হাড় ক্ষয় বিষয়ে সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় মানে শরীরের হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এতে হাড় অনেকটা মৌচাকের মতো ছিদ্র ছিদ্র বা ফুলকো হয়ে যায়। অতি অল্প আঘাতে এই দুর্বল হাড়ের দ্রুত ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি। এমনকি তেমন কোনো আঘাত ছাড়াও মারাত্মক হাড় ক্ষয়ে হাঁচি–কাশি দিলেও তা ভেঙে যেতে পারে।

৫০ বছর পেরোনোর পর হাড় ক্ষয় দ্রুতলয়ে হতে থাকে। যাঁদের হাড় ক্ষয়ের ঝুঁকি আগে থেকে বিদ্যমান, তাঁদের ৫০–এর আগেও শুরু হয়ে যায় এই প্রক্রিয়া। যেমন নারীদের মেনোপজের পর হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায়।

যাঁদের হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি

বয়স বৃদ্ধি, স্ত্রী লিঙ্গ, জিনগত ত্রুটি, অস্ত্রোপচারের কারণে ডিম্বাশয় না থাকা বা সময়ের আগেই মেনোপজ হয়ে যাওয়া, পুরুষ বা নারীর যৌন হরমোনের অভাব বা হাইপোগোনাডিজম, অতি খর্বাকৃতি, ভিটামিন ডির ঘাটতি, ধূমপান, অপুষ্টি, অতিরিক্ত চা, কফি, চকলেট গ্রহণের অভ্যাস, খাদ্যে বা বাতাসে ভারী ধাতুদূষণ, কোমল পানীয় ও মদ্যপান, দীর্ঘদিনের অচলাবস্থা বা শয্যাশায়ী রোগী, যাঁরা দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবন করেন, তাঁদের অস্টিওপরোসিসের ঝুঁকি বেশি। অন্যান্য হরমোনজনিত রোগ যেমন হাইপারথাইরয়িডিজম, হাইপারপ্যারাথাইরয়িডিজম, কুসিং সিনড্রোম, ডায়াবেটিস, অ্যাডিসন রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই ও কিডনি অকার্যকারিতা ইত্যাদি থাকলে হাড় ক্ষয় বেশি হয়।

উপসর্গ

প্রথমত, হাড় ক্ষয়ের তেমন কোনো শারীরিক লক্ষণ না-ও থাকতে পারে। সাধারণত হঠাৎ হাড় ভেঙে যাওয়াই এর প্রধান উপসর্গ। কারও কারও দৈহিক উচ্চতা কমে যায়, কুঁজো হয়ে যাওয়া বা সামনে ঝুঁকে থাকার সমস্যা দেখা দেয়। সংগোপনে মেরুদণ্ডে ফাটল বা চিড় ধরার কারণে কারও তীব্র কোমরব্যথা হতে পারে।

চিকিৎসা

প্রধান ও প্রথম পদক্ষেপ হলো ঝুঁকি শনাক্তকরণ, আর সম্ভব হলে তা রোধ করা। কিছু ওষুধ আছে যেগুলো চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা যেতে পারে। আগেভাগেই রোধ করার জন্য সচেতন হতে হবে। কারা কতটুকু ঝুঁকিতে আছেন বা কারা ইতিমধ্যেই হাড় ক্ষয়ে ভুগছেন, তা নির্ধারণ করতে হবে ও উপযোগী চিকিৎসা নির্বাচন ও প্রয়োগ করতে হবে।

চাই সচেতনতা

নিয়মিত ব্যায়াম করুন, এতে হাড়ের শক্তি বাড়ে। নিয়মিত পরিমাণমতো ক্যালসিয়াম ও ভিটামিন ডি-জাতীয় খাবার খান। হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি। ক্যালসিয়ামের জন্য নিয়মিত মাছ, মাংস, ডিম, দুধ ও দুধজাতীয় খাবার খান। ভিটামিন ডির ৯০ ভাগ উৎস হচ্ছে সূর্যের আলো।

তাই প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট সূর্যের আলোতে থাকুন, পাশাপাশি সামুদ্রিক মাছ খান। এতে হাড় ভালো থাকবে। ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন। ডায়াবেটিস, লিভার, কিডনি রোগ নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন বহন করবেন না। বহন করলেও দুই হাতের ভারসাম্য যেন থাকে।

  • ডা. মো. বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর