংবা স্তনের আকারে নতুন পরিবর্তন হলে স্ক্রিনিংয়ের বয়সের জন্য অপেক্ষা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখুন, স্ক্রিনিং উপসর্গ দেখা দেওয়ার পর নয়। বরং উপসর্গের আগেই রোগ শনাক্ত করার চেষ্টা।
ডা. আরমান রেজা চৌধুরী, ক্যানসার বিশেষজ্ঞ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা