ডায়েটে ম্যাক্রো ক্যালকুলেটর কী, কীভাবে ব্যবহার করবেন
কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি—এই তিন প্রধান পুষ্টি উপাদানকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শরীরের প্রায় সব কার্যক্রম পরিচালনায় এ তিন উপাদানের প্রয়োজন হয়। সুস্বাস্থ্যের পাশাপাশি ওজন কমানো কিংবা পেশি গঠনের জন্য শুধু ক্যালরির হিসাবই যথেষ্ট নয়।
শরীরের প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি সঠিক অনুপাতে গ্রহণ করা সমান গুরুত্বপূর্ণ। তাই সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ম্যাক্রো গণনার প্রবণতা বাড়ছে। আর এটাই বের করে দেয় ম্যাক্রো ক্যালকুলেটর।
ম্যাক্রো ক্যালকুলেটর কীভাবে কাজ করে
ম্যাক্রো ক্যালকুলেটরে শরীর ও লক্ষ্য অনুযায়ী দৈনিক কতটুকু প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি প্রয়োজন, তা নির্ধারণ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে। এগুলো হলো—
বয়স, উচ্চতা ও ওজন
শারীরিক সক্রিয়তার মাত্রা
শরীরের গঠন
ফিটনেস লক্ষ্য
এ তথ্যগুলোর ভিত্তিতে ক্যালকুলেটর মূলত দুটি গুরুত্বপূর্ণ মান নির্ণয় করে।
প্রথমটি হলো বেসাল মেটাবলিক রেট (বিএমআর), অর্থাৎ বিশ্রাম নেওয়া অবস্থায় শরীরের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতিদিন কত ক্যালরি প্রয়োজন।
দ্বিতীয়টি হলো টোটাল ডেইলি এনার্জি এক্সপেনডিচার (টিডিইই); অর্থাৎ বিশ্রাম, হাঁটাচলা, ব্যায়ামসহ সারা দিনের সব ধরনের কার্যক্রম মিলিয়ে শরীর মোট কত ক্যালরি খরচ করে তার হিসাব।
এরপর এই মোট ক্যালরিকে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের মধ্যে ভাগ করে দৈনিক ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা নির্ধারণ করা হয়।
সতর্কতা
অ্যাপ ও ওয়েবসাইট—দুই মাধ্যমেই ম্যাক্রো ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এ গণনার জন্য অনেকগুলো নির্ভরযোগ্য অ্যাপ আছে। স্মার্টফোনের এই যুগে এমন অ্যাপ ফোনে থাকলে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক হয়।
তবে ম্যাক্রো ক্যালকুলেটর কখনোই চিকিৎসক বা পুষ্টিবিদের বিকল্প নয়; বরং এর মাধ্যমে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শে নিজের খাবারদাবারের সঠিক হিসাব সহজে রাখা যায়।
সূত্র: হেলথ লাইন