মাড়ি থেকে রক্ত পড়া কতটা ঝুঁকিপূর্ণ
দাঁত ব্রাশ করার সময় বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বেশির ভাগ মানুষ এটাকে স্বাভাবিক বিষয় মনে করেন। তবে জানা জরুরি যে সুস্থ মাড়ি থেকে সহজে রক্তপাত হয় না। তাই দীর্ঘদিন ধরে যদি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে, তবে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
কারণ কী
মাড়ি থেকে রক্তপাতের অনেক কারণ আছে।
প্রধান কারণ মুখগহ্বর ঠিকমতো পরিচ্ছন্ন না রাখার ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হওয়া।
জোরে জোরে শক্ত ব্রেসেলের ব্রাশ ব্যবহার করা, মিষ্টি জাতীয় আঠালো খাবার খাওয়া, ভিটামিনের ঘাটতি, তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং নানাবিধ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ সেবন।
ডায়াবেটিসের কারণে ও মাড়িতে ইনফেকশনের প্রবণতা বেড়ে গিয়ে রক্তপাত হতে পারে।
এমনকি যাঁদের হিমোফিলিয়া লিউকেমিয়া, থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডার আছে, তাঁদের ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়া অবশ্যই একটি প্রাথমিক লক্ষণ।
অবহেলা নয়
অনেকেই এসব সমস্যাকে গুরুত্ব না দিয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকেন। পরে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ফাঁকে খাবার আটকে যায় কিংবা মাড়ি থেকে পুঁজ বের হয় ও ব্যথা হয়।
দীর্ঘদিনের মাড়ির রোগ অবহেলা করলে দাঁতকে ধরে রাখা হাড় ও অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।
পরামর্শ নিন
তাই মাড়ি থেকে রক্তপাত হলে নিজে থেকে শুধু ওষুধ বা মাউথওয়াশ ব্যবহার করে সমস্যাটি চাপা না দিয়ে, শুরুতেই একজন ডেন্টিস্টের পরামর্শ নিন।
ডেন্টিস্ট যথাযথ সময়ে মুখ ও দাঁতের পরীক্ষা করে স্কেলিং, রুট প্ল্যানিংয়ের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেন।
ডা. জান্নাতুল ফেরদৌস, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন; চেম্বার: আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, আলোক হেলথকেয়ার লি., মিরপুর ১০, ঢাকা