পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস। স্তন ক্যানসার সচেতনতার গুরুত্ব বোঝাতে শুধু বিশেষ দিবস নয়, পুরো অক্টোবর মাসকেই সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশেও বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু সচেতনতা এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে বাংলাদেশের মানুষ।

এ বিষয়ে সচেতনতা বাড়াতে ‘স্তন ক্যানসার সচেতনতায় বাংলাদেশ’ নামের অনলাইন আলোচনার আয়োজন করে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের আলোচক ছিলেন বিআরবি হাসপাতাল লিমিটেডের চিফ কনসালট্যান্ট (মেডিকেল অনকোলজি) অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল নাঈম। প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে গতকাল প্রচারিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক বলেন, ‘ক্যানসার একটি বহুল পরিচিত রোগ। সঠিক সময়ে নির্ণয় এবং চিকিৎসা করা না গেলে ক্যানসারে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। শরীরের বিভিন্ন স্থানে ক্যানসার হতে পারে। স্তন ক্যানসার এর মধ্যে অন্যতম। এই ক্যানসার অনেক সময়ই আমাদের শরীরে অজ্ঞাতে বৃদ্ধি পায়। এর প্রধান কারণ, রোগটি সম্পর্কে আমাদের অসচেতনতা। যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে আমরা অনেক মানুষকে এই রোগ থেকে বাঁচাতে পারব।’

আলোচনার শুরুতেই অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন জানান, প্রায় সব ধরনের ক্যানসারের সাধারণ বৈশিষ্ট্য আমাদের শরীরে কোষের অস্বাভাবিক, অনিয়মিত বৃদ্ধি এবং কোষবিভাজন। ক্যানসারে আক্রান্ত কোষ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এতে রোগের প্রকোপ বৃদ্ধি পায়। বিশ্বে প্রতিবছর ১ কোটি ৯৩ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ৬ লাখ ৮৪ হাজার রোগী মারা যান। বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার ক্যানসারে আক্রান্ত রোগী পাওয়া যায়। এর মধ্যে ১৩ হাজার রোগী স্তন ক্যানসারের। এই রোগে গড়ে মারা যান ৬ হাজার ৭৮০ জন।

কারা এই ক্যানসারের ঝুঁকির মধ্যে থাকেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘যদিও স্তন ক্যানসার প্রায় সম্পূর্ণরূপে নারীদের মধ্যেই ঘটে থাকে, তবে পুরুষদের স্তন ক্যানসার হওয়াও অসম্ভব নয়। চিকিৎসাবিজ্ঞানে এখন পর্যন্ত স্তন ক্যানসারের সঠিক কারণ জানা যায়নি। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ধরনের ক্যানসারের আশঙ্কা বেশি দেখা গেছে। যেমন চল্লিশোর্ধ নারীদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা বেশি, বংশগত কারণ, অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান ও শরীরে মেদ-বাহুল্যতাও অন্যতম কারণ হতে পারে।’

স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে মোফাজ্জেল হোসেন বলেন, ‘ল্যাবে পরীক্ষা না করে স্তন ক্যানসার সঠিকভাবে নির্ণয় করা যায় না। অবশ্য বিশেষ কিছু লক্ষণের বিষয়ে সজাগ থাকলে আমরা ঘরোয়াভাবে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন থাকতে পারি। স্তনের কোনো কোনো অংশ ফুলে যাওয়া, স্তনের আকার পরিবর্তন, অভ্যন্তরে কোনো পিণ্ডের অস্তিত্ব অনুভূত হওয়া, স্তন বা স্তনবৃন্তে ব্যথা, স্তনের বোঁটা বা ত্বক লালচে এবং শুষ্ক হয়ে যাওয়া, স্তন থেকে সাদা তরল (স্রাব) বা রক্তমিশ্রিত তরল বেরিয়ে আসা, বাহুর নিচে বা কণ্ঠার হাড়ের কাছে ফোলা বা মাংসপিণ্ডের উপস্থিতি দেখতে পেলে বুঝতে হবে পরীক্ষা করা দরকার।’

এই রোগে আক্রান্ত হলে প্রথমেই সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নেওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘যখন আমরা নিশ্চিত হব যে এই রোগে আক্রান্ত হয়েছি, প্রথমেই শরণাপন্ন হতে হবে চিকিৎসকের। বাংলাদেশে এখন এ রোগের উন্নত চিকিৎসা রয়েছে। ক্যানসারের বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপ অনুযায়ী স্তন ক্যানসারেরও চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। স্তন ক্যানসার হলে সবাই অস্ত্রোপচারে যেতে চান না। পুরো স্তন কেটে ফেলে দেওয়ার যে ভীতিটি আছে, সেটা আমাদের দেশ আরও ১৫-২০ বছর আগেই পার হয়ে এসেছে। ক্যানসার-কোষ যেন সারা শরীরে ছড়িয়ে যেতে না পারে, সে জন্য এই অপারেশনটি লাগে। অপারেশনের পর স্তন পুনঃস্থাপন করা হয়ে থাকে। এতে ভয়ের কোনো কারণ নেই।’

কেমোথেরাপির কারণে একজন রোগীর মৃত্যু হতে পারে—এমন ভাবনা অনেকেরই থাকে। সেই ভাবনার জায়গা থেকে ডা. মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘কেমোথেরাপির কাজ হলো ক্যানসারের কোষগুলোকে মেরে ফেলা। এ কাজটি করার সময় শরীরের অন্যান্য স্বাভাবিক কিছু কোষও মেরে ফেলে। ফলে রোগীর জ্বর, মুখে ঘা, চুল পড়ে যাওয়ার মতো উপসর্গগুলো দেখা যায়। বর্তমানে চুল পড়া ছাড়া বাকি উপসর্গগুলো প্রতিরোধ করা গেছে।’

ক্যানসারের চিকিৎসা, ওষুধ এবং বাংলাদেশে চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি জানান, কেমোথেরাপির ওষুধ আগে ব্যয়বহুল ছিল। এখন দাম কমেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ওষুধের দাম কম। সমস্যা হচ্ছে, বাংলাদেশে কোনো ক্যানসার চিকিৎসাবিমা নেই, ক্যানসারের চিকিৎসার খরচ সব নিজেকেই বহন করতে হয়। তখন এটা ব্যয়বহুল মনে হয়। আগে ক্যানসার হলেই চিকিৎসা নিতে সবাই দেশের বাইরে যেত। বর্তমানে ক্যানসারের চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীরা এই রোগের সেবা নিতে পারছেন।