টেন বল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও হারিয়েছেন মুনতাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তখন স্কুলে পড়ি। রাজশাহীতে একটাই ক্লাব। এক ঘণ্টার খেলা। হেরে গেলে ২৫০ টাকা দিতে হয়। অত টাকা কোথায় পাব। তাই বুদ্ধি করে মালিকপক্ষের সঙ্গে খাতির জমিয়েছিলাম। দুপুরে ফাঁকা সময়ে অনুশীলন করতাম। কিন্তু রাজশাহীতে তো জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় নেই। হাতখরচের টাকা জমিয়ে কোনোমতে বাসভাড়াটা জুটলেই চলে যেতাম ঢাকায়। ভালো টুর্নামেন্ট খেলে, টাকা ফুরিয়ে গেলে বাড়ি ফিরতাম।’ এই গল্প একজন খেলোয়াড়ের। তাঁর নাম মুনতাসের জুবেরী। পুল ও স্নুকার খেলেন তিনি। কদিন আগে ২০১৯ সালের টেন বল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও পরাজিত করেছেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি নেওয়া মুনতাসের দেশের সর্বশেষ পুল চ্যাম্পিয়ন। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ে এই খেলার আয়োজন হয়।

মুনতাসের জুবেরী
ছবি: সংগৃহীত

২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় সার্ক ১৫ রেড চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র মুনতাসের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। এ খেলায় শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নেন। গত আগস্টে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ওপেন নাইন বল চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই তরুণ। টুর্নামেন্টে তিনি ২০১৯ সালের টেন বল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কো পিন চানকে ৯-৬ গেমে পরাজিত করেন। এ ছাড়া ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত দুইবার জাতীয় নাইন বল চ্যাম্পিয়ন হন তিনি। এবার হয়েছেন রানারআপ। এ ছাড়া দেশের বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে পুরস্কার জিতেছেন তিনি।

ঢাকার গুলশানে এরেনা বাই আরকেবি নামের একটি বেসরকারি ক্লাব আছে। দেশসেরা খেলোয়াড়দের নিয়ে এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত বছর এই প্রতিযোগিতায় মুনতাসের চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

মুনতাসেরের জন্ম রাজশাহীতে হলেও বাবার পুলিশের চাকরির সুবাদে ছোটবেলা থেকে দেশের নানা প্রান্ত ঘুরে বড় হয়েছেন। তাঁর বয়স যখন ছয়, তখন বাবার কর্মস্থল ছিল পাবনায়। পাবনার একটি ক্লাবে তিনি প্রথম পুল খেলা দেখেন। ভালো লেগে যায় তাঁর। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তিনি রাজশাহীতে আসেন। ভর্তি হন নগরের শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন।

স্কুলজীবনে রাজশাহী থেকে ঢাকায় এসে নামকরা পুল খেলোয়াড়দের সঙ্গে খেলতেন মুনতাসের। ২০০৭ সালে বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে তিনি তৃতীয় অবস্থান পেয়ে যান। ওই সময় এটিই ছিল বড় অর্জন।

২০১০ সালে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। তখন বড় পরিসরে খেলার সুযোগ বেড়ে যায়। এভাবে খেলতে খেলতে তিনি ২০১৭ সালে ন্যাশনাল নাইন বল চ্যাম্পিয়ন হন।

মুনতাসের বলেন, ‘দেশের বাইরের টুর্নামেন্ট খেলে কিছু টাকা পাওয়া যায়। কিন্তু সেটা যথেষ্ট নয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পুল ও স্নুকারে যতটা সাফল্য পেয়েছি, সেই তুলনায় প্রশংসা, উৎসাহ বা সহায়তা পেয়েছি অনেক কম। সরকার ও বিবিএসএফের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে দেশের জন্য আরও বড় সাফল্য আনতে পারব বলে বিশ্বাস করি।’

 এরেনা বাই আরকেবির প্রতিষ্ঠাতা রিয়াসাত করিম ভূইয়া বলেন, ‘বাংলাদেশে পুল খেলায় মুনতাসের জুবেরীর অর্জন সবচেয়ে বেশি। সে সম্প্রতি সিঙ্গাপুরে একজন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে। ঠিকমতো গাইড করতে পারলে এবং সহযোগিতা দিলে সে দেশের জন্য আরও বেশি সুনাম বয়ে আনতে পারবে।’