দিনের ঘুম কি শরীরের জন্য ভালো
ভাতঘুম—দিনের এই ছোট্ট ঘুমের প্রভাব নিয়ে নানা মুনির নানা মত। কারও মতে, ছোট্ট একটা ঘুম শরীর চাঙা করে; কারও মতে আবার দিনের ঘুমের প্রভাব পড়ে রাতের ঘুমে। দিনের এই ছোট্ট ঘুম কি শরীরের জন্য ভালো না খারাপ?
সম্প্রতি এই মতবিরোধ নিয়েই গবেষণায় নেমেছিলেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের কজন গবেষক। ৪০ থেকে ৬৯ বছর বয়সী প্রায় ৪ লাখ মানুষের ওপর পরীক্ষা চালিয়ে নতুন তথ্য আবিষ্কার করেছেন তাঁরা। স্লিপ হেলথ জার্নাল–এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দুপুরে অন্তত ৩০ মিনিটের ঘুম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। শুধু তা–ই নয়, ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়া প্রতিরোধেও বেশ বড় ভূমিকা রাখে।
মানুষ যত বার্ধক্যের দিকে পা বাড়ায়, ততই মস্তিষ্কের ধারণক্ষমতা কমতে থাকে। এটা বেশ স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু নিয়মিত ‘পাওয়ার ন্যাপ’ মস্তিষ্কের এই সংকোচন কমাতে সাহায্য করে। মস্তিষ্কের এই সংকোচন যত ধীরগতির হবে, বার্ধক্যও তত ধীরে ধীরে ধরা দেবে আমাদের শরীরে।
এখানেই শেষ নয়, মস্তিষ্কের রোগ, যেমন ডিমেনশিয়া বা আলঝেইমারস ডিজিজ প্রতিরোধেও বেশ বড় ভূমিকা রাখে এই ‘ভাতঘুম’। জার্নালের জ্যেষ্ঠ লেখক ভিক্টোরিয়া গারফিল্ডের মতে, ‘আমাদের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করতে দিনের এই ছোট ছোট ঘুম অনেক বড় প্রভাব রাখে।’
তাই বলে দিনের বেলা যে দুই-তিন ঘণ্টার ঘুম দেবেন, ব্যাপারটা ঠিক এমনও নয়। মস্তিষ্ক সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন, দুপুরের ঘুমের ক্ষেত্রে যার পরিমাণ ১৫ থেকে ৩০ মিনিট। স্লিপ সাইকেল অনুযায়ী, ১৫ মিনিটের নিচের ঘুমকে ঠিক বিশ্রাম হিসেবে ধরা যায় না। অন্যদিকে বিশ্রামের পরিমাণ ৩০ মিনিট ছাড়িয়ে গেলে তাকে ঘুম হিসেবেই বিবেচনা করা হয়। যে কারণে দুপুরের ভাতঘুম যাতে ১৫ থেকে ৩০ মিনিটের মাঝামাঝি হয়, সেদিকে নজর রাখা বেশ প্রয়োজন।
১৫ মিনিটের কম বিশ্রাম তৎক্ষণাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করলেও তা এক ঘণ্টার মধ্যেই মিলিয়ে যায়। অন্যদিকে এক ঘণ্টার বেশি বিশ্রাম নিলে তা মস্তিষ্ককে তন্দ্রাচ্ছন্ন করে ফেলে, যা উপকারের থেকে অপকারই বেশি করে। বিকেলের একদম শুরুতে ঘুমালে তা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। তবে বিকেলের ঘুম যে সবার ওপরই সমান প্রভাব ফেলবে, ব্যাপারটি কিন্তু তেমন নয়। বরং প্রত্যেকের ঘুমের বৈশিষ্ট্য আলাদা। নিজের ঘুমের অবস্থা বুঝে সে অনুযায়ী দুপুরে বিশ্রাম নেওয়া উচিত। নইলে তা ভালোর থেকে খারাপ প্রভাব ফেলতে পারে শরীরের ওপর।