নিজে বদলেছেন, এখন অন্য নারীদের জীবন বদলাচ্ছেন রাজিয়া
ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ ছিল। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে শিক্ষক হবেন। কিন্তু অর্থাভাবে অষ্টম শ্রেণিতেই পড়াশোনা থেমে যায়। এর মধ্যেই বয়সে অনেক বড় একজনের সঙ্গে বিয়ে ঠিক করে তাঁর পরিবার। কিন্তু হার মানেননি শেখ রাজিয়া সুলতানা। উপার্জনের পথ খুঁজে এখন তিনি নিজেই উদ্যোক্তা। গাজীপুরে পোশাকের ব্যবসার পাশাপাশি তৈরি করছেন হাতে বানানো গয়না। এখন তাঁর সঙ্গে কাজ করেন ১০ জন।
২০ হাজার টাকার ঋণে শুরু
পড়াশোনা বন্ধ হওয়ার পর উপার্জনের পথ খুঁজতে থাকেন রাজিয়া। একসময় বাড়ির কাছে একটি উদ্যোক্তা প্রশিক্ষণের সন্ধান পান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ২০ হাজার টাকা ঋণ পান। সেই টাকা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে পোশাকের ব্যবসা শুরু করেন।
প্রথম তিন মাস আশানুরূপ সাড়া পাননি। প্রশিক্ষকদের পরামর্শে ছোট একটি দোকান নেন। সেখানেও বাধা। রাজিয়ার অভিযোগ, দোকানে যাওয়া–আসার পথে কয়েকজন তরুণ তাঁকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে বিচার দিতে গেলে উল্টো তাঁকেই দোষারোপ করা হয়। পরিবারও তাঁকে অবিশ্বাস করে। একপর্যায়ে ভাইয়ের হাতে মারধরের শিকার হন।
সব মিলিয়ে একসময় সিদ্ধান্ত নেন দোকান বন্ধ করে দেবেন। কিন্তু প্রশিক্ষকেরা তাঁকে সাহস দেন। উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরাও পাশে দাঁড়ান। সবার সহযোগিতায় ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রাজিয়া।
ছোট দোকান থেকে বড় উদ্যোগ
প্রথম ঋণ পরিশোধ করে আবারও ঋণ নেন রাজিয়া। এবার আড়াই লাখ টাকা। আরেকজনের সঙ্গে মিলে একটা শপিং মলে ব্যবসা শুরু করেন। পরে একাই পুরো ব্যবসার দায়িত্ব নেন। বর্তমানে তাঁর দোকানে দুই কর্মী কাজ করেন। সেখানে পাওয়া যায় ওয়ান–পিস, টু–পিস, শিশুদের পোশাক ও শাড়ি।
ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে পোশাক সংগ্রহ করেন তিনি। রাজিয়ার ভাষ্য অনুযায়ী, ব্যবসা থেকে মাসে ৩০–৪০ হাজার টাকা আয় থাকে। এর একটি অংশ পরিবারের পেছনে ব্যয় করেন, বাকিটা ব্যবসায়ে বিনিয়োগ করেন।
পোশাকের পর গয়নার দিকেও ব্যবসা বিস্তৃত করেছেন রাজিয়া। নিজের জন্য চুড়ি তৈরি করতে গিয়েই হাতে তৈরি গয়নার প্রতি আগ্রহ। প্রথমে শখের বশে তৈরি করলেও পরে ব্যবসার অংশ করে নেন। পোশাকের সঙ্গে শুরু হয় হাতে বানানো গয়না বিক্রি।
শুরু থেকেই রাজিয়ার লক্ষ্য ছিল অন্য নারীদের উপার্জনের সুযোগ করে দেওয়া। রাজিয়া বলেন, ‘ওনারা বেশির ভাগ সময়ই বাসায় বসে থাকেন। স্বামীরাও বাইরে গিয়ে কিছু করতে দিতে চান না। তাঁদেরকে তাই বাসা থেকেই কাজ করাই।’
বর্তমানে সাত–আট নারী নিজ নিজ বাড়ি বসে গয়না তৈরি করেন। এতে সংসারের কাজের পাশাপাশি উপার্জনের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে ব্যবসার পরিসর বাড়লে আরও কয়েকজনকে যুক্ত করার ইচ্ছা আছে।
বদলেছে পরিবারের দৃষ্টিভঙ্গি
যে পরিবার থেকে একসময় সহযোগিতা পাননি, সময়ের সঙ্গে সেই পরিবারের দৃষ্টিভঙ্গিও বদলেছে। রাজিয়া জানান, পরিবার এখন তাঁর সিদ্ধান্তকে সম্মান করে। বিয়ের জন্য চাপ না দিয়ে নিজের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী বেছে নেওয়ার কথাও বলে। এখন নিজের পছন্দমতো ঘুরতে যান, সময় কাটান ও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেন।