স্তন ক্যানসার নিয়ে এই পাঁচ ভুল ধারণা কি আপনারও আছে

স্তন ক্যানসারের ক্ষেত্রে সতর্কতার বিকল্প নেই। এই ক্যানসার নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা চালু আছে। চলুন, তেমন কয়েকটি ভুল ধারণা সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্তন ক্যানসার সচেতনতার মাস অক্টোবরছবি: পেক্সেলস

ভুল ধারণা ১: স্তনে গুটি মানেই ক্যানসার

স্তনে নতুন কোনো গোটা হলেই দ্রুত খারাপ কিছু ধরে নেওয়াটা ঠিক নয়। স্তনে গুটি হওয়া খুবই সাধারণ ঘটনা। বেশির ভাগ গুটি ক্ষতিকরও নয়। গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত এমন কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যার কারণে স্তনে এমন গুটি তৈরি হয়, আদতে যা ক্যানসার নয়। অনেক গুটি হরমোনের মাত্রার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। আবার কখনো এসবের কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। তবে চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।

ভুল ধারণা ২: স্তন ক্যানসার মূলত বয়স্ক নারীদের হয়

বয়স বাড়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে—এটি সত্য। ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে স্তন ক্যানসার বেশি দেখা যায়। তবে এর মানে এই নয় যে কম বয়সী নারীদের স্তন ক্যানসার হতে পারে না। গবেষণার তথ্য বলছে, ৪০ বছরের কম বয়সী নারীদের মধ্যে প্রায় ৫ শতাংশ স্তন ক্যানসারের রোগী। যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসক হ্যালি মুর বলেন, ‘প্রাপ্তবয়স্ক যেকোনো বয়সেই স্তন ক্যানসার হতে পারে। বিশেষ করে পরিবারে এই রোগের ইতিহাস থাকলে বা অন্য কোনো ঝুঁকি থাকলে আশঙ্কা আরও বাড়তে পারে।’

ভুল ধারণা ৩: শুধু নারীদেরই স্তন ক্যানসার হয়

নারীদের মধ্যেই স্তন ক্যানসার বেশি দেখা যায়। তবে পুরুষদেরও স্তন ক্যানসার হতে পারে। এমনকী কোনো ঝুঁকিও না থাকলেও সেই পুরুষের স্তন ক্যানসার হতে পারে। স্তন ক্যানসারের মোট রোগীদের মধ্যে পুরুষদের সংখ্যা ১ শতাংশেরও কম। তবে প্রাথমিক লক্ষণ উপেক্ষা করলে পুরুষের চিকিৎসা নিতে দেরি হতে পারে। নারীদের মতো পুরুষদেরও যেকোনো বয়সে স্তন ক্যানসার হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের মধ্যে এই রোগ শনাক্ত হয়।

ভুল ধারণা ৪: পরিবারে কারও স্তন ক্যানসার না থাকলে ঝুঁকি নেই

আপনার রক্তের সম্পর্কের এক বা একাধিক ব্যক্তির স্তন ক্যানসার হয়ে থাকলে আপনারও এ রোগের ঝুঁকি বাড়তে পারে। এমন এক ডজনের বেশি জিন রয়েছে, যেগুলো স্তন ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। তবে পরিবারে কারও স্তন ক্যানসার না থাকলেই যে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, সেটা সত্য নয়। যে কারও স্তন ক্যানসার হতে পারে।

ভুল ধারণা ৫: স্তন ক্যানসার সব সময় গুটি দিয়ে শুরু হয়

স্তনে গুটি বা শক্ত কোনো অংশ তৈরি হওয়া স্তন ক্যানসারের অন্যতম সাধারণ লক্ষণ। তবে সব সময় এমনটি হয় না। ডা. মুর বলেন, ‘লক্ষণ হিসেবে কখনো কখনো স্তনে ব্যথা বা ফোলা ভাব দেখা দিতে পারে। বগলের নিচের লসিকাগ্রন্থিও ফুলে যেতে পারে। আবার অনেক সময় স্তন ক্যানসারের কোনো লক্ষণই দেখা যায় না।’

এ কারণেই নিয়মিত ম্যামোগ্রাম করা গুরুত্বপূর্ণ। সাধারণত ৪০ বছর বয়স থেকে নিয়মিত ম্যামোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক