কিশোরীর চুল পড়া নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ জানুন
পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড অ্যাস্থেটিক অ্যান্ড লেজার লাউঞ্জের (ল্যাবএইড আইকনিক) চর্ম ও যৌনরোগ কনসালট্যান্ট, লেজার, বোটক্স, ফিলার ও অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ এবং অ্যাস্থেটিক মেডিসিন ও ডার্মাটো সার্জন ডা. শাহ্লা শবনম রোশনি
প্রশ্ন
আমি দশম শ্রেণির ছাত্রী, বয়স ১৫ বছর। আমার চুল আগে খুব সুন্দর ঘন, কালো ছিল। কয়েক মাস ধরে আমার চুল কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। লালচে দেখাচ্ছে। অতিরিক্ত চুল পড়া শুরু হয়েছে, আগে যা ছিল না। এখন আমার করণীয় কী? কোনো তেল বা শ্যাম্পুতে কি উপকার মিলবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
এত অল্প বয়সে চুল নিয়ে কতটা বিপাকে আছো, বর্ণনা শুনেই বুঝতে পারছি। বয়স, চুল পড়ার ধরন, রং ও গঠনের পরিবর্তন বিবেচনা করে মনে হচ্ছে, তোমার শরীরে পুষ্টির অভাব হয়ে থাকতে পারে। প্রোটিন, ভিটামিন ডি, আয়রন, মাইক্রোমিনারেলসসহ প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ না হলে চুল পড়াসহ নানা জটিলতা দেখা দেয়।
অতিরিক্ত মানসিক চাপের কারণেও এমনটি হতে পারে। এ ছাড়া ঘন ঘন ঋতু পরিবর্তনের কারণে অনেকেই ভাইরাল জ্বরে ভুগে থাকে। জ্বরে ভোগার পর কেউ কেউ এমন সমস্যার মুখোমুখি হন। আবার অনেকের ক্ষেত্রে হরমোনের ভারসাম্যহীনতা এবং দীর্ঘমেয়াদি কোনো রোগের কারণে এমনটি হতে পারে।
তোমার ক্ষেত্রে এর কোনোটি ঘটেছে কি না, মনে করে দেখো। সুচিকিৎসা নিশ্চিত করতে সবার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তুমি একজন চর্মবিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণটি জেনে নাও। এরপর সমস্যার কারণ অনুসারে চিকিৎসা গ্রহণ করলে সবচেয়ে ভালো হবে।
তবে তোমার জন্য তাৎক্ষণিক পরামর্শ হলো, শরীরে পুষ্টির চাহিদা ঠিক রাখো। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, ওমেগা-৩–জাতীয় খাবার বেশি বেশি খাও। রাত জাগবে না, ক্র্যাশ ডায়েট করবে না।
শরীরে পুষ্টির চাহিদা পূরণ না হলে কোনো শ্যাম্পু বা তেলেই আশানুরূপ ফল পাওয়া যায় না। জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস আগে নিশ্চিত করো। পাশাপাশি গোসলের আগে নারকেল তেল মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করে ১০ মিনিট পর শ্যাম্পু করে নিতে পারো। এতে কিছুটা উপকার হতে পারে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
ই–মেইল ঠিকানা: [email protected]
(সাবজেক্ট হিসেবে লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’)।
ডাক ঠিকানা: অধুনা, প্রথম আলো
১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA