দাঁতের যত্নের বেলায় নিজের অজান্তে এসব ভুল করছেন না তো? (প্রথম পর্ব)
দাঁতের যত্ন আমরা কমবেশি সবাই নিই। কিন্তু এই যত্নেও ফাঁক থেকে যায়। আমরা ভাবি, নিয়মকানুন তো ঠিকই মানছি, আমার দাঁতে কেন সমস্যা হবে। তবে আদতেই কি আপনি সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিচ্ছেন? দাঁতের যত্নের বেলায় নিজের অজান্তে যেসব ভুল আমরা করি, তা জেনে নিন। সঙ্গে মনে রাখুন সঠিক নিয়মগুলো...
১. গায়ের জোরে দাঁত ব্রাশ করা
অনেকেই মনে করি, প্রচণ্ড চাপ বা শক্তি দিয়ে ব্রাশ করলে দাঁত ঠিকভাবে পরিষ্কার হয়। এটা কিন্তু দাঁতের জন্য বিপজ্জনক! বয়ে আনতে পারে ভয়াবহ ফল। গায়ের জোরে ব্রাশ করলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে, মাড়ির ক্ষতি হওয়ার সঙ্গে নড়ে যেতে পারে দাঁত। এমনকি নড়বড়ে হলে দাঁত পড়েও যেতে পারে। সময় থাকতে সাবধান না হলে দাঁতের মাঢ়ি ক্ষয়ে গিয়ে স্নায়ু বেরিয়ে আসে। দীর্ঘদিন এমন চলতে থাকলে দাঁতে ঠান্ডা–গরমের সংবেদনশীলতা সৃষ্টি হয়। জোরে ব্রাশ করার ফলে দাঁত যদি মাড়ি থেকে সরে গেছে মনে হয় তাহলে সাধারণ দুটি প্রক্রিয়ায় দাঁত সুরক্ষিত রাখা সম্ভব। প্রথম নিয়ম হলো, দাঁতের ওপর–নিচে সঠিকভাবে ব্রাশ করা। দাঁতের ভেতরে–বাইরে এবং ওপরে–নিচে সমানভাবে পরিষ্কার রাখা। দ্বিতীয় নিয়ম হলো, একটু থেমে থেমে ধীরে ব্রাশ করলে দাঁত ও মাড়ির ওপর সমান চাপ পড়ে এবং সঠিকভাবে পরিষ্কার হয়। পাশাপাশি এই অভ্যাস জোরে ব্রাশ করার প্রবণতা কমিয়ে দেয়।
২. অতিরিক্ত সময় নিয়ে ব্রাশ করা
আমরা জানি, দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত। তবে মনে রাখতে হবে, দুই মিনিটের বেশি সময় ব্রাশ করা ক্ষতিকর। জার্নাল ফর ডেন্টাল হাইজিনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ৪৫ সেকেন্ড ধরে দাঁত ব্রাশ করার চেয়ে ১২০ সেকেন্ড ধরে দাঁত ব্রাশ করলে দাঁতের প্লাক দূর হয় ২৬ শতাংশ বেশি।
৩. বেশি পুরোনো টুথব্রাশ ব্যবহার করা
ব্রাশের ব্রিসল বাঁকা হয়ে গেলে দ্রুত নতুন ব্রাশ ব্যবহার করুন। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন (এডিএ) তিন–চার মাস পরপর টুথব্রাশ পাল্টানোর পরামর্শ দেয়। কিন্তু খুব অল্প সময়ে ব্রিসল নষ্ট হতে শুরু করলে কী করা? সেটাও খুব দ্রুত ফেলে দিন, নতুন একটা ব্যবহার করুন। টুথব্রাশের উপরিভাগের ব্রিসল যত বেশি বাঁকা, ব্রাশ ঠিক ততটাই অকেজো। তাই ব্রাশের হালহকিকত খেয়াল করুন।
৪. টুথব্রাশ সঠিকভাবে সংরক্ষণ না করা
ব্রাশ ব্যবহারের পর যত্রতত্র রাখছেন কি? অথবা খোলা স্থানে রাখছেন না তো? নাকি দুটোই করছেন? ব্রাশ যত্রতত্র ফেলে রাখা কিংবা খোলা স্থানে রাখা বিপজ্জনক। এডিএর মতে, টুথব্রাশ ব্যবহারের পর তা শুকিয়ে ব্রাশের ব্রিসলের অংশটা ওপরের দিকে রেখে সংরক্ষণ করতে হয়। টুথব্রাশ খোলা স্থানে রাখলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আক্রমণ করে। তাই ব্রাশ রাখুন ড্রয়ার বা কনটেইনারে।
৫. খুব শক্ত ব্রিসলের ব্রাশ দিয়ে দাঁত মাজা
অনেকে মনে করেন, শক্ত ব্রিসলের টুথব্রাশ দাঁতের ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করতে পটু। আদতে এ ধরনের শক্ত ব্রাশ দাঁতের শত্রু। এসব ব্রাশ মাড়ি থেকে দাঁত সরিয়ে ফেলে। সব সময় নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করলে দাঁতের ক্ষতি তুলনামূলক কম। এসব ব্রাশ দাঁত ভালোভাবেই পরিষ্কার করে এবং দাঁত সুরক্ষায় জুতসই।