হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন
হাঁটু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল ও ওজন বহনকারী জয়েন্টগুলোর একটি। খেলাধুলা, দুর্ঘটনা, হঠাৎ মোচড় খাওয়া বা পড়ে হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যেতে পারে। বিশেষত ফুটবল, ক্রিকেট বা দৌড়ঝাঁপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় এ আঘাত বেশি দেখা যায়।
হাঁটুর জোড়ায় চারটি প্রধান লিগামেন্ট থাকে। লিগামেন্ট হচ্ছে একধরনের টিসু, যা এক হাড়কে অন্য হাড়ের সঙ্গে যুক্ত করে; জোড়ার শক্তি দেয় ও স্থিতিশীলতা বজায় রাখে। যেকোনোটিতে আঘাত লাগতে পারে। আর মেনিসকাস হলো হাঁটুর ভেতরের নরম কার্টিলেজ, যা ঝাঁকুনি শোষণ করে।
কীভাবে বুঝবেন ও কী করবেন
হঠাৎ তীব্র ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, শব্দ করে মোচড়, হাঁটতে কষ্ট বা হাঁটু লক, হাঁটুতে ভর দেওয়া যাচ্ছে না, হাঁটু বেঁকে যাচ্ছে—এসবই লিগামেন্ট বা মেনিসকাস ছেঁড়ার লক্ষণ হতে পারে। অনেক সময় আঘাতের সঙ্গে সঙ্গে ফুলে যায়, আবার কারও ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরে ফোলা দেখা দেয়।
আঘাতের পরপরই হাঁটুকে বিশ্রাম দিন। কোনোভাবেই হাঁটুতে চাপ দেওয়া যাবে না। হাঁটুতে ১৫ থেকে ২০ মিনিট করে দিনে কয়েকবার বরফের সেঁক দিন। কম্প্রোশন বা চাপ দেওয়া ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করতে পারেন। বালিশ বা কুশনের ওপর পা একটু উঁচুতে রাখুন, যাতে ফোলা কমে যায়। নিজে নিজে মালিশ বা জোর করে হাঁটাচলা করা ঠিক নয়। এতে ক্ষতি আরও বাড়তে পারে। পা ঝুলিয়ে রেখে দীর্ঘ সময় বসে থাকা যাবে না।
চিকিৎসা
তীব্র ব্যথা, হাঁটু স্থির না থাকা, হাঁটতে না পারা বা দীর্ঘদিন ফোলা থাকলে অবশ্যই অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসক শারীরিক পরীক্ষা করবেন। প্রয়োজন হলে এমআরআই পরীক্ষা দিতে পারেন। এর মাধ্যমে বোঝা যায় লিগামেন্ট বা মেনিসকাস কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে চিকিৎসা নির্ভর করে আঘাতের মাত্রার ওপর। হালকা ছেঁড়া হলে ওষুধ, বিশ্রাম, ব্রেস ব্যবহার ও ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হওয়া সম্ভব। ফিজিওথেরাপি হাঁটুর শক্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। কিন্তু সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেলে বা মেনিসকাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
বর্তমানে অনেক ক্ষেত্রে আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে ছোট ছিদ্র করে অস্ত্রোপচার করা হয়, যা তুলনামূলকভাবে নিরাপদ এবং দ্রুত সুস্থ হওয়া সম্ভব। চিকিৎসার পর নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, খেলার আগে ওয়ার্মআপ ও সঠিক জুতা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা তাড়াহুড়ো করে মাঠে যাবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। হাঁটুর লিগামেন্ট বা মেনিসকাস ছেঁড়া ভয় পাওয়ার বিষয় নয়, তবে অবহেলা করলে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে। তাই সময়মতো সঠিক চিকিৎসাই সুস্থতার মূল চাবিকাঠি।
অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)