মুখ বেঁকে যাওয়ার কারণ কী, কী করণীয়

বেল’ স পালসি প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হলে মুখের এক দিক আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যেতে পারে। একে বলে ফেশিয়াল পালসি। জন বেল নামের এক ভদ্রলোক রোগটি প্রথম আবিষ্কার করেন বলে এর আরেক নাম বেল‌’স পালসি।

বেল’স পালসির কারণ কী

  • ভাইরাস ইনফেকশন।

  • মধ্যকর্ণে ইনফেকশন।

  • ঠান্ডার কারণ।

  • আঘাতের কারণ।

  • স্ট্রোক।

  • ফেশিয়াল টিউমার।

  • কানের অপারেশনের পর ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।

বেল’স পালসির লক্ষণ কী

  • মুখ এক দিকে বাঁকা হয়ে যায়।

  • আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না এবং চোখ দিয়ে পানি পড়ে।

  • কুলি করতে গেলে পানি অন্য পাশে চলে যায়।

  • খাবার গিলতে কষ্ট হয়।

  • কপাল ভাঁজ করা যায় না।

  • কথা জড়িয়ে যায়।

বেলস পালসি’র চিকিৎসা কী

চিকিৎসা মূলত কারণের ওপর নির্ভর করে। তবে প্রাথমিক অবস্থায় সবচেয়ে কার্যকর ওষুধ হলো স্টেরয়েড। যদি সন্দেহ করা হয়, কোনো ভাইরাস সংক্রমণের কারণে হয়েছে, তবে অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয়।

পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে মুখের পেশির ব্যায়াম করতে হবে।

যদি এমন হয় যে আঘাতের কারণে স্নায়ু সংকুচিত হয়ে গেছে, তবে অপারেশন লাগতে পারে। সাধারণত বেল’স পালসি কয়েক মাসের মধ্যেই সেরে যেতে থাকে এবং এটি আবার হওয়ার আশঙ্কা খুবই কম।

অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।