যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে
এলিয়েন হ্যান্ড সিনড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির একটি হাত (কখনো কখনো পা) তাঁর ইচ্ছা বা নিয়ন্ত্রণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করে। রোগীর মনে হয়, হাতটি যেন তাঁর নিয়ন্ত্রণে নেই, হাতটি অন্য কারও। এ ধরনের অভিজ্ঞতায় রোগী ও তাঁর পরিবারের সদস্যরা ভয়, বিভ্রান্তি ও মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।
কেন এমন হয়
মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হলে এলিয়েন হ্যান্ড সিনড্রোম দেখা দিতে পারে। বিশেষ করে শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের দুই অংশের মধ্যে যোগাযোগ রক্ষার সঙ্গে যুক্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা হয়। যেমন—
করপাস ক্যালোসাম: মস্তিষ্কের দুই অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই স্নায়ুতন্তু। এটি ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কের দুই অংশের সমন্বয় ব্যাহত হয়।
ফ্রন্টাল লোব: মস্তিষ্কের এই অংশ স্বেচ্ছায় কোনো কাজ করার পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি ক্ষতিগ্রস্ত হলে হাতের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হতে পারে।
প্যারাইটাল লোব: স্পর্শের অনুভূতি ও শরীরের অবস্থান সম্পর্কে সচেতনতার সঙ্গে মস্তিষ্কের এই অংশ যুক্ত। এটি ক্ষতিগ্রস্ত হলেও হাতের অস্বাভাবিক নড়াচড়া দেখা দিতে পারে।
স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথায় আঘাত কিংবা নিউরোসার্জারির কারণে এসব অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মৃগীরোগের চিকিৎসায় কখনো করপাস ক্যালোসাম কেটে দেওয়ার প্রয়োজন হয়। এ ছাড়া আলঝেইমারস ডিজিজ বা কর্টিকোব্যাসাল ডিজেনারেশনের মতো মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ থেকেও এ সমস্যা দেখা দিতে পারে।
লক্ষণ
এলিয়েন হ্যান্ড সিনড্রোমের লক্ষণ বেশ অদ্ভুত হতে পারে। যেমন—
হাত নিজের ইচ্ছার বাইরে নড়াচড়া করা। কোনো বস্তুর দিকে বারবার হাত বাড়ানো, জামা খুলে ফেলা, চুল টানা কিংবা হাতের জিনিস ফেলে দেওয়া।
দুই হাত দিয়ে বিপরীতমুখী কাজ করা। যেমন এক হাত দিয়ে জামা পরতে গেলে অন্য হাত দিয়ে তা খুলে ফেলা।
হাতকে নিজের বলে মনে না হওয়া। রোগীর মনে হতে পারে, হাতটি যেন অন্য কারও।
হাত দিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু ধরে ফেলা। অনেক সময় রোগী চেষ্টা করেও হাতের মুঠো খুলতে পারেন না।
এ ধরনের অস্বাভাবিক আচরণের কারণে ভয়, উদ্বেগ ও হতাশা তৈরি হওয়া।
চিকিৎসা
এলিয়েন হ্যান্ড সিনড্রোমের নির্দিষ্ট কোনো স্থায়ী চিকিৎসা নেই। তবে কিছু কৌশল ও থেরাপির মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায়। যেমন আক্রান্ত হাতকে কোনো কাজে ব্যস্ত রাখা—কাপড় বা বল ধরে রাখা, কোলে হাত রেখে দেওয়া কিংবা অন্য হাত দিয়ে আলতো করে ধরে রাখা। ফিজিওথেরাপি ও কগনিটিভ থেরাপির মাধ্যমে হাতের অস্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়। রোগীকে এ সমস্যা সম্পর্কে সচেতন করাও জরুরি, যাতে তিনি ভয় না পেয়ে হাতের অস্বাভাবিক নড়াচড়া সামলাতে পারেন।
কিছু ক্ষেত্রে বেনজোডায়াজেপিন, অ্যান্টি-এপিলেপটিক ওষুধ কিংবা বটুলিনাম টক্সিন ইনজেকশন ব্যবহার করা হয়। তবে এসব চিকিৎসার কার্যকারিতা সীমিত এবং রোগীভেদে ভিন্ন হতে পারে।
রোগের কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হয়। স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের চিকিৎসা, টিউমারের ক্ষেত্রে অস্ত্রোপচার বা রেডিয়েশন এবং মস্তিষ্কের ক্ষয়জনিত রোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগনির্ণয় করে চিকিৎসা নিলে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডা. এম এস জহিরুল হক চৌধুরী, অধ্যাপক ও ইউনিট প্রধান, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা।