ঠান্ডা পানীয় ও টকজাতীয় জুস খেলে কি দাঁতের ক্ষতি হয়

গরমে প্রাণ জুড়াতে আমরা অনেকে প্রায়ই শরবত খেয়ে থাকিছবি: পেক্সেলস

গরমে প্রাণ জুড়াতে আমরা অনেকে প্রায়ই কোল্ড ড্রিংকস, লেবুর শরবত, কমলা বা আনারসের জুস খেয়ে থাকি। তৃষ্ণা মেটে, কিন্তু এ ধরনের পানীয় দাঁতের জন্য বেশ ক্ষতিকর। কারণ, কোল্ড ড্রিংকস ও বেশির ভাগ ফলের জুসে থাকে চিনি এবং সাইট্রিক, ফসফরিক বা কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড দাঁতের ওপরের শক্ত আবরণ এনামেলকে নরম ও ক্ষয় করে ফেলে।

যেসব জটিলতা

  • নিয়মিত অ্যাসিডের সংস্পর্শে দাঁতের ক্ষয়প্রতিরোধক আবরণ ধীরে ধীরে পাতলা হয়ে যায়। দাঁতের প্রান্ত স্বচ্ছ দেখায়। ভেতরের হলদে আবরণ বেরিয়ে পড়ে। দন্তক্ষয়ের প্রবণতা বেড়ে যায়।

  • ঠান্ডা, গরম বা মিষ্টি খাবারে তীব্র শিরশির অনুভূতি হয়। অনেক সময় সাধারণ বাতাসেও দাঁত ব্যথা করে।

  • মাড়ির সমস্যা দেখা দেয়। যেমন মাড়ির প্রদাহ এবং দীর্ঘ মেয়াদে জিনজিভাইটিস ও পেরিওডন্টাল ডিজিজের ঝুঁকি বাড়ে।

  • ক্ষয়ের কারণে দীর্ঘ মেয়াদে দাঁতের কামড়ানোর তল ক্ষতি হয়ে ছোট হয়ে যায়। সামনের দাঁত পাতলা ও খাঁজকাটা হয়ে অসুন্দর হয়ে যেতে পারে।

করণীয়

  • মিষ্টি বা ঠান্ডা পানীয় খাওয়ার পরপরই সাধারণ পানি দিয়ে ভালোভাবে কুলি করুন। এতে অ্যাসিড ও চিনি ধুয়ে যায় এবং মুখের পিএইচ স্বাভাবিক হয়।

  • খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করলে দাঁতের ক্ষয় আরও বাড়ে। অ্যাসিডিক খাবার খাওয়ার পর এক ঘণ্টা অপেক্ষা করুন। যাতে লালা স্বাভাবিকভাবে অ্যাসিড ধুয়ে এনামেল আবার শক্ত করতে পারে। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ও নরম ব্রাশ ব্যবহার করুন।

মিষ্টি বা ঠান্ডা পানীয় খাওয়ার পরপরই সাধারণ পানি দিয়ে ভালোভাবে কুলি করুন
ছবি: প্রথম আলো
  • স্ট্র দিয়ে খেলে তরল দাঁতের সংস্পর্শে কম আসে। স্ট্র মুখের পেছনের দিকে রাখুন।

  • ঘন ঘন চুমুক দিয়ে দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা পানীয় পান, জোরে ব্রাশ এবং রাতে ঘুমানোর আগে অ্যাসিডযুক্ত পানীয় পান করা যাবে না।

  • লালা বাড়াতে চিনিমুক্ত চুইংগাম চিবাতে বা বেশি পানি খেতে পারেন। লালা প্রাকৃতিকভাবে অ্যাসিড নিরপেক্ষ করে।

মনে রাখবেন তৃষ্ণা মেটাতে সবচেয়ে উপযুক্ত ও উপকারী তরল হলো বিশুদ্ধ স্বাভাবিক তাপমাত্রার পানি।

ডা. সৈয়দ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

আরও পড়ুন