টাঙ্গাইলের এই জাদুঘরে আছে মুক্তিযুদ্ধের অমূল্য সব স্মারক, দেখে নিন তারই পাঁচটি
টাঙ্গাইলের ‘শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর’। নিজের নামে জাদুঘরটি প্রতিষ্ঠা করে গেছেন টাঙ্গাইল জেলা মুক্তিবাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলম শহীদ। ২০০৭ সালে তাঁর সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের অমূল্য সব স্মারক নিয়ে জাদুঘরটি চালু করেন। ২০২১ সালে শহরের ইছাপুরী লজ থেকে শহরতলির এনায়েতপুরে জাদুঘরটি স্থানান্তর করা হয়েছে। এই জাদুঘরের উল্লেখযোগ্য কয়েকটি স্মারক নিয়ে লিখেছেন কামনাশীষ শেখর
প্রশাসনিক ব্যবস্থা
১৯৭১ সালের ৩ এপ্রিল টাঙ্গাইলে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করে। তাদের প্রতিরোধে অল্প কিছুদিনের মধ্যেই কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠে বিশাল বাহিনী। এর নামকরণ করা হয় কাদেরিয়া বাহিনী। এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করা হয় সখীপুরের পাহাড়ি এলাকার মহানন্দপুরে। বীর মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলের বিশাল এলাকা হানাদারমুক্ত রেখেছিলেন। মুক্তিবাহিনী মুক্তাঞ্চলে গড়ে তোলে প্রশাসনিক ব্যবস্থা। তাদের দাপ্তরিক কাজে পাকিস্তান সরকারের কোনো স্ট্যাম্প ব্যবহার হতো না। তার পরিবর্তে জমিজমা রেজিস্ট্রি, চুক্তিপত্রের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পও তৈরি করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। জনসাধারণ এই স্ট্যাম্প কিনেই সব কাজ করতেন। মুজিবনগর সরকারের তথ্য বিভাগের প্রচারপত্রে মুক্তিবাহিনীর এসব কর্মকাণ্ডের খবর প্রচার করা হয়েছিল।
সংবাদপত্র
টাঙ্গাইলের মুক্তাঞ্চল থেকে রণাঙ্গন সংবাদপত্রও প্রকাশিত হতো। মুক্তিযোদ্ধাদের সফল অভিযান, বীরত্বের খবর গুরুত্বসহকারে এই সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করা হতো। তারপর ছড়িয়ে দেওয়া হতো মুক্তিযোদ্ধাদের ক্যাম্পসহ গ্রামগঞ্জে। মুক্তিযোদ্ধাদের বীরত্বের খবর পড়ে মুক্তিকামী মানুষের মনোবল বাড়ত। রণাঙ্গন-এর সম্পাদক ছিলেন আনোয়ার উল আলম। তিনি ‘রণদূত’ ছদ্মনামে পত্রিকাটি সম্পাদনা করতেন।
জাহাজের যন্ত্রাংশ
পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্র, গোলাবারুদসহ রসদ নিয়ে ঢাকা থেকে সাতটি জাহাজ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ১৯৭১ সালের ১১ আগস্ট রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ধলেশ্বরী নদীতে পৌঁছালে বহরের দুটি জাহাজে আক্রমণ চালায় মুক্তিবাহিনী। জাহাজ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। তারপর জাহাজ দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি ‘জাহাজমারা যুদ্ধ’ হিসেবে পরিচিতি লাভ করে। এই যুদ্ধের নেতৃত্ব দানকারী মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান ‘জাহাজমারা হাবিব’ নামে খ্যাতি অর্জন করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরবিক্রম খেতাবে ভূষিত করে। জাহাজের একটা অংশ আছে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরে।
মিত্রবাহিনীর প্যারাস্যুট
১৯৭১ সালের ১০ ডিসেম্বর টাঙ্গাইলে এক ব্যাটালিয়ন ভারতীয় ছত্রীসেনা অবতরণের কথা মুক্তিবাহিনী আগে থেকেই জানত। সেদিন বিকেলে কালিহাতীর পৌলি, মহেলা, চিনামুড়া, চামুরিয়া, ভুক্তা এলাকার আকাশ মিত্রবাহিনীর ছত্রীসেনায় ছেয়ে যায়। সন্ধ্যার আগে আগে প্যারাস্যুট নিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসেন তাঁরা। মুক্তিযোদ্ধারা তাঁদের সঙ্গে যোগ দেন। মুক্তিযোদ্ধাদের সহায়তায় তাঁরা দ্রুত সংগঠিতভাবে ঢাকার দিকে এগিয়ে গিয়ে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ত্বরান্বিত করেন।
ছত্রীসেনাদের ব্যবহৃত প্যারাস্যুট ও ব্যাকপ্যাক রয়েছে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরে।
মুক্তিসেনার চিঠি
‘হামিদ সাহেব,
আসসালু আলাইকুম বাদ সমাচার এই যে আপনার পত্র পাইলাম ও আমার কাছে ৩০৩ রাউন্ড, যা ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম। রাত্রের পত্রবাহক মফিজের নিকট ৩০৩ রাউন্ড গুলি পাঠাইয়াছি। এখন ৮টা গ্রেনেড (৩৬ নং) পত্রবাহক খোরশেদ আলমের নিকট দিয়ে দিলাম।
ইতি-আখতার হোসেন’