ভিনদেশিদের গলায় ‘এমন দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি’ শুনে গায়ে কাঁটা দিচ্ছিল
উচ্চশিক্ষা নিতে গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে আছি। শুরুতে ফেলে আসা শহর (ঢাকা, চট্টগ্রাম), নিজের ব্যান্ড (একতারা), প্রিয় ক্যাম্পাস (নর্থ সাউথ ইউনিভার্সিটি)—সবকিছুর জন্য খুব মন খারাপ হতো। ধীরে ধীরে উইচিতা ফলস শহর আর মিডওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ) আমাকে আপন করে নিয়েছে।
এখানে আমার স্নাতকোত্তরের বিষয় ‘বিজনেস অ্যানালিটিকস’। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন জেনেছে, আমি বাংলাদেশের একজন শিল্পী, তারাই নিজে থেকে আমাকে এখানকার সংগীত বিভাগের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আমি এখন ক্যাম্পাসের গানের দল এমএসইউ কয়ারের অংশ। দলগতভাবে আমরা রোমাঞ্চকর সব পরিকল্পনা করি, নানা ভাষার গান নিয়ে কাজ করি। কিছুদিন আগে আমি উদ্যোগ নিই, সবাই মিলে একটা বাংলা গান গাইব।
‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’—মোটামুটি কঠিন এই গানও মাত্র দুই দিনে আয়ত্ত করে নিল ভিনদেশি শিল্পীরা। যেহেতু গান নিয়েই তারা পড়ালেখা করছে, বিভিন্ন দেশের সুর তাদের জানা আছে, তাই আমার কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। দলে আছে কোরিয়া, পোল্যান্ড, ডমিনিকান রিপাবলিক ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। প্রত্যেককে ধরে ধরে একেকটা লাইন শিখিয়েছি। অনুবাদ করে বুঝিয়েছি, গানটার কী অর্থ। শুনে ওরা বলেছে, বাংলা ভাষাটা খুব সুন্দর। গানটা আমার মাতৃভূমির গান, মায়ের গান, জানার পর খুব আন্তরিকতার সঙ্গে দরদ দিয়ে গেয়েছে তারা। সুরটাও তাদের হৃদয়কে স্পর্শ করেছে। নানা দেশের শিক্ষার্থী যখন এসব কথা বলছিল, শুনে গর্বে আমার বুক ভরে গেছে।
সম্মিলিত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গাওয়ার ভিডিও ধারণ করেছে এমএসইউ-এর গণযোগাযোগ বিভাগ। ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সম্মিলিত কণ্ঠে সবাই যখন একসঙ্গে গাইছিল, শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। শিগগিরই হয়তো ইউটিউবে গানটি প্রকাশ পাবে।
গানের চেয়েও আমার শাড়ির প্রতি ভিনদেশি বন্ধুদের আগ্রহ সম্ভবত বেশি। দেশ থেকে জামদানি, মণিপুরি, মসলিন—নানা রকম শাড়ি নিয়ে এসেছি। ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে যেতে পছন্দ করি। ভিনদেশি শিক্ষার্থীরা তখন খুব আগ্রহ নিয়ে নানা কিছু জানতে চায়।
এমএসইউতে আমি বৃত্তি নিয়ে পড়ছি। পাশাপাশি এখানকার মাল্টি ক্রস কালচারাল সেন্টারে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। তাই এখানে পড়াশোনার সম্পূর্ণ খরচ আমি একাই বহন করতে পারছি। পড়ালেখার ধরন এখানে একেবারেই আলাদা। পুঁথিগত বিদ্যার চেয়ে ব্যবহারিক জ্ঞানের ওপরই গুরুত্ব দেওয়া হয় বেশি। বাস্তব জীবনের নানা সমস্যা কীভাবে সমাধান করা যায়, নতুন সমস্যার ক্ষেত্রে কীভাবে বিদ্যমান জ্ঞানের প্রয়োগ করতে হয়, সেসবই আমরা শিখছি।
এই ছোট্ট, সুন্দর শহরে ১৪-১৫টা বাংলাদেশি পরিবার আছে। সবাই আমাকে আগলে রেখেছেন অভিভাবকের মতো। মাঝেমধ্যে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, এত সুন্দর একটা পরিবেশে পড়তে পারছি। আশা করি, আমার গান, আমার কাজ দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে এখানে আরও জোরালোভাবে তুলে ধরতে পারব।