চল্লিশের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়েন অনেকে, আপনিও কি আছেন এই দলে?

একটা নির্দিষ্ট বয়সের পর উচ্চতা আর বাড়ে না। তবে ৪০ বছর বয়সের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়তে পারেন অনেকে। আপনিও কি আছেন এই দলে? ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সের সঙ্গে হাড় বা জয়েন্টে যে পরিবর্তন আসে, তা দৃশ্যমান হতে সময় লেগে যায় অনেকটাই
ছবি: আনিস মাহমুদ

ত্বকে বয়সের ছাপ পড়লে আপনি টের পাবেন সহজেই। তবে হাড়ে বা জয়েন্টে ‘বয়সের ছাপ’ পড়লে তা অনুভব করা একটু মুশকিলই বটে। বয়সের সঙ্গে হাড় বা জয়েন্টে যে পরিবর্তন আসে, তা দৃশ্যমান হতে সময় লেগে যায় অনেকটাই।

তবে এ ধরনের কিছু পরিবর্তনের কারণেই একজন ব্যক্তির উচ্চতা খানিকটা কমতে পারে। হাড় বা জয়েন্টের অভ্যন্তরীণ পরিবর্তন যেমন বাইরে থেকে বোঝা যায় না, তেমনি কারও উচ্চতা কয়েক মিলিমিটার কমলেও তা চট করে চোখে পড়ে না।

মোটামুটিভাবে ইঞ্চিখানেক উচ্চতা কমে যাওয়ার পর একজন ব্যক্তি অনুভব করেন, তিনি আগের চেয়ে কিছুটা খাটো হয়ে গেছেন। নিজেকে কিছুটা ‘কুঁজো’ হিসেবেও আবিষ্কার করতে পারেন কেউ কেউ।

হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ পরিবর্তন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব ও গঠনে কিছুটা পরিবর্তন আসতে পারে। হাড়ক্ষয়ের কারণে মেরুদণ্ডের হাড়গুলো কিছুটা পাতলা (চ্যাপ্টা) হয়ে আসে। ফলে দেহের উচ্চতা কিছুটা কমে।

এ ছাড়া মেরুদণ্ডের কোনো হাড় ক্ষয়ে গিয়ে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মের সময় সামান্য চাপে ভেঙে যেতে পারে। ফলে হাড়ের সামনের অংশ কিছুটা বসে যেতে পারে (বিষয়টা অনেকটা থেঁতলে যাওয়ার মতো)।

অনেক ক্ষেত্রে এমন ভাঙার জন্য কোনো ব্যথাও হয় না। কিন্তু মেরুদণ্ডের হাড়গুলোর সামনের কোনো অংশ বসে গেলে দেহ সামান্য নুয়ে পড়ে।

থাকতে পারে আরও কারণ

বয়স বাড়লে পিঠ এবং কাঁধের পেশি কিছুটা দুর্বল হয়ে আসতে পারে
ছবি: পেক্সেলস

একটা হাড়ের সঙ্গে যেখানে আরেকটা হাড়ের সংযোগ, প্রাকৃতিকভাবেই সেখানে ‘কুশন’-এর মতো কিছু অংশ থাকে, যাতে হাড়ের সঙ্গে হাড়ের ঘষা না লাগে।
বয়সের সঙ্গে সঙ্গে এই ‘কুশন’-এর স্বাভাবিক তরল কিছুটা কমতে পারে। এগুলোর স্থিতিস্থাপকতাও কমে যেতে পারে। ফলে হাড়গুলো একে অন্যের সামান্য কাছে চলে আসে। এভাবে দেহের উচ্চতাও সামান্য কমতে পারে।

বয়স বাড়লে পিঠ এবং কাঁধের পেশি কিছুটা দুর্বল হয়ে আসতে পারে। দৈনন্দিন কাজকর্মে দীর্ঘদিনের ভুল দেহভঙ্গি (যেমন বসা, দাঁড়ানো বা হাঁটার সময় ঝুঁকে থাকা) এবং ওই সব পেশির দুর্বলতার কারণেও কেউ কেউ কিছুটা কুঁজো হয়ে যেতে পারেন।

পায়ের লিগামেন্ট বা টেন্ডন দুর্বল হয়ে পড়লে বা এসব অংশে আঘাত লাগলে কিংবা ওজন অতিরিক্ত হলে কারও কারও পায়ের তলার স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ পায়ের পাতার মাঝখানের স্বাভাবিক উঁচু অংশটা নিচু হয়ে যায় (ফ্ল্যাট ফুট)। এ রকম হলেও উচ্চতা সামান্য কমতে পারে।

উচ্চতা কমা কি স্বাভাবিক?

৪০ বছর বয়সের আশপাশে হাড় এবং হাড়ের মাঝের ‘কুশন’-এর সামান্য ক্ষয় শুরু হতে পারে। কিন্তু ৪০ বছরেই উচ্চতা কমে যাওয়া স্বাভাবিক নয়
মডেল: আজিম। ছবি: প্রথম আলো

৪০ বছর বয়সের আশপাশে হাড় এবং হাড়ের মাঝের ‘কুশন’-এর সামান্য ক্ষয় শুরু হতে পারে। কিন্তু ৪০ বছরেই উচ্চতা কমে যাওয়া স্বাভাবিক নয়।

বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ের মাত্রা বাড়ে। তবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে। কারও উচ্চতা যদি অন্তত ২ সেন্টিমিটার কমে যায় কিংবা উচ্চতা না কমলেও পিঠে তীব্র ব্যথা, পিঠ বাঁকা হয়ে যায় কিংবা নড়াচড়ায় অসুবিধা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত।

আর পায়ের তলার স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। উচ্চতা না কমলেও এই উপসর্গকে অবহেলা করতে নেই।

আরও পড়ুন

উচ্চতা বাঁচাতে, সুস্থ থাকতে

নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে
ছবি: কবির হোসেন

বয়সজনিত ক্ষয় শুরুর আগে থেকেই সুস্থতার চর্চা করুন। ক্ষয় শুরু হয়ে গেলেও বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন।

  • প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য মোটামুটিভাবে ১ হাজার গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন রোজ। তবে নারীদের ক্ষেত্রে ৫১ বছর বয়স থেকে এবং পুরুষের ক্ষেত্রে ৭১ বছর বয়স থেকে প্রয়োজন বেড়ে দাঁড়ায় ১২০০ গ্রাম। গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময়কার হিসাবটা আলাদা।

  • ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার (যেমন দুধ, দই, পনির, কাঁটাসহ ছোট মাছ, আখরোট, লাল বা কালো রাজমা প্রভৃতি থেকেই আপনি তা পেয়ে যাবেন। অকারণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেবন করবেন না। অতিরিক্ত ক্যালসিয়াম দেহের জন্য ক্ষতিকর।

  • ভিটামিন ডি-র ঘাটতি হলে ক্যালসিয়াম দেহে ভালোভাবে শোষিত হয় না। অর্থাৎ খাবারে থাকা ক্যালসিয়াম দেহের কাজে লাগে না। শরীরে ভিটামিন ডি সংশ্লেষণের জন্য রোজ অন্তত ২০ মিনিট দেহের অনেকটা অংশে রোদ লাগান।

  • দৌড়, জগিং, দড়িলাফ কিংবা সাইকেল চালানো হতে পারে আপনার রোজকার ব্যায়াম। প্ল্যাঙ্ক কিংবা সুপারম্যান ব্যায়ামও ভালো। নিতান্তই অন্য ব্যায়াম করতে না পারলে দ্রুত হাঁটুন।

  • পেশির শক্তি বাড়াতে চেষ্টা করুন সপ্তাহে অন্তত দুদিন। ভারোত্তোলন করতে পারেন। রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে ব্যায়াম করতে পারেন।

  • সোজা হয়ে বসুন। সোজা হয়ে হাঁটুন। ব্যায়ামের সময়ও সঠিক দেহভঙ্গি বজায় রাখুন।
    আরামদায়ক জুতা পরুন। এমন জুতা বেছে নিন, যা পায়ের স্বাভাবিক বক্রতা বজায় রাখতে সাহায্য করে।

  • ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন।

আরও পড়ুন