মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খোলা পাঁচ ভারতীয় তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বের মানসিক স্বাস্থ্য দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিনটি পালন করা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশের অন্তত তিন কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। মানসিক সমস্যা বিশ্বব্যাপীই মারাত্মক অবহেলিত। বাংলাদেশ বা ভারতে সেই সত্য আরও প্রকট। জেনে নেওয়া যাক পাঁচ ভারতীয় তারকার কথা, যাঁরা নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে।
আনুশকা আর বিরাট দুজনই কথা বলেছেন তাঁদের মানসিক স্বাস্থ্যের দুরাবস্থা নিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১. দীপিকা পাড়ুকোন

এই তালিকায় সবার প্রথমেই দীপিকার নাম না রাখাটা অন্যায় হবে। ২০১৫ সালে যখন বিষণ্নতাকে একটা ব্যক্তিগত দুর্বলতা হিসেবে ধরা হতো, সেই সময় দীপিকা ভারতীয় জাতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম, বোধ হয় দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে এ রকম হচ্ছে। তাই আমি আমার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অন্য কিছুতে মন দেওয়ার চেষ্টা করেছি। কাজ কমিয়ে দিয়েছি। মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি। আমি কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না। আমার সব মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারতাম না, ঘুম তো দূরের কথা। আমি দীর্ঘমেয়াদি বিষণ্নতায় আক্রান্ত হয়েছি।’

দীপিকা পাড়ুকোন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২. বিরাট কোহলি

খেলার মাঠে কোনো দিন শেষ হাসিটা হাসেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। আবার মাঝেমধ্যেই তাঁর হতাশা ধরা পড়ে ক্যামেরায়। তিনিও জনপ্রিয় এক ক্রিকেট চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর যুদ্ধের কথা। ৩৩ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘আমার মনের অবস্থা আমার প্রখরতার ওপর প্রভাব ফেলছিল। আমি আমার নিজের হারানো প্রখরতা ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করছিলাম। কিন্তু আমার মন কেবলই আমার শরীরকে বলছিল থামতে। মন আর শরীর—দুই–ই আমাকে পেছন দিকে টেনে ধরছিল।’

বিরাট কোহলি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩. আনুশকা শর্মা

বিরাট কোহলিরও আগে তাঁর জীবনসঙ্গী, বলিউড তারকা আনুশকা শর্মা মুখ খুলেছেন তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে। ২০১৫ সালে তিনি টুইটারে লেখেন, ‘ আমি তীব্র দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আর সে জন্য ওষুধও খাই। আমি কেন এ কথা জানান দিচ্ছি? কারণ, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর আমার ক্ষেত্রে তো রীতিমতো পৈতৃকসূত্রে পাওয়া। আমার পরিবারে বিষণ্নতায় ভোগার ইতিহাস আছে। আর মানুষকে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলতে হবে। এটা বলার ভেতরে কোনো লজ্জা নেই। গোপন করার ভেতরে কোনো গৌরব নেই। আপনার যদি প্রতিনিয়ত পাকস্থলীতে ব্যথা করে, আপনি কি ডাক্তারের কাছে যাবেন না? এটাও অনেকটা তাই। আপনি বিষয়টি যত লুকানোর চেষ্টা করবেন, ততই জটিল আকার ধারণ করবে। কথা বলুন, এ রকম হয়। আমাদের সবার হয়। কম আর বেশি।’  

আনুশকা শর্মা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৪. শাহরুখ খান

বলিউডের বাদশাহ শাহরুখ খানও কথা বলেছেন নিজের বিষণ্নতায় ভোগা নিয়ে। আর এটা ঘটেছিল ২০১০ সালে, তাঁর কাঁধের অপারেশনের পর। শাহরুখ সেই সময় বলেছিলেন, ‘আমি গভীর বিষণ্নতায় ডুবে গিয়েছিলাম। আর মনের ব্যথা যে শরীরে কীভাবে জেঁকে বসে, তা প্রত্যক্ষ করেছি। এভাবেই আমি কাঁধের বারোটা বাজিয়েছি। আর শেষমেশ অপারেশনও করা লাগল। তবে এখন ভালো আছি। সময় আসলেই সারিয়ে তোলে।’ শাহরুখ আরও বলেন, ‘যখন আমি হৃদয়ের সবচেয়ে গভীর আবেগ প্রকাশ করতে যাই, আমাকে সংগ্রাম করতে হয়। আমার জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা আরও কঠিন। কেননা, আমি খুবই একান্তে বাঁচতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি শান্ত, অন্তর্মুখী আর লাজুক। আমি মোটেও এটা নিয়ে গর্বিত নই। মাঝেমধ্যেই মানুষ আমার আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব, রাগ এগুলো নিয়ে ভুল বোঝে। অন্তর্মুখী মানুষদের বোধ হয় এ রকম সংকটে পড়তেই হয়।’

শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

 ৫. ইলিয়ানা ডি ক্রুজ

বলিউড তারকা ইলিয়ানা ডি ক্রুজ দীর্ঘ সময় ধরে বডি ডিজমরফিয়ায় ভুগেছেন। এর মানে হলো তিনি তাঁর শরীর নিয়ে প্রবল হীনম্মন্যতায় ভুগতেন। এটা তাঁর আত্মবিশ্বাস কমিয়ে দিত। সব সময় দুশ্চিন্তাগ্রস্ত রাখত। আর বিষণ্নতাও চেপে ধরত। এটা ইলিয়ানার পেশাগত জীবনেও মারাত্মক খারাপ প্রভাব ফেলেছে। কেননা, তিনি ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য ছিলেন না। ছোটবেলায় বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন। নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসতেন। এখন অবশ্য দীর্ঘমেয়াদি চিকিৎসার পর পুরোপুরি সুস্থ ইলিয়ানা।

ইলিয়ানা ডি ক্রুজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে