গলাব্যথায় ৫ পরামর্শ

.
.

গলাব্যথা, খুসখুসে কাশি, ঢোঁক গিলতে অস্বস্তি। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যার নাম সোর থ্রোট। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জি বা ভাইরাসের কারণেই সোর থ্রোট হয়। তাই এ সমস্যার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। অ্যান্টিবায়োটিকেরও ভূমিকা নেই। তবে গলায় আরাম পাওয়ার জন্য কিছু পরামর্শ মেনে চলতে পারেন:
১. লবণ-পানির গারগল বা কুলকুচি গলাব্যথার একটা স্বীকৃত চিকিৎসা। ২৫০ মিলিলিটার বা এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে তা দিয়ে দিনে কয়েকবার গারগল করুন। এতে প্রদাহ কমে, জীবাণুও রোধ হয়—বিশেষ করে, রাতে ঘুমানোর আগে করলে বেশ প্রশান্তি পাবেন।
২. পানিশূন্যতা হলে বা গলা শুকিয়ে এলে অস্বস্তি আরও বাড়বে। শীতে অনেকেই পানি কম পান করেন। এটা ঠিক নয়। যথেষ্ট পানি ও তরল গ্রহণ করতে হবে। গরম কোনো তরল, যেমন: লেবু-আদা-চা, গরম স্যুপ ইত্যাদি বেশ কার্যকর।
৩. রাতে ঘুমানোর আগে ঘর যথেষ্ট গরম ও আর্দ্র রাখবেন। শুষ্কতা গলা খুসখুস বাড়ায়। দরজা-জানালা বন্ধ করলেও ঘর যেন বেশি শুষ্ক না হয় সেদিকে খেয়াল রাখুন।
৪. গলাব্যথা ও খুসখুস কমাতে কিছু লজেন্স বা ক্যান্ডিজাতীয় ওষুধ পাওয়া যায়। এগুলো পিপারমিন্ট, আদা ইত্যাদি দিয়ে তৈরি। এসব ভেষজ উপাদান গলায় আরাম দেয়। এ ছাড়া মধু বা বাড়িতে তৈরি আদার রসও বেশ কাজ দেয়।

৫. সমস্যা বেশি হলে এসব ঘরোয়া চিকিৎসার বাইরে ডিকনজেসটেন্ট স্প্রে বা স্টেরয়েড নাসাল স্প্রে ব্যবহার করা যায়। তবে শিশুদের বেলায় এসব ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. আ ফ ম হেলালউদ্দিন